ঢাকা, অগাস্ট ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাষ্ট্রায়ত্ত সোনালী ব্যাংকের কয়েক হাজার কোটি টাকা হাতিয়ে নেওয়ার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)।
বৃহস্পতিবার এক বিবৃতিতে সোনালী ব্যাংকের অর্থ আত্মসাতের ঘটনার নিরপেক্ষ, সুষ্ঠু ও প্রভাবমুক্ত তদন্ত করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তিরও দাবি জানায় টিআইবি।
হলমার্ক গ্রুপসহ কয়েকটি প্রতিষ্ঠান মিলে সোনালী ব্যাংক থেকে তিন হাজার ৬০৬ কোটি টাকা হাতিয়ে নেওয়ার ঘটনায় স¤প্রতি আলোড়ন সৃষ্টি হয়।
এ ঘটনায় সোমবার সোনালী ব্যাংকের পরিচালনা পর্ষদ ভেঙে দেওয়ার সুপারিশ করে অর্থ মন্ত্রণালয়ে প্রতিবেদন পাঠায় কেন্দ্রীয় ব্যাংক।
এছাড়া এ ঘটনায় জড়িত থাকার জন্য সদ্য বিদায় নেওয়া ব্যবস্থাপনা পরিচালকসহ ৩২ জন কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ারও সুপারিশ জানায় বাংলাদেশ ব্যাংক।
বিবৃতিতে টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেন, “রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংকে এরূপ অর্থ আত্মসাতের ঘটনা ব্যাংকের ব্যবস্থাপনা ও পরিবীক্ষণের কলঙ্কময় দুর্বলতা এবং অন্যদিকে ঘটনার সঙ্গে প্রভাবশালী মহলের যোগসাজশ প্রকারান্তরে রাষ্ট্রক্ষমতা করায়ত্ত করে দুর্নীতি প্রসারের আশঙ্কাজনক ইঙ্গিত বহন করছে।”
এই ঘটনার পরিপ্রেক্ষিতে বাংলাদেশ ব্যাংক ও অর্থমন্ত্রীর ‘দ্বান্দ্বিক অবস্থান’ ঘটনার সুষ্ঠু তদন্তের ক্ষেত্রে সরকারের অবস্থানকে প্রশ্নবিদ্ধ করছে উল্লেখ করে ইফতেখারুজ্জামান বলেন, “এ ঘটনা পুরো ব্যাংকিং ও আর্থিক খাতে স্বচ্ছতা, জবাবদিহিতা ও সুশাসন প্রতিষ্ঠার পথে গুরুত্বপূর্ণ প্রতিবন্ধকতার সুযোগ সৃষ্টি করবে, যার নেতিবাচক প্রভাবে পুরো অর্থনীতি অভাবনীয় ঝুঁকির সম্মুখীন হবে।”
অর্থ মন্ত্রণালয় ও বাংলাদেশ ব্যাংকের মধ্যে সমন্বয়হীনতা অবিলম্বে দূর করারও দাবি জানানো হয় এই বিবৃতিতে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এইচএএইচ/এইচএ/২০৫৯ ঘ.
bdnews24