কক্সবাজার, অগাস্ট ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-গ্রাহকের ১০০ কোটি আত্মসাতের অভিযোগে কক্সবাজারে ইউনিপে টু ইউ’র চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালকসহ ১৩ জনের বিরুদ্ধে মামলা হয়েছে।
কক্সবাজারের জ্যেষ্ঠ বিচার বিভাগীয় হাকিমের আদালতে মঙ্গলবার মামলাটি দায়ের করেন মোহাম্মদ কবির সোহেল।
বিচারক সাব্বির মাহমুদ চৌধুরী মামলাটি আমলে নিয়ে অভিযুক্তদের প্রতি সমন জারি করেছেন।
বাদী কবির সোহেল মামলার বরাত দিয়ে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, কক্সবাজার জেলার ২০ হাজার সাধারণ বিনিয়োগকারীর কাছ থেকে ১০০ কোটি টাকা হাতিয়ে নিয়ে আত্মগোপন করেছে ইউনিপে টু ইউ কর্মকর্তারা।
আসামিদের মধ্যে রয়েছেন ইউনিপে টু ইউ’র চেয়ারম্যান মো. শহিদুজ্জামান শাহিন, ব্যবস্থাপনা পরিচালক মুনতাসির হোসেন ইমন, উপদেষ্টা মঞ্জুরুল এহসান চৌধুরী, পরিচালক আবদুল মুকিত প্রমুখ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২১২৮ ঘ.
bdnews24