নয়া দিল্লি, অগাস্ট ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ক্ষুদ্র বিনিয়োগকারীদের কাছ থেকে সংগ্রহ করা ৩০০ কোটি ডলারের বেশি অর্থ ফেরত দিতে ভারতের ব্যবসায়ী গ্রুপ সাহারাকে নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট।
সাহারার অর্থ সংগ্রহ পুঁজিবাজারের বিধিবিধান মেনে করা হয়নি বলে আগের দেওয়া নির্দেশনাকে বহাল রেখে শুক্রবার ভারতের সর্বোচ্চ আদালত এই আদেশ দেয়।
ভারতীয় ক্রিকেট দলের সবচেয়ে বড় স্পন্সর সাহারা ইন্ডিয়া পরিবার বাংলাদেশেও বিনিয়োগের পরিকল্পনা করছে। গ্রুপ চেয়ারম্যান সুব্রত রায় সাহারা কয়েক মাস আগে ঢাকা সফর করে সরকারের সঙ্গে আবাসন খাতে বিনিয়োগের চুক্তিও করে।
২০০৮ ও ২০১১ সালের মধ্যে সাহারা দুটি অতালিকাভুক্ত কোম্পানি বিকল্পভাবে সম্পূর্ণ রূপান্তরযোগ্য এক ঋণপত্রের মাধ্যমে ২২০ লাখ ক্ষুদ্র বিনিয়োগকারীর কাছ থেকে সর্বমোট ১৭ হাজার ৭০০ কোটি ভারতীয় রুপি সংগ্রহ করে।
সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অব ইন্ডিয়া (এসইবিআই) ওই অর্থ সংগ্রহের প্রক্রিয়া এর বিধানের সঙ্গে সঙ্গতিহীন ধরা পরার পর গত বছর এ কোম্পানিগুলোকে ১৫ শতাংশ বার্ষিক সুদসহ পুরো অর্থ ফেরত দেওয়ার নির্দেশ দেয়।
এর বিরুদ্ধে সাহারা আপিল করলে আপিল বিভাগের একটি বেঞ্চ নিয়ন্ত্রক সংস্থার ওই আদেশই বহাল রাখে।
অর্থ সংগ্রহ ছিল একটি বেসরকারি প্লেসমেন্ট, যা পাবলিক ইস্যুর জন্য বিধান দ্বারা পরিচালিত নয়- সাহারা গ্রুপ এমন যুক্তি দেখালেও এসইবিআই বলেছে, প্রাইভেট প্লেসমেন্ট সর্বোচ্চ ৫০ জন বিনিয়োগকারীর মধ্যে সীমাবদ্ধ রাখার নিয়ম চালু থাকায় আইন লঙ্ঘন করেছে কোম্পানিটি।
এসইবিআইয়ের প্রতিনিধিত্বকারী দুই আইনজীবী বলেন, পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থার গত বছরের দেওয়া আদেশ কার্যকর ঘোষণা করে সুপ্রিম কোর্ট বিনিয়োগকারীদের আমানতের ওপর ১৫ শতাংশ বার্ষিক সুদসহ পুরো অর্থ ফেরত দিতে সাহারাকে নির্দেশ দিয়েছে।
আইনজীবী পি বেনুগোপাল বলেন, তিন মাসের মধ্যে সম্পূর্ণ অর্থ ফেরত দিতে সাহারাকে আদেশ নিয়েছে আদালত এবং এই প্রক্রিয়া তত্ত্বাবধানের জন্য একজন অবসরপ্রাপ্ত বিচারপতিকে নিয়োগ দিয়েছে।
তিনি রয়টার্সকে বলেন, “আজকের দেওয়া সুপ্রিম কোর্টের রায় যুগান্তকারী যা বিনিয়োগকারীদের যথেষ্ট সুরক্ষা দেবে।”
সুব্রত রায় সাহারা প্রতিষ্ঠিত সাহারা গ্রুপ এক দশকের বেশি সময় ধরে ভারতীয় ক্রিকেট দলের স্পন্সর হিসেবে আছে। তারা দেশের ফিল্ড হকি দলেরও স্পন্সর এবং ফর্মুলা ওয়ান অটো রেসিং দল ফোর্স ইন্ডিয়ার অন্যতম মালিক।
গত মাসে সাহারা ৫ হাজার ৭০০ মিলিয়ন ডলারের বিনিময়ে নিউইয়র্কের যুগান্তকারী প্লাজা হোটেলের উল্লেখযোগ্য মালিকানা কিনে নিতে চুক্তিবদ্ধ হযেছে। লন্ডনের গ্রোজভেনর হাউজ হোটেলেরও মালিক সাহারা।
সাহারার আর্থিক সেবায় বিনিয়োগকারীরা সাধারণত ছোট শহর ও গ্রামীণ এলাকার, যেখানে ব্যাংকিং কার্যক্রম খুবই সীমিত।
গত বছর রয়টার্স ব্রেকিংভিউতে ভারতের ন্যাশনাল কাউন্সিল অব অ্যাপ্লাইড ইকোনোমিক রিসার্চের বরাত দিয়ে বলেছিল, দেশটির ৮১ শতাংশ গ্রামীণ খানা (পরিবার) অর্থ সঞ্চয় করে। এর মধ্যে অর্ধেক ব্যাংকে আমানত রাখে, আর ৩৬ নগদ অর্থ নিজেদের হাতে রাখে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এইচএএইচ/এমআই/১৮০০ ঘ.
bdnews24