ঢাকা, অসাস্ট ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রেমিটেন্স ও বন্ড বিক্রি বাড়াতে বিভিন্ন দেশে রোড-শো এবং বিনিয়োগ মেলা আয়োজনের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ব্যাংক। প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশীয় অর্থে পদ্মা সেতু নির্মাণের ঘোষণা দেওয়ার পর এ উদ্যোগ নেওয়া হলো।
প্রথম পর্যায়ে সেপ্টেম্বর মাসের দ্বিতীয় ও তৃতীয় সপ্তাহে যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রে বাংলাদেশ ব্যাংকের উচ্চ ক্ষমতাসম্পন্ন একটি প্রতিনিধিদলের সফরের মধ্য দিয়ে এ রোড শো এর কার্যক্রম শুরু হবে। পরবতীতে অন্যান্য দেশেও এ রোড শো কার্যক্রম পরিচালিত হবে।
বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের গভর্নর আতিউর রহমানের সভাপতিত্বে এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে শুক্রবার সকালে কেন্দ্রীয় ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
সভায় দেশে কার্যরত সব ব্যাংকের প্রধান নির্বাহী ও কেন্দ্রীয় ব্যাংকের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
দেশের সবচেয়ে বড় অবকাঠামো প্রকল্প পদ্মা সেতুতে প্রধান অর্থায়নকারী সংস্থা বিশ্ব ব্যাংক দুর্নীতির অভিযোগে গত ২৯ জুন তাদের ১২০ কোটি ডলারের ঋণচুক্তি বাতিল করার পর প্রধামন্ত্রী জাতীয় সংসদে নিজস্ব অর্থে এ সেতু নির্মাণের ঘোষণা দেন। একই সঙ্গে তিনি এ সেতু নির্মাণ ব্যয়ের একটি রূপরেখাও সংসদে তুলে ধরেন। এতে তিনি উল্লেখ করেন, পদ্মা সেতু নির্মাণে যে বিদেশি অর্থের প্রয়োজন হবে তা মেটাতে প্রতি বছর এক বিলিয়ন ডলার করে কেন্দ্রীয় ব্যাংকের রিজার্ভ থেকে নেয়া হবে।
সম্প্রতি যুক্তরাজ্য সফরকালে প্রধানমন্ত্রী পদ্মা সেতুর জন্য প্রবাসীদের আরও বেশি রেমিটেন্স দেশে পাঠানোর আহ্বান জানান।
জুলাই-ডিসেম্বর মেয়াদের মুদ্রানীতি ঘোষণার সময় গভর্নর বলেন, সরকার চাইলে পদ্মা সেতু নির্মাণের জন্য প্রয়োজনীয় বিদেশি মুদ্রা কেন্দ্রীয় ব্যাংকের রিজার্ভ থেকে যোগান দেওয়া হবে।
কেন্দ্রীয় ব্যাংকের বিজ্ঞপ্তিতে বলা হয়, সর্বশেষ রেমিটেন্স প্রবাহের উপর ভিত্তি করে যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কুয়েত, মালয়েশিয়া এবং সিঙ্গাপুরে পর্যায়ক্রমে রোড-শো আয়োজন করার কর্মসূচি হাতে নেওয়া হয়েছে।
প্রথম পর্যায়ে আগামী সেপ্টেম্বর মাসের দ্বিতীয় ও তৃতীয় সপ্তাহে যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রে বাংলাদেশ ব্যাংকের উচ্চ ক্ষমতাসম্পন্ন একটি প্রতিনিধিদলের সফরের মধ্য দিয়ে এ রোড শোর কার্যক্রম শুরু হবে। রোড-শো এবং বিনিয়োগ মেলা সফল করার জন্য ব্যাংকসহ সংশিষ্ট সব পক্ষের সহযোগিতা কামনা করেন গভর্নর।
রেমিটেন্স প্রবাহ বৃদ্ধি এবং ওয়েজ আর্নার ডেভেলপমেন্ট বন্ড, ইউএস ডলার প্রিমিয়াম বন্ড এবং ইউএস ডলার ইনভেস্টমেন্ট বন্ডের বিক্রি বাড়াতে বিদেশ রোড-শো এবং বিনিয়োগ মেলার আয়োজনের উদ্যোগ নেওয়া হচ্ছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
সভায় গভর্নর বাণিজ্যিক ব্যাংকগুলোকে তাদের বিদেশে কার্যরত এক্সচেঞ্জ কোম্পানির রেমিটেন্স প্রবাহ আরো বৃদ্ধির জন্য আহবান জানান। উপস্থিত বাণিজ্যিক ব্যাংকগুলোর প্রধান নির্বাহীরা এ বিষয়ে তাদের সহযোগিতা অব্যাহত রাখার কথা ব্যক্ত করেন।
সভায় বন্ডগুলোর বিক্রি বাড়াতে বিপণন ব্যবস্থা জোরদার করার ওপর বর্তমানে সরকার বিশেষ গুরুত্ব আরোপ করছে উল্লেখ করে গভর্নর বলেন, বন্ডগুলোর বিক্রি বৃদ্ধির লক্ষ্যে প্রবাসীদের মাঝে আগ্রহ সৃষ্টির জন্য ইতোমধ্যে ব্যাপকভিত্তিক প্রচার-প্রচারণার উদ্যোগ নেওয়া হয়েছে।
দেশি-বিদেশি পত্রিকা এবং ইলেকট্রনিক মিডিয়াতে বন্ড সম্পর্কিত বিজ্ঞাপন প্রচার, বিনিয়োকারীদের মাঝে বিভিন্ন প্রচার-পুস্তিকা বিতরণ এবং ব্যাংকের হেল্প ডেস্কগুলোয় গ্রাহকদের মাঝে রেমিটেন্স ও বন্ড সম্পর্কিত তথ্য সরবরাহ করা হচ্ছে। এ লক্ষ্যে সর্বশেষ বিদেশে রোড-শো এবং বিনিয়োগ মেলা আয়োজনের উদ্যোগ নেওয়া হয়েছে বলে গভর্নর জানান।
সভায় আতিউর বলেন, গত ২০১১-১২ অর্থবছরে ১২ দশমিক ৮৪ বিলিয়ন ডলার রেমিটেন্স দেশে এসেছে, যা আগের অর্থবছরের চেয়ে ১০ দশমিক ২৪ শতাংশ বেশি।
সরকার সা¤প্রতিক সময়ে আশাব্যঞ্জকভাবে জনশক্তি রপ্তানি বাড়াতে পারায় গত জুলাই মাসে ১২০ কোটি ডলারের রেমিট্যান্স এসেছে বলে তিনি উল্লেখ করেন।
রেমিটেন্স প্রবাহ আরো বাড়াতে ব্যাংকগুলোর প্রতি আহবান জানান গভর্নর।
আতিউর বলেন, প্রবাসী বাংলাদেশি এবং বাংলাদেশি বংশোদ্ভুত বিদেশি নাগরিকদের দেশে বিনিয়োগে আকৃষ্ট করার জন্য বাংলাদেশ সরকারের ওয়েজ আর্নার ডেভেলপমেন্ট বন্ড, ইউএস ডলার প্রিমিয়াম বন্ড এবং ইউএস ডলার ইনভেস্টমেন্ট বন্ড নামক সঞ্চয়ী বন্ড চালু আছে। এ সব বন্ডে মুনাফার হার এবং প্রদত্ত অন্যান্য সুবিধাগুলো দেশে এমনকি সারাবিশ্বে প্রচলিত যে কোনো সঞ্চয় স্কিমের তুলনায় অধিকতর আকর্ষণীয়। কিন্তু সে হিসেবে এ বন্ডগুলোতে প্রবাসীদের বিনিয়োগের পরিমাণ মোটেই আশাব্যঞ্জক নয়।
বিডিনিউজ টেেোয়ন্টিফোর ডটকম/এআরএইচ/এসইউ/১৬৫২ ঘ.
bdnews24