২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আমদানি করা লবণ বিক্রি নিয়ে তদন্ত হচ্ছে

সরকারি অনুমতি নিয়ে আমদানি করা লবণ পরিশোধন ও প্রক্রিয়াজাত না করে অবৈধভাবে অন্য উৎপাদনকারী প্রতিষ্ঠানের কাছে বেশি দামে বিক্রি করে দিয়েছে কিছু আমদানিকারক।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Aug 2012, 10:40 AM

Updated : 24 Aug 2022, 11:53 AM

ঢাকা, অগাস্ট ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সরকারি অনুমতি নিয়ে আমদানি করা লবণ পরিশোধন ও প্রক্রিয়াজাত না করে অবৈধভাবে অন্য উৎপাদনকারী প্রতিষ্ঠানের কাছে বেশি দামে বিক্রি করে দিয়েছে কিছু আমদানিকারক। বাণিজ্য মন্ত্রণালয় থেকে এ ধরনের একটি অভিযোগ তদন্ত করে দেখতে একটি কমিটি গঠন করা হয়েছে। মন্ত্রণালয়ের উপসচিব আব্দুল ওয়াদুদের নেতৃত্বে গঠিত এ তদন্ত কমিটিকে তিন কর্মদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে। বাণিজ্য সচিব গোলাম হোসেন সোমবার তার দপ্তরের সভাকক্ষে অনুষ্ঠিত এক মতবিনিময়ে সাংবাদিকদের এ কথা জানান। শিল্প মন্ত্রণালয় এ বছর দেশে দুই লাখ মেট্রিক টন লবণের ঘাটতির সম্ভাবনার কথা জানিয়ে লবণ আমদানি করতে চিঠি দিয়েছিল। তবে লবণ উৎপাদনকারীরা চাহিদার কথা বলেছে চার লাখ মেট্রিক টন। দেশে লবণের চাহিদা মেটানো এবং এর দাম নিয়ন্ত্রণে বাণিজ্য মন্ত্রণালয় চলতি বছরের ৪ জুন ডিমের সঙ্গে লবণ আমদানিও উন্মুক্ত করে দেয়। এ সুযোগ নিয়ে গত ৩১ জুলাই পর্যন্ত দেশে দুই লাখ ৮১ হাজার মেট্রিক টন লবণ আমদানির ঋণপত্র (এলসি) খোলা হয়। বাণিজ্য সচিব গোলাম হোসেন জানান, এসব ঋণপত্রের বিপরীতে গত ৫ অগাস্ট পর্যন্ত দেশে এক লাখ ২১ হাজার মেট্রিক টন লবণ আমদানি হয়েছে। এর মধ্যে জুলাই মাসে ৫০ হাজার মেট্রিক টন লবণ বাজারে এসেছে। দেশে প্রতি মাসে প্রায় ৭০ হাজার মেট্রিক টন লবণের চাহিদা রয়েছে। এর মধ্যে বাকি ২০ হাজার মেট্রিক টন লবণ বাজারে এসেছে দেশীয় উৎপাদন থেকে। আমদানি করা এক লাখ ২১ হাজার মেট্রিক টন লবণের মধ্যে বাকি ৭১ হাজার মেট্রিক টন লবণ কোথায় গেছে, কারা এসব ঋণপত্র খুলেছে, কারা আমদানি করেছে এসব তা খতিয়ে দেখতে এ তদন্ত কমিটি গঠন করা হয়েছে। বাণিজ্য সচিব বলেন, অভিযোগ রয়েছে অনেক ছোট ছোট প্রতিষ্ঠান লবণ আমদানি করে বড় প্রতিষ্ঠানের কাছে বিক্রি করে দিয়েছে। আমদানিতে কেজি প্রতি খরচ পড়েছে দুই টাকা ৮১ পয়সা। কিন্তু তারা বিক্রি করেছে আট থেকে দশ টাকা কেজি দরে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এসইউ/১৬৩০ ঘ.