ঢাকা, অগাস্ট ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দেশের সবচেয়ে বড় অবকাঠামো প্রকল্প পদ্মা সেতুর বিষয়ে কোনো অগ্রগতি থাকলে তা সংবাদ সম্মেলন করে জানানো হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
রোববার রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় এক ইফতার অনুষ্ঠানে সংক্ষিপ্ত বক্তৃতায় তিনি এ কথা জানান।
মুহিত বলেন, “২ অগাস্ট পদ্মা সেতু নিয়ে আমি একটি সংবাদ সম্মেলন আহ্বান করেছিলাম। কিন্তু সেটি স্থগিত করেছিলাম। স্থগিত করার কারণ হলো ওই সময় বলার মতো কিছু ছিল না। এখনো বলার মতো কিছু আসেনি। ডেভেলপমেন্ট (অগ্রগতি) হলে যথাসময়ে সংবাদ সম্মেলন করে জানাব।”
“আজ আমার বলার কিছু নেই। আমার কাছে কোনো কাগজও নেই। পকেটে শুধু একটি কলম আছে। আপনাদের (সাংবাদিক) না দেখলেও ভালো লাগে না। আপনাদের সবাইকে দেখে ভালো লাগছে,” বলেন তিনি।
দুর্নীতির অভিযোগে বিশ্ব ব্যাংক গত ২৯ জুন পদ্মা প্রকল্পে ঋণ দেওয়ার চুক্তি বাতিল করার পর সংবাদ সম্মেলন করে মুহিত দুর্নীতির অভিযোগ প্রত্যাখ্যান করেছিলেন এবং বিশ্ব ব্যাংকের সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান জানিয়েছিলেন।
২৯০ কোটি ডলারের পদ্মা সেতু প্রকল্পে বিশ্ব ব্যাংক ১২০ কোটি ডলার দেওয়ার চুক্তি করেছিল।
বিশ্ব ব্যাংক সরে যাওয়ার পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষণা দেন, আর কেউ না এলে নিজস্ব অর্থায়নেই পদ্মা সেতু নির্মাণ করা হবে। মন্ত্রিসভার বৈঠকে এই প্রকল্পের জন্য অভ্যন্তরীণ উৎস থেকে সম্পদ সংগ্রহেরও সিদ্ধান্ত নেওয়া হয়।
পদ্মা সেতুর জন্য দেশের ভেতরে ও বাইরে অনুদান সংগ্রহের জন্য সব ব্যাংককে একাউন্ট খোলার নির্দেশ ইতোমধ্যে দিয়েছে বাংলাদেশ ব্যাংক।
তবে অর্থমন্ত্রী বিশ্ব ব্যাংককে ফেরানোর চেষ্টা চালিয়ে যাচ্ছেন। এছাড়া সরকারের পক্ষ থেকে অন্য তিন ঋণদাতা সংস্থা এডিবি, জাইকা ও আইডিবিকে এ প্রকল্পে অর্থায়নের অনুরোধ জানিয়ে আনুষ্ঠানিকভাবে চিঠি দেওয়া হয়।
এদিকে পদ্মা সেতু প্রকল্পে দুর্নীতির অভিযোগে বিশ্ব ব্যাংকের অর্থায়নের বিষয়টি ঝুলে যাওয়ার পর চলতি বছরের শুরুতে মালয়েশিয়া এই প্রকল্পে আগ্রহ প্রকাশ করে।
যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের গত এপ্রিলে কুয়ালালামপুরে মালয়শিয়ার প্রধানমন্ত্রী নাজিব রাজাকের উপস্থিতিতে একটি সমঝোতা স্মারকে সই করেন এবং গত ২৮ জুন পদ্মা সেতু নির্মাণে চূড়ান্ত চুক্তি স্বাক্ষরের লক্ষ্যে মালয়শিয়ায় পক্ষ থেকে একটি খসড়া প্রস্তাব সরকারকে দেওয়া হয়।
গত ৪ অগাস্ট মালয়শিয়ার একটি প্রতিনিধি দল ঢাকায় এসে যোগাযোগমন্ত্রী ও অর্থমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন।
বৈঠক শেষে ওবায়দুল কাদের বলেন, তিন মাসের মধ্যে মালয়শিয়া পদ্মা সেতুতে বিনিয়োগের বিষয়ে চূড়ান্ত প্রস্তাব দেবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরএইচ/এমআই/২৩৪৫ ঘ.
bdnews24