ঢাকা, সেপ্টেম্বর ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঋণ দেওয়ায় অনিয়মের অভিযোগের মুখে টাকা ফেরত চেয়ে হলমার্ক গ্রুপকে চিঠি পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে সোনালী ব্যাংক কর্তৃপক্ষ।
হলমার্ক গ্রুপের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালককে দুর্নীতি দমন কমিশনে জিজ্ঞাসাবাদের এক দিন পর সোমবার এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন সোনালী ব্যাংকের পরিচালনা পর্ষদের সদস্য কাশেম হুমায়ুন।
হলমার্ক গ্রুপকে দেওয়া ঋণের অর্ধেক আগামী ১৫ দিনের মধ্যে পরিশোধের জন্য মঙ্গলবারই এই চিঠি পাঠানো হবে বলে জানান তিনি।
হলমার্ক গ্রুপকে সোনালী ব্যাংক ২ হাজার ৬৬৮ কোটি ৪০ লাখ ঋণ দিয়েছে। এর অর্ধেক অর্থের পরিমাণ ১ হাজার ৩৩৪ কোটি ২০ লাখ টাকা, যা ফেরত পেতে চিঠি পাচ্ছে আলোচিত এই প্রতিষ্ঠানটি।
কাশেম হুমায়ুন সোমবার বিকালে মতিঝিলে ব্যাংকের প্রধান কার্যালয়ে সাংবাদিকদের বলেন, “হলমার্ক গ্রুপের এমডি তানভির মাহমুদ রোববার দুদকে গিয়ে বলেছেন তিনি ব্যাংকের সব টাকা ফেরত দিয়ে দেবেন।
“তার সে কথার পরিপ্রেক্ষিতে ব্যাংকের পরিচালনা পর্ষদ মোট ২ হাজার ৬৬৮ কোটি ৪০ লাখ টাকা ঋণের অর্ধেক আগামী ১৫ দিনের মধ্যে নগদে ফেরত দিতে তাকে মঙ্গলবার আনুষ্ঠানিক চিঠি দেওয়া হবে,” বলেন কাশেম।
তিনি জানান, হলমার্ক গ্রুপকে দেওয়া ঋণের বাকি অর্ধেক টাকা প্রতিষ্ঠানটির সম্পদ জামানত হিসেবে সোনালী ব্যাংকের জিম্মায় নিয়ে আসা হবে।
কাশেম হুমায়ুন বলেন, “ইতোমধ্যেই হলমার্ক গ্রুপের কাছ থেকে ২৭৭ কোটি টাকা আদায় করা হয়েছে। একইসঙ্গে ৪৭ একর জমি মর্টগেজ (বন্ধক) হিসেবে রাখা আছে।”
হলমার্ক এমডি তানভির রোববার বলেছিলেন, “ব্যবসার জন্য সোনালী ব্যাংক থেকে ২৬শ কোটি টাকা ঋণ নিয়েছি। যথাসময়ে তা পাই টু পাই পরিশোধ করা হবে।”
ঋণ দেওয়ায় অনিয়মের অভিযোগে সোনালী ব্যাংকের প্রায় ২০ জন কর্মকর্তাকে ইতোমধ্যে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তবে তানভির দাবি করেছেন, তার ঋণ নেওয়ার ক্ষেত্রে কোনো ধরনের অনিয়ম ছিল না।
রোববার দুর্নীতি দমন কমিশনের জিজ্ঞাসাবাদের মুখোমুখি হয়েছিলেন হলমার্ক গ্রুপের চেয়ারম্যান জেসমিন ইসলামও। ডাকা হয় প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (জিএম) তুষার আহমেদকেও।
সম্প্রতি বাংলাদেশ ব্যাংকের এক প্রতিবেদনে হলমার্ককে ঋণ দেওয়ার ক্ষেত্রে সোনালী ব্যাংকের অনিয়মের বিষয়টি উঠে এলে দুর্নীতি দমন কমিশন এর তদন্ত শুরু করে।
হলমার্ক গ্রুপের সঙ্গে প্রধানমন্ত্রীর উপদেষ্টা সৈয়দ মোদাচ্ছের আলীর সম্পৃক্ততার কথাও বিভিন্ন সংবাদপত্রে ছাপা হয়েছে। তাকেও জিজ্ঞাসাবাদের ইঙ্গিত দিয়েছে দুর্নীতি দমন কমিশন।
বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদনে বলা হয়েছে, কতিপয় কর্মকর্তার যোগসাজশে নিয়ম ভেঙে সোনালী ব্যাংকের রূপসী বাংলা শাখা থেকে হলমার্ক গ্রুপ ওই অর্থ তুলেছে। তাদের সঙ্গে আরো পাঁচটি প্রতিষ্ঠান মিলে তুলেছে ৩ হাজার ৬০৬ কোটি ৪৮ লাখ টাকা।
এই ঋণ বিতরণে অনিয়মের অভিযোগ তুলে কেন্দ্রীয় ব্যাংক সোনালী ব্যাংকের পরিচালনা পর্ষদ ভেঙে দিতেও অর্থমন্ত্রীর কাছে সুপারিশ পাঠায়, যা নিয়ে মন্ত্রী ও কেন্দ্রীয় ব্যাংক বিতর্কেও জড়িয়ে পড়ে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরএইচ/এমআই/১৮৪১ ঘ.
bdnews24