ঢাকা, অগাস্ট ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পণ্য আমদানির ক্ষেত্রে গত অর্থবছর এলসি (ঋণপত্র) খোলার পরিমাণ কমলেও বেড়েছে জ্বালানি তেলে এলসি খোলার হার।
বাংলাদেশ ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০১১-১২ অর্থবছরে জ্বালানি তেল আমদানির জন্য মোট ৪৫৯ কোটি ১৯ লাখ (৪ দশমিক ৫৯ বিলিয়ন) ডলারের এলসি খোলা হয়েছে, যা গত অর্থবছরের চেয়ে ৪৯ দশমিক ৩০ শতাংশ বেশি।
পরিশোধিত ভোজ্য তেল আমদানির এলসি বেড়েছে ১৫৭ দশমিক ৪৫ শতাংশ। এ সময়ে মোট ১৮৩ কোটি ৫৬ লাখ ডলারের ভোজ্য তেল আমদানি হয়েছে। এরমধ্যে পরিশোধিত তেল আমদানির জন্য এলসি খোলা হয়েছে ৫৩ কোটি ১৯ লাখ ডলারের।
আর অপরিশোধিত ভোজ্য তেল (ক্রুড) আমদানির জন্য ১৩০ কোটি ৩৭ লাখ ডলারের এলসি খোলা হয়েছে।
কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, ২০১১-১২ অর্থবছরে মোট তিন হাজার ৭০৩ কোটি ৫৮ লাখ (৩৭ দশমিক ০৩ বিলিয়ন) ডলারের এলসি খোলা হয়েছে, যা ২০১০-১১ অর্থবছরের চেয়ে ৪ শতাংশ কম।
অন্যান্য পণ্যের মধ্যে গত অর্থবছরে চিনি আমদানির জন্য এলসি খোলার পরিমাণ বেড়েছে ১৯ দশমিক ৪২ শতাংশ। লবণের এলসি বেড়েছে ২১ শতাংশ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরএইচ/এএল/২২৫৬ ঘ.
bdnews24