২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘বেতন-ভাতা নিয়ে পোশাক শ্রমিক অসন্তোষের আশঙ্কা নেই’

ঈদের আগে বেতন-ভাতা নিয়ে পোশাক শ্রমিকদের মাঝে অসন্তোষের আশঙ্কা উড়িয়ে দিয়েছেন বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুত ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) নেতারা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Aug 2012, 01:20 PM

Updated : 24 Aug 2022, 11:57 AM

ঢাকা, অগাস্ট ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঈদের আগে বেতন-ভাতা নিয়ে পোশাক শ্রমিকদের মাঝে অসন্তোষের আশঙ্কা উড়িয়ে দিয়েছেন বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুত ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) নেতারা। তারা দাবি করেছেন, দেশের ৩০ লাখেরও বেশি পোশাক শ্রমিকের মধ্যে ৯০ শতাংশেরই বেতন- বোনাস ইতোমধ্যে পরিশোধ হয়ে গেছে। বাকীটা ঈদের আগেই পরিশোধ করা হবে। বৃহস্পতিবার বিজিএমইএ ভবনে এক সংবাদ সম্মেলনে সংগঠনের সভাপতি সফিউল ইসলাম মহিউদ্দীন বলেন, “প্রায় ৯০ শতাংশ পোশাক কারখানার শ্রমিকদের বেতন-ভাতা পরিশোধ ও ছুটি দেওয়া গেছে।” “বাকীদেরও ঈদের আগেই সমাপ্ত হয়ে যাবে,” আশা বিজিএমইএ সভাপতির। ঈদের আগে গত কয়েকদিনে নারায়নগঞ্জে বাংলাদেশ নিটওয়্যার প্রস্তুত ও রপ্তানিকারক সমিতির (বিকেএমইএ) কার্যালয়ের সামনে কয়েকটি কারখানার শ্রমিকরা বেতন ও বোনাসের দাবিতে বিক্ষোভ করেছে। এছাড়া ঢাকার আশুলিয়াতেও দেশের সবচেয়ে বড় এ রপ্তানিখাতের একাধিক কারখানার শ্রমিকদের বিক্ষোভের খবর পাওয়া গেছে। তবে এ ব্যাপারে সফিউল ইসলাম বলেন, “আমরা শ্রমিক অসন্তোষের কোনও আশঙ্কা করছি না। তাছাড়া আইন শৃঙ্খলা পরিস্থিতিও ভালো রয়েছে।” বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরবি/এইচএ/১৯১৫ ঘ.