২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘গ্রামীণ ব্যাংকে এমডি নিয়োগে এক সপ্তাহের মধ্যে সার্চ কমিটি’

সার্চ কমিটিতে গ্রামীণ ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ ইউনূসকে রাখা হবে না বলেও জানিয়েছেন অর্থমন্ত্রী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Aug 2012, 06:38 AM

Updated : 24 Aug 2022, 11:58 AM

ঢাকা, অগাস্ট ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গ্রামীণ ব্যাংকে ব্যবস্থাপনা পরিচালক (এমডি) নিয়োগের জন্য এক সপ্তাহের মধ্যে সার্চ কমিটি গঠন করা হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। ওই সার্চ কমিটিতে ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ ইউনূসকে রাখা হবে না বলেও তিনি জানান। ঈদের ছুটি শেষে মন্ত্রী বুধবার সচিবালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে বলেন, “এক সপ্তাহের মধ্যে সার্চ কমিটি গঠন করা হবে। এরপর এই কমিটি এমডি নিয়োগের জন্য ‘আগ্রহপত্র’ আহ্বান করবে। পুরো নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিত করা হবে।” গ্রামীণ ব্যাংকের পরবর্তী ব্যবস্থাপনা পরিচালক নিয়োগের কমিটিতে নোবেল বিজয়ী ইউনূসকে রাখার যে প্রস্তাব এসেছে, তা প্রত্যাখ্যান করে মুহিত বলেন, সার্চ কমিটির চেয়ারম্যান হিসেবে মুহাম্মদ ইউনূসকে নিয়োগের কোনো সম্ভাবনা নেই। এই সিদ্ধান্তের পক্ষে যুক্তি দেখিয়ে তিনি বলেন, “তাকে নিয়োগ দিলে তিনি তার ইচ্ছামতো উত্তরসূরি নির্বাচন করবেন।” ‘আমার সবচেয়ে বড় কষ্ট হচ্ছে গ্রামীণ ব্যাংক যখন প্রতিষ্ঠা হয়, তখন ড. ইউনূসের কাছে এটা একটি চ্যালেঞ্জ ছিল। চ্যালেঞ্জটি আমিই তাকে দিয়েছিলাম। বলেছিলাম যে আপনি এটা প্রমাণ করেন যে, ক্ষুদ্রঋণ ব্যক্তির ওপর নির্ভরশীল নয়। ইউনূস তা প্রমাণ করেছেন। কিন্তু তিনি নিজে তা বিশ্বাস করেন না,” বলেন মুহিত। তিনি বলেন, ‘ইউনূস সার্চ কমিটির চেয়ারম্যান হতে চেয়েছিলেন। যিনি ইতোপূর্বে ব্যাংকের এমডি ছিলেন। তিনি কিছুতেই সার্চ কমিটির চেয়ারম্যান হতে পারেন না। দুনিয়ার কোথাও এমন নিয়ম নেই।’ “গ্রামীণ ব্যাংকের এমডি যিনি হবেন তিনিও ভালো চালাবেন বলে আশা করি,” বলেন মুহিত। অর্থমন্ত্রী বলেন, “গ্রামীণ ব্যাংক বাঁচাও বলে যে প্রচারণা চলছে, তা ভুয়া। তার (ইউনুস) এই ভুয়া প্রচারণার জন্য অনেকে চিঠি লিখে আক্রোশ প্রকাশ করছেন। বাংলাদেশে কিছুদিন রাষ্ট্রদূত হিসেবে থাকা একজন বিদেশি লেখক তার লেখায় সরকারের প্রতি চরম আক্রোশ প্রকাশ করেছেন।” দুই দশক আগে ঢাকায় যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করে যাওয়া উইলিয়াম বি মাইলাম সম্প্রতি ওয়াল স্ট্রিট জার্নালে প্রকাশিত এক লেখায় গ্রামীণ ব্যাংক নিয়ে সরকারের পদক্ষেপের সমালোচনা করেন। গ্রামীণ ব্যাংক ও ইউনূসের ‘পিছু লাগা’ বন্ধে বাংলাদেশকে সহযোগিতা বন্ধের হুমকি দিতে যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়নসহ উন্নয়ন সংস্থাগুলোর প্রতি আহ্বানও জানান তিনি। মুহিত বলেন, “ওই লেখক বাংলাদেশ সম্পর্কে অনেক কিছুই লিখেছেন। কিন্তু তিনি বাংলাদেশের কী জানেন? তিনি কিছুই জানেন না।” গ্রামীণ ব্যাংকের অখণ্ডতা ও কার্যকারিতা কমে যাওয়ার মতো কোনো ব্যবস্থা না নিতে বাংলাদেশ সরকারের প্রতি ওয়াশিংটনের আহ্বান প্রসঙ্গে মন্ত্রী বলেন, “এটাও ইউনূসের ভুয়া প্রচারণার কারণে। গ্রামীণ ব্যাংক নিয়ে আমাদের উদ্দেশ্য ভালো ও সৎ। এটা নিয়ে চিন্তার কারণ নেই।” অর্থমন্ত্রী ঈদের আগে গত ১৪ অগাস্ট সাংবাদিকদের বলেছিলেন, “গ্রামীণ ব্যাংকে এমডি নিয়োগের জন্য ইন্টারন্যাশনাল লেটার অব ইনটেন্ট (ইচ্ছাপত্র) আহ্বানের সিদ্ধান্ত হয়েছে। খুব শিগগিরই এটা আহ্বান করা হবে।” গত বছর প্রতিষ্ঠাতা ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ ইউনূসকে সরকার অব্যাহতি দেওয়ার পর থেকে উপ-ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ শাহজাহান গ্রামীণ ব্যাংকের ওই দায়িত্ব সামলাচ্ছেন। ইউনূসকে অব্যাহতি দেওয়া এবং এমডি নিয়োগে গ্রামীণ ব্যাংক আইন সংশোধন নিয়ে দেশে ও দেশের বাইরেও সমালোচনায় রয়েছে সরকার। বয়সসীমা অতিক্রান্ত হওয়ার কারণ দেখিয়ে ইউনূসকে অব্যাহতি দেয় কেন্দ্রীয় ব্যাংক। এর বিরুদ্ধে আইনি লড়াই চালিয়ে হেরে ইউনূস নিজেই পদত্যাগ করেন। এরপর গত ২ অগাস্ট মন্ত্রিসভা গ্রামীণ ব্যাংক আইন সংশোধনের সিদ্ধান্ত নেয়। তা অনুযায়ী এই ব্যাংকের এমডি মনোনয়ন দেবে পরিচালনা বোর্ড। তবে এক্ষেত্রে চেয়ারম্যানের সুপারিশ লাগবে। ইউনূস বলে আসছেন, সরকার মনোনীত চেয়ারম্যানের মাধ্যমে নিয়োগের মাধ্যমে গ্রামীণ ব্যাংকের নিয়ন্ত্রণ এর সদস্যদের কাছ থেকে ‘কেড়ে’ নেওয়া হচ্ছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এমআই/১৩০৭ ঘ.