২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পরমাণু বিদ্যুৎ কেন্দ্রের অর্থায়নে আলোচনা শুরু হচ্ছে

কয়েকশ’ কোটি ডলারের রূপপুর পরমাণু বিদ্যুৎ কেন্দ্রের অর্থায়নের বিষয়টি চূড়ান্ত করতে রুশ কর্তৃপক্ষের সঙ্গে সোমবার আলোচনা শুরু করছে সরকারের উচ্চ পর্যায়ের একটি প্রতিনিধি দল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Aug 2012, 09:12 AM

Updated : 24 Aug 2022, 11:53 AM

শেখ শাহরিয়ার জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম জ্যেষ্ঠ প্রতিবেদক ঢাকা, অগাস্ট ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কয়েকশ’ কোটি ডলারের রূপপুর পরমাণু বিদ্যুৎ কেন্দ্রের অর্থায়নের বিষয়টি চূড়ান্ত করতে রুশ কর্তৃপক্ষের সঙ্গে সোমবার আলোচনা শুরু করছে সরকারের উচ্চ পর্যায়ের একটি প্রতিনিধি দল। প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টা মশিউর রহমানের নেতৃত্বে প্রতিনিধি দল শনিবার রাশিয়ার রাজধানী মস্কো পৌঁছেছে বলে রাশিয়ায় বাংলাদেশ দূতাবাসের এক কর্মকর্তা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান। বিজ্ঞান ও প্রযুক্তি প্রতিমন্ত্রী ইয়াফেস ওসমান, বিনিয়োগ বোর্ডের নির্বাহী চেয়ারম্যান এসএ সামাদ এবং অর্থ, পররাষ্ট্র ও আইন মন্ত্রণালয়, অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি), পরিকল্পনা কমিশন ও পরমাণু শক্তি কমিশনের প্রতিনিধিরা দলে রয়েছেন। রুশ দূতাবাসের কমার্শিয়াল কাউন্সিলর নূর মো. মাহবুবুল হক টেলিফোনে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “রুশ কর্তৃপক্ষের সঙ্গে সপ্তাহব্যাপী আলোচনার পর আগামী ১০ অগাস্ট তাদের ঢাকা ফেরার কথা রয়েছে।” এ প্রকল্পে অর্থায়ন নিয়ে সমঝোতার পরিকল্পনা ঠিক করার জন্য প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টার সভাপতিত্ব্ে গত ২৫ জুলাই ঢাকায় একটি আন্তঃমন্ত্রণালয় বৈঠক হয়। পররাষ্ট্র সচিব মিজারুল কায়েস বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, প্রথম পর্যায়ে একটি প্রস্তাব এসেছে যে, এই প্রকল্পের প্রাথমিক কর্মকাণ্ডের জন্য রাশিয়া ৫০ কোটি ডলার দেবে এবং পরবর্তীতে পরমাণু বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের জন্য প্রয়োজনীয় অর্থ সরবরাহ করবে। “প্রথম পর্যায়ের ৫০ কোটি ডলারের বিষয়ে মতৈক্যে পৌঁছাটা খুবই গুরুত্বপূর্ণ। দুই পক্ষ এ অর্থায়নের শর্ত নিয়ে যে আলোচনা করবে তা পরে মূল নির্মাণের জন্য প্রয়োজনীয় বড় অংকের অর্থের সরবরাহ নিয়ে সমঝোতার ওপর প্রভাব ফেলবে।” কেন্দ্রের ঝুঁকিরোধক ব্যবস্থা এবং প্রযুক্তির মানের ওপর নির্ভর করে এক হাজার মেগাওয়াটের একটি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণে খরচ পড়ে দেড়শ কোটি থেকে দুইশ কোটি ডলার। রাশিয়ার সহযোগিতায় তৃতীয় প্রজন্মের প্রযুক্তিতে রূপপুরে সরকার এক হাজার মেগাওয়াটের দুটি পরমাণু বিদ্যুৎ কেন্দ্র স্থাপন করতে যাচ্ছে যাতে থাকবে পাঁচ স্তরের নিরাপত্তা ব্যবস্থা। রূপপুর পরমাণু বিদ্যুৎ কেন্দ্র স্থাপনে গত বছরের নভেম্বরে রাশিয়ার পরমাণু শক্তি কর্পোরেশন- রোসাটমের সঙ্গে সরকারের একটি সহযোগিতা চুক্তি সই হলেও এ প্রকল্পে অর্থায়নের বিষয়টি এখনো চূড়ান্ত হয়নি। সহযোগিতা চুক্তির আওতায় এ পরমাণু বিদ্যুৎ কেন্দ্র স্থাপনে প্রয়োজনীয় সব ধরনের সহায়তা দেবে রুশ সরকার। এছাড়া পরমাণু বিদ্যুৎ কেন্দ্র পরিচালনার জন্য প্রয়োজনীয় জ্বালানি সরবরাহ ও ব্যবহৃত জ্বালানি ফিরিয়ে নেওয়ারও প্রতিশ্র“তি দিয়েছে তারা। সরকার এখন ২৯০ কোটি ডলার ব্যয়ে পদ্মা সেতু নির্মাণে অর্থায়নের জন্য বিশ্ব ব্যাংকসহ বিভিন্ন দাতা সংস্থার সঙ্গে আলোচনা করছে। রাশিয়ার কাছ থেকে একশ’ কোটি ডলারের প্রতিরক্ষা সরঞ্জাম কেনার বিষয়েও আলোচনা চালিয়ে যাচ্ছে সরকার। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএসজেড/এএইচ/এসইউ/১৫০১ ঘ.