২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘এমডি নিয়োগ দিতেই গ্রামীণ ব্যাংক আইন সংশোধন’

ব্যবস্থাপনা পরিচালক নিয়োগ দেওয়ার জন্যই মন্ত্রিসভার বৈঠকে সংশোধিত ‘গ্রামীণ ব্যাংক অধ্যাদেশ’-এ চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Aug 2012, 01:17 PM

Updated : 24 Aug 2022, 11:53 AM

ঢাকা, অগাস্ট ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ব্যবস্থাপনা পরিচালক নিয়োগ দেওয়ার জন্যই মন্ত্রিসভার বৈঠকে সংশোধিত ‘গ্রামীণ ব্যাংক অধ্যাদেশ’-এ চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। সোমবার অর্থ মন্ত্রণালয়ে গ্রামীণ ব্যাংক কমিশনের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা জানান তিনি। অর্থমন্ত্রী বলেন, “অধ্যাদেশের একটাই উদ্দেশ্য, এমডি নিয়োগ দেওয়া।” বৃহস্পতিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকে ‘গ্রামীণ ব্যাংক অধ্যাদেশ (সংশোধন) ২০১২’ এর খসড়া চূড়ান্ত অনুমোদন হয়। এছাড়া গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক পদে মুহাম্মদ ইউনূসের নির্ধারিত বয়সের বেশি সময় থাকা বৈধ ছিল কি না, তাও খতিয়ে দেখা হবে বলে মন্ত্রিসভা সিদ্ধান্ত নেয়। গ্রামীণ ব্যাংক নিয়ে সরকারের এই পদক্ষেপে যুক্তরাষ্ট্র রোববার উদ্বেগ প্রকাশ করে বিবৃতি দিয়েছে। এর প্রতিক্রিয়া জানতে চাইলে কথা বলতে অনীহা প্রকাশ করে মুহিত বলেন, “নো কমেন্টস।” গ্রামীণ ব্যাংক কমিশনের সঙ্গে সোমবারের বৈঠক প্রসঙ্গে তিনি বলেন, “তাদের কাছ থেকে আমরা কী চাই, সেটাই তাদের বলা হয়েছে।” গ্রামীণ ব্যাংক ও তার সহযোগী প্রতিষ্ঠানগুলোর কার্যক্রম পর্যালোচনা করে সুপারিশ প্রণয়নের জন্য গত ১৬ মে গ্রামীণ ব্যাংক কমিশন গঠন করে সরকার। সাবেক সচিব মামুনুর রশিদের নেতৃত্বে গঠিত এ কমিশনকে গ্রামীণ ব্যাংক পরিচালনা ক্ষেত্রে দুর্বলতা ও বাধাগুলো খুঁজে বের করা, এই প্রতিষ্ঠানে সুশাসন, জবাবদিহিতা ও স্বচ্ছতা নিশ্চিত করা, গ্রামীণ ব্যাংকের লক্ষ্য-উদ্দেশ্য ও আইনি কাঠামো এবং এর সহযোগী প্রতিষ্ঠানগুলোর কর্মকাণ্ড পর্যালোচনা করা, গ্রামীণ ব্যাংকের পরিচালনা পর্ষদে সদস্য নিয়োগ প্রক্রিয়া পর্যালোচনা এবং কীভাবে এই ব্যাংকে সরকারের নিয়ন্ত্রক সংস্থাগুলোর অধীনে নেওয়া যায়- সে বিষয়ে সুপরিশ করার দায়িত্ব দেওয়া হয়েছে এই কমিশনকে। তিন মাসের মধ্যে কমিশনের প্রতিবেদন দিতে বলা হয়েছে। এদিকে গ্রামীণ ব্যাংক অধ্যাদেশ সংশোধন নিয়ে বিতর্ক অবসানে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মোশাররাফ হোসাইন ভূইঞা সোমবার সাংবাদিকদের বলেছেন, চেয়ারম্যান নন, প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদই নতুন ব্যবস্থাপনা পরিচালক নিয়োগ দেবে। তিনি বলেন, “চেয়ারম্যান বোর্ডের সঙ্গে পরামর্শ করে এমডি নিয়োগের জন্য সিলেকশন কমিটি গঠন করবেন। ওই কমিটি তিনজনের প্যানেল তৈরি করে বোর্ডের কাছে সুপারিশ করবে। আর এ সুপারিশের আলোকেই বাংলাদেশ ব্যাংকের অনুমোদন নিয়ে প্যানেল থেকে এমডি নিয়োগ করা হবে।” মুহাম্মদ ইউনূসের অতিরিক্ত সময় এমডি পদে থাকার বৈধতা প্রসঙ্গে মোশাররাফ হোসাইন বলেন, “আদালতের রায়েই তার ৬০ বছরের বেশি সময় দায়িত্বে থাকাকে অবৈধ ঘোষণা করা হয়েছে। তাই এ নিয়ে মন্ত্রিসভার কোনো পর্যবেক্ষণ নেই।” ১৯৮৩ সালে একটি সামরিক অধ্যাদেশের মাধ্যমে গ্রামীণ ব্যাংকের সূচনা হওয়ার পর থেকেই মুহাম্মদ ইউনূস এ প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্ব পালন করে আসছিলেন। অবসরের বয়সসীমা পেরিয়ে যাওয়ার বিষয়টি উল্লেখ করে ২০১১ সালে তার পদে থাকা নিয়ে প্রশ্ন তোলে কেন্দ্রীয় ব্যাংক। ওই বছর মার্চে কেন্দ্রীয় ব্যাংক যখন ইউনূসকে অব্যাহতি দেয়, তখন তার বয়স প্রায় ৭১ বছর। ইউনূস নিজেও সরকারের পদক্ষেপ মানতে নারাজ ছিলেন। ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়ার সিদ্ধান্তের বিরুদ্ধে আইনি লড়াই চালিয়েও হেরে যান তিনি। সর্বশেষ মন্ত্রিসভার সিদ্ধান্তের পর এক বিবৃতিতে তিনি আশঙ্কা প্রকাশ করেন, সরকার গ্রামীণ ব্যাংকের মালিকানা পুরোপুরিই নিতে চায়। তা প্রতিরোধে দেশবাসীকে এগিয়ে আসারও আহ্বান জানান তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরবি/এমআই/১৯১০ ঘ.