ঢাকা, অগাস্ট ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- তৈরি পোশাক খাতে উৎপাদন বৃদ্ধি এবং কাজের সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে গ্রামে মূল কারখানার শাখা স্থাপনের পরামর্শ দিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
রোববার সন্ধ্যায় হোটেল রেডিসনে এক অনুষ্ঠানে তিনি এই পরামর্শ দেন।
অর্থমন্ত্রী বলেন, “গত দুই বছরে সারা পৃথিবীতে রপ্তানি প্রবাহের হার কমে গেলেও বাংলাদেশের তৈরি পোশাক খাতে রপ্তানি প্রবাহের হার সন্তোষজনক ছিল। এই ধারা অব্যাহত রাখতে মালিকদের প্রতি আমার একটা পরামর্শ আছে।
“সেটা হলো আপনারা সাব কারখানা স্থাপন করে এগুলোকে গ্রামে পাঠিয়ে দিন। সাব কন্ট্রাক্ট দিয়ে দিন। শ্রমিকরা বাড়িতে বসে কাজ করবে।”
তৈরি পোশাক শ্রমিকদের গানের প্রতিযোগিতার দ্বিতীয় আয়োজন ‘গর্ব-২০১২’ শুরু উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে মন্ত্রী প্রথম আসরের সেরা দশ শিল্পীর গান নিয়ে তৈরি সংকলন ‘আমাদের গান’ শিরোনামের একটি সিডির মোড়ক উন্মোচন করেন।
পোশাক রপ্তানিকারকদের শীর্ষ সংগঠন বিজিএমইএ’র উদ্যোগে এবারের আয়োজনে গ্র্যান্ড গালা ফাইনালসহ মোট ৩৩টি পর্ব থাকছে।
অনুষ্ঠানে মার্কিন রাষ্ট্রদূত ড্যান ডব্লিউ মজীনা বাংলাদেশের তৈরি পোশাক খাতের ভবিষ্যৎ নিয়ে আশাবাদ ব্যক্ত করে বলেন, “মালিক-শ্রমিক যখন একসঙ্গে কাজ করে তখন তা অলৌকিক ফলাফল আনে। মালিক-শ্রমিক ও সরকারের শক্ত অংশগ্রহণের মধ্য দিয়ে কাজ করতে পারলে বাংলাদেশ চীনকে হটিয়ে এই খাতে প্রথম স্থান অর্জন করতে পারবে বলে আমার বিশ্বাস।”
‘গর্ব-২০১২’ এর প্রধান সমন্বয়কারী আতিকুল ইসলাম তৈরি পোশাক খাতের শ্রমিকদের এই শিল্পের ‘প্রাণ’ হিসাবে উল্লেখ করেন।
“এই খাতের ৩৭ লাখ শ্রমিকের প্রতিভা বিকাশের সুযোগ করে দেওয়া এবং উদ্যোক্তা শ্রমিকের সর্ম্পর্ক উন্নয়নই এই প্রতিযোগিতার মূল উদ্দেশ্য।”
অনুষ্ঠানে আরো বক্তব্য দেন শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান, এফবিসিসিআই সভাপতি এ কে আজাদ, ডিসিসিআই সভাপতি আসিফ ইব্রাহিম, বিভিন্ন বিদেশী ক্রেতা ও বিনিয়োগকারীগণ, কূটনীতিক ও শ্রমিক নেতারা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএমআর/এএল/২২০০ ঘ.
bdnews24