২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সোনালী ব্যাংকে অনিয়ম সুপারিশ জানলো কেন্দ্রীয় ব্যাংক পরিচালনা পর্ষদ

সোনালী ব্যাংকের পরিচালনা পর্ষদ ভেঙে দিতে যে সুপারিশ অর্থমন্ত্রীর কাছে পাঠানো হয়েছে, তা কেন্দ্রীয় ব্যাংকের পরিচালনা পর্ষদের সদস্যদের জানানো হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Aug 2012, 11:04 AM

Updated : 24 Aug 2022, 12:01 PM

ঢাকা, অগাস্ট ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সোনালী ব্যাংকের পরিচালনা পর্ষদ ভেঙে দিতে যে সুপারিশ অর্থমন্ত্রীর কাছে পাঠানো হয়েছে, তা কেন্দ্রীয় ব্যাংকের পরিচালনা পর্ষদের সদস্যদের জানানো হয়েছে। বুধবার কেন্দ্রীয় ব্যাংকের পরিচালনা পর্ষদের বৈঠকে এই সুপারিশ উপস্থাপন করা হয় বলে জানিয়েছেন কেন্দ্রীয় ব্যাংকের মহাব্যবস্থাপক (গভর্নর সচিবালয়) এ এফ এম আসাদুজ্জামান। তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “পরিচালনা পর্ষদের সভায় সোনালী ব্যাংকের পরিচালনা পর্ষদ ভেঙে দেওয়া সংক্রান্ত চিঠিটি উপস্থাপন করা হয়েছে।” হলমার্ককে নিয়ে অনিয়মের অভিযোগে রাষ্ট্রায়াত্ত সোনালী ব্যাংকের পরিচালনা পর্ষদ ভেঙে দিতে সম্ú্রতি অর্থমন্ত্রীকে সুপারিশ করে কেন্দ্রীয় ব্যাংক। তবে কেন্দ্রীয় ব্যাংকের এই সুপারিশের এখতিয়ার নিয়ে প্রশ্ন তুলে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত মঙ্গলবার বলেছেন, “এটা তাদের দায়িত্ব নয়।” তবে এই বিষয়ে বাংলাদেশ ব্যাংকের বক্তব্য, ব্যাংক কোম্পানি অধ্যাদেশ ১৯৯১ এর ৪৬ (৬) ধারার আওতায় বাংলাদেশ ব্যাংক অর্থ মন্ত্রণালয়ে ওই প্রতিবেদন পাঠিয়েছে। অধ্যাদেশের ৪৬ (৬) ধারায় বলা আছে যে, বাংলাদেশ ব্যাংক কোনো বাণিজ্যিক ব্যাংকের চেয়ারম্যান, পরিচালক ও প্রধান নির্বাহীর কার্যক্রম সম্পর্কে সরকারের কাছে প্রতিবেদন জমা দিতে পারে এবং সরকার ওই প্রতিবেদনকে যথাযথ গুরুত্বের সঙ্গে বিবেচনা করবে। সোনালী ব্যাংকের ৩ হাজার ৮০০ কোটি টাকা দুর্নীতির তথ্য বেরিয়ে এসেছে। কেন্দ্রীয় ব্যাংক বলেছে, এই অনিয়মের ধরন খুবই গুরুতর এবং এটা বিশ্বাসযোগ্য নয় যে, এই ধরনের দুর্নীতি পরিচালনা পর্ষদের নজরে আসেনি। নিরীক্ষার মাধ্যমে বাংলাদেশ ব্যাংক বলেছে, সোনালী ব্যাংকের রূপসী বাংলা হোটেল (সাবেক শেরাটন হোটেল) শাখা থেকে ২০১০-২০১২ সময়ে মোট ৩ হাজার ৫৪৭ কোটি টাকা জালিয়াতির মাধ্যমে আত্মসাৎ করা হয়েছে। এর মধ্যে হলমার্ক গ্রুপ একাই আত্মসাৎ করেছে ২ হাজার ৬৮৬ কোটি ১৪ লাখ টাকা। এছাড়া এই ব্যাংকের গুলশান ও আগারগাঁও শাখা থেকেও ১৪০ কোটি টাকা করে ঋণ দেওয়া হয়েছে, যা তাদের ঋণসীমার অনেক বেশি। কেন্দ্রীয় ব্যাংকের পরিচালনা পর্ষদের সভায় এই ধরনের অনিয়ম রোধে ব্যাংকগুলোর পরিচালনা পর্ষদকে আরো সতর্ক থাকার তাগিদ দেওয়া হয়। সভায় বাংলাদেশ ব্যাংকের ২০১১-২০১২ অর্থবছরের বার্ষিক হিসাব অনুমোদিত হয়। মহাব্যবস্থাপক আসাদুজ্জামান বলেন, ২০১১-১২ অর্থবছরে বাংলাদেশ ব্যাংক সাড়ে ৩ হাজার কোটি টাকা মুনাফা করেছে। এই অর্থ সরকারি কোষাগারে জমা হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরএইচ/এমআই/১৬৫৯ ঘ.