২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অর্থ পাচার: ডেসটিনির পরিচালক ‘ম্যাক আজাদ’ কারাগারে

অর্থ পাচারের এক মামলায় এমএলএম কোম্পানি ডেসটিনি ২০০০ এর পরিচালক আবুল কালাম আজাদ ওরফে ম্যাক আজাদকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে ঢাকার একটি আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Aug 2012, 12:45 PM

Updated : 24 Aug 2022, 12:00 PM

ঢাকা, অগাস্ট ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অর্থ পাচারের এক মামলায় এমএলএম কোম্পানি ডেসটিনি ২০০০ এর পরিচালক আবুল কালাম আজাদ ওরফে ম্যাক আজাদকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে ঢাকার একটি আদালত। গত ৩১ জুলাই আবুল কালাম আজাদসহ মোট ২২ কর্মকর্তার বিরুদ্ধে ১১শ ৭৮ কোটি টাকা পাচারের অভিযোগে রাজধানীর কলাবাগান থানায় এ মামলা করা হয়। মঙ্গলবার পল্টন থানা পুলিশ আসামিকে আটক করে আদালতে হাজির করলে ঢাকার মুখ্য মহানগর হাকিম হাসিবুল হক শুনানি শেষে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এ সময় দুর্নীতি দমন কমিশনের (দুদক) উপ-পরিচালক ও মামলার তদন্ত কর্মকর্তা মোজাহার আলী সরদার আসামিকে জিজ্ঞাসাবাদের জন্য ৭ দিনের পুলিশ হেফাজতের আবেদন করেন। পরে দুদকের আইনজীবী উম্মে কুলসুম স্মৃতি আদালতকে জানান, এ মামলার প্রধান পাঁচ আসামি ডেসটিনি ২০০০ এর সভাপতি অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল হারুন-অর-রশিদ, ব্যবস্থাপনা পরিচালক মো. রফিকুল আমিন, মো. হোসেন, মো. গোফরানুল হক ও মো. সাইদ উর রহমানের জামিন বাতিলের আবেদনের জন্য মামলার মূল নথি ও প্রয়োজনীয় কাগজপত্র ঢাকার জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতে থাকায় পুলিশ হেফাজতের আবেদনের শুনানি করা সম্ভব নয়। এজন্য পুলিশ হেফাজতের শুনানির জন্য পরবর্তী তারিখ ঠিক করার আবেদন জানানো হয়। এই মামলা ছাড়াও সাড়ে তিন হাজার কোটি টাকা পাচারের অভিযোগে ওই দিনই এই পাঁচ কর্মকর্তাসহ মোট ২২ কর্মকর্তার বিরুদ্ধে আরো একটি মামলা করে দুদক। ডেসটিনি মাল্টিপারপাস কো-অপারেশন ও ট্রি-প্ল্যানটেশন প্রকল্পের নামে গ্রাহকদের কাছ থেকে সংগৃহীত অর্থ পাচারের প্রমাণ পেয়ে দুদকের উপ-পরিচালক মো. মোজাহার আলি সরদার ও সহকারি পরিচালক মো. তৌফিকুল ইসলাম মুদ্রা পাচার প্রতিরোধ আইনে মামলা দুটি করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/এইচএএইচ/এইচএ/১৮৪০ ঘ.