২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিশ্ব ব্যাংককে ফেরাতে চীনও চেষ্টায়

ঢাকায় চীনের রাষ্ট্রদূত বলেছেন, তারা তাদের পদ্ধতিতে বিশ্ব ব্যাংকে বাংলাদেশকে সহযোগিতা করছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Sep 2012, 03:31 PM

Updated : 24 Aug 2022, 12:02 PM

ঢাকা, সেপ্টেম্বর ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পদ্মা সেতু প্রকল্পে বিশ্ব ব্যাংককে ফিরিয়ে আনতে চীনের পক্ষ থেকেও তৎপরতা রয়েছে বলে জানিয়েছেন ঢাকায় দেশটির রাষ্ট্রদূত লি জুন। বহুল আলোচিত এই প্রকল্পে বিশ্ব ব্যাংককে ফিরিয়ে আনতে সরকারের প্রচেষ্টার মধ্যে রোববার একথা জানালেন তিনি। চীনের রাষ্ট্রদূত দূতাবাসে সাংবাদিকদের বলেন, “আমরা আমাদের পদ্ধতিতে বিশ্ব ব্যাংকে বাংলাদেশকে সহযোগিতা করছি।” বিশ্ব ব্যাংকের সিদ্ধান্তে চীন দুঃখিত জানিয়ে তিনি বলেন, “চীন আশা করে বিশ্ব ব্যাংক এ প্রকল্প আবার বিবেচনা করবে এবং পদ্মা সেতু নির্মিত হবে।” যেই পরামর্শক নিয়োগে দুর্নীতির অভিযোগ তুলে বিশ্ব ব্যাংক পদ্মা সেতু প্রকল্পে ১২০ কোটি ডলারের ঋণচুক্তি বাতিল করে, সেই নিয়োগের ক্ষেত্রে প্রাকযোগ্য পাঁচটি প্রতিষ্ঠানের দুটি ছিল চীনের। গত ২৯ জুন বিশ্ব ব্যাংক পদ্মা প্রকল্প থেকে সরে যাওয়ার ঘোষণা দিলে ২৯১ কোটি ডলারের বহু প্রতীক্ষিত এই সেতুর নির্মাণকাজ অনিশ্চিত হয়ে পড়ে। দুর্নীতির অভিযোগ তুলে চারটি শর্ত দিয়েছিল বিশ্ব ব্যাংক। সেগুলো পূরণ হয়নি জানিয়ে ঋণচুক্তি বাতিল করে তারা। তবে চুক্তি বাতিলের পর যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেন পদত্যাগ করেন এবং সেতু বিভাগের সচিব মোশাররফ হোসেন ভুঁইয়াকে ছুটিতে পাঠানো হয়। এরপর সমঝোতার জন্য বিশ্ব ব্যাংকের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে সরকার। সরকারের এই আলোচনার সফলতা আশা করেছেন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ড্যান মজিনাও। গভীর সমুদ্র বন্দর চীনের রাষ্ট্রদূত বলেন, বঙ্গোপসাগরে গভীর সমুদ্রবন্দর নির্মাণে তার দেশ প্রস্তুত। কিন্তু বাংলাদেশ সরকারের পক্ষ থেকে এখনো কোনো সাড়া পাওয়া যায়নি। জুন বলেন, “আমি এদেশে ছয়মাস ধরে আছি। কিন্তু পরিষ্কার কোনো সঙ্কেত এখনো পাইনি। প্রত্যেকেই এটাকে গুরুত্বপূর্ণ বললেও আমি মূর্ত কোনো পদক্ষেপ দেখিনি।” কয়েকটি চীনা কোম্পানি প্রকল্পের বিষয়ে আগ্রহ দেখিয়ে বাংলাদেশে তাদের কার্যালয় স্থাপন করেছে জানিয়ে তিনি বলেন, “তারা সরকারের পক্ষ থেকে সঙ্কেতের অপেক্ষায় রয়েছে।” বাংলাদেশে বর্ধমান বাণিজ্য ব্যবস্থাপনার প্রয়োজনে সরকার সোনাদিয়ায় একটি গভীর সমুদ্রবন্দর স্থাপনের পরিকল্পনা করেছে। রাষ্ট্রদূত জানান, বাংলাদেশের সঙ্গে কৌশলগত অংশীদারিত্ব জোরদার করতে চীনা কমিউনিস্ট পার্টির একজন প্রভাবশালী সদস্য এ মাসের তৃতীয় সপ্তাহে ঢাকা সফর করতে পারেন। তিনি আরো বলেন, চীনা কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির পলিটব্যুরোর স্থায়ী কমিটির সদস্য ঝোউ ইয়ংক্যাং ঢাকা সফরের সময় সরকারের সঙ্গে দ্বিপাক্ষিক বিষয়ে আলোচনা করবেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএসজেড/এইচএএইচ/এমআই/২১২৮ ঘ.