ঢাকা, অগাস্ট ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গ্রামীণ ব্যাংক আইন সংশোধনের মাধ্যমে সরকার প্রতিষ্ঠানটি ধ্বংসের উদ্যোগ নিয়েছে দাবি করে উদ্বেগ প্রকাশ করেছেন বিভিন্ন শ্রেণী-পেশার নেতৃস্থানীয় ৬৫ ব্যক্তি।
রোববার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তারা এই উদ্বেগ প্রকাশ করেন। একদিন আগেই আরেকটি বিবৃতিতে সরকারের পদক্ষেপের পক্ষে বিবৃতি দিয়েছিলেন ৫১ জন বিশিষ্ট ব্যক্তি।
সরকারের পদক্ষেপের সমালোচনা করে বিবৃতিদাতারা হলেন- ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক এমাজ উদ্দিন আহম্মেদ ও অধ্যাপক মনিরুজ্জামান মিয়া, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক মুস্তাহিদুর রহমান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপ-উপাচার্য অধ্যাপক আ ফ ম ইউসুফ হায়দার, কৃষি বিশ্ববিদ্যালয়ের সাবেক উপ-উপাচার্য অধ্যাপক শাহ মোহাম্মদ ফারুক।
বিবৃতিদাতাদের মধ্যে রয়েছেন- বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান খন্দকার মাহবুব হোসেন, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি জয়নাল আবেদীন, সাবেক সম্পাদক বদরুদ্দোজা বাদল, বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদের আহ্বায়ক মাহমুদুর রহমান, বিএফইউজের সভাপতি রুহুল আমীন গাজী ও সাধারণ সম্পাদক শওকত মাহমুদ, জাতীয় প্রেসক্লাবের সভাপতি কামাল উদ্দিন সবুজ ও সাধারণ সম্পাদক সৈয়দ আবদাল আহাম্মেদ, বিএমএ’র সাবেক সভাপতি এম এ মাজেদ প্রমুখ।
বিবৃতিতে বলা হয়, “আমরা উদ্বেগের সাথে লক্ষ্য করছি যে, সরকার এবং সরকার প্রধান প্রতিহিংসার বশবর্তী হয়ে গ্রামীণ ব্যাংক নিয়ন্ত্রণের নামে ধ্বংসের উদ্যোগ নিয়েছে, যা অত্যন্ত উদ্বেগজনক।
“গ্রামীণ ব্যাংকের মাধ্যমেই দেশে নারীর ক্ষমতায়নের একটি উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপিত হয়েছে। মুহাম্মদ ইউনূস যখন ব্যাংকটি সুপ্রতিষ্ঠিত করেছেন, ঠিক সেই মুহূর্তে বর্তমান সরকারের প্রতিহিংসার রোষানলে জনগণের মালিকানা নিয়ে এই ব্যাংকের ভবিষ্যৎ নিয়ে দেশ ও সমাজের অন্যদের মত আমরাও শঙ্কিত।”
গ্রামীণ ব্যাংক আইন সংশোধন বাতিল করতে বিবৃতিতে সরকারের কাছে অনুরোধ জানানো হয়।
সরকারের পক্ষে শনিবার বিবৃতি দিয়েছিলেন অধ্যাপক জিল্লুর রহমান সিদ্দিকী, শিল্পী কাইয়ূম চৌধুরী, কথাসাহিত্যিক সৈয়দ শামসুল হক, শিল্পী হাশেম খান, বাংলা একাডেমীর মহাপরিচালক শামসুজ্জামান খান প্রমুখ।
ওই বিবৃতিতে তারা বাংলাদেশের ওপর অবাঞ্ছিত চাপ প্রয়োগের ক্ষেত্রে গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ ইউনূসের প্ররোচনা থাকার অভিযোগ আনেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআই/এমআই/২২০৮ ঘ.
bdnews24