২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তেলভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র করছে ওরিয়ন

বেসরকারিখাতে ১০২ মেগাওয়াট উৎপাদন ক্ষমতার একটি তেলভিত্তিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণের চুক্তি করেছে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিউবো)।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Aug 2012, 01:18 PM

Updated : 24 Aug 2022, 11:51 AM

ঢাকা, অগাস্ট ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বেসরকারিখাতে ১০২ মেগাওয়াট উৎপাদন ক্ষমতার একটি তেলভিত্তিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণের চুক্তি করেছে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিউবো)। বুধবার বিদ্যুৎ ভবনে ওরিয়ন গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান ডিজিটাল পাওয়ার অ্যান্ড অ্যাসোসিয়েটস লিমিটেডের সঙ্গে এই চুক্তি হয়। নারায়ণগঞ্জের গোগনগরে ফার্নেস অয়েলভিত্তিক এই কেন্দ্র (আইপিপি) নির্মাণ শেষে আগামী এক বছরের মধ্যে বিদ্যুৎ সরবরাহ শুরু হবে বলে আশা প্রকাশ করেছেন বিদ্যুৎ সচিব আবুল কালাম আজাদ। তবে পুনরায় তেলভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের অনুমতি দেওয়ার যৌক্তিকতা নিয়ে চুক্তি সাক্ষর অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের মুখোমুখি হন প্রধানমন্ত্রীর বিদ্যুৎ ও জ্বালানি বিষয়ক উপদেষ্টা তৌফিক-ই ইলাহী চৌধুরী। তিনি বলেন, “বিদ্যুৎ নিয়ে আমাদের দীর্ঘমেয়াদি যে মাস্টারপ্ল্যান আছে, সেখানে প্রধান জ্বালানি হিসেবে গ্যাস ও কয়লাকে ধরা হলেও তেলভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রের কথাও বলা আছে। তাই কিছু কেন্দ্র তেলভিত্তিক থাকবেই।” পিডিবি অনুষ্ঠানে দেওয়া সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, ওরিয়নের এই কেন্দ্র থেকে সরকার প্রতি ইউনিট বিদ্যুৎ কিনবে ৬ টাকা ৯১ পয়সা দরে। তবে দাম এর চেয়ে বেশি পড়বে বলে অনুষ্ঠানে সাংবাদিকদের জানান বিদ্যুৎ সচিব। আবুল কালাম আজাদ বলেন, “এ কেন্দ্রের যখন টেন্ডার হয় তখন প্রতি লিটার ফার্নেস অয়েল ছিল ২৬ টাকা। ওই হিসাবে দাম ধরা হয়েছিল। এখন ফার্নেস অয়েলের দাম বেড়েছে। সেই হিসেবে প্রতি ইউনিটের দাম ১৩ থেকে ১৪ টাকার মতো পড়বে।” বর্তমান সরকার ক্ষমতায় আসার পর সরকারি ও বেসরকারি খাতে ৫৭টি বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের চুক্তি করেছে। এর মধ্যে ২৯টি কেন্দ্র উৎপাদন শুরু করেছে। এছাড়া গত তত্ত্বাবধায়ক সরকারের আমলে চুক্তি করা আরো ১৯টি কেন্দ্রও বর্তমান সরকারের সময় উৎপাদনে এসেছে। পিডিবির হিসেবে, বর্তমান সরকারের সময় নতুন বিদ্যুৎ কেন্দ্রগুলো থেকে বিদ্যুৎ উৎপাদন বেড়েছে প্রায় সাড়ে তিন হাজার মেগাওয়াট। চাহিদা পূরণে দ্রুত বিদ্যুৎ উৎপাদনের জন্য ২০০৯ সালে দায়িত্ব নেওয়ার পরপরই সরকার তেলনির্ভর ২৪টি ভাড়াভিত্তিক ও পিকিং পাওয়ার প্ল্যান্ট নির্মাণ করে। এর আগের তত্ত্বাবধায়ক সরকারের সময় ১৯টি ভাড়াভিক্তিক বিদ্যুৎকেন্দ্র স্থাপনের চুক্তি করা হয়। এসব কেন্দ্রের অধিকাংশই তেলভিত্তিক। বিদ্যুৎকেন্দ্রগুলোতে ক্রমবর্ধমান চাহিদা অনুযায়ী আমদানি করা তেল সরবরাহ করতে গিয়ে গত অর্থবছরে অর্থনীতিতে বেসামাল অবস্থা সৃষ্টি হয়েছিল। এদিকে ওরিয়ন গ্রুপ এনিয়ে ছয়টি বিদ্যুৎ কেন্দ্র নির্মাণে সরকারের সঙ্গে চুক্তি করেছে, যার মধ্যে প্রায় ১৩০০ মেগাওয়াট ক্ষমতার তিনটি কয়লাভিত্তিক কেন্দ্র রয়েছে। এসব কেন্দ্রের মধ্যে ২০০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন দুটি কেন্দ্র ইতোমধ্যে চালু হয়েছে। বিদ্যুৎ বিলের বিভিন্ন ধাপের বিষয়ে উপদেষ্টাকে প্রশ্ন করেন সাংবাদিকরা। তৌফিক-ই ইলাহী চৌধুরী বলেন, “বিলের বিভিন্ন ধাপের (স্ল্যাব) বিষয়টি এনার্জি রেগুলেটরি কমিশন যৌক্তিক মনে না করায় পুনরায় বিবেচনা করছে।” বিউবোর নতুন চেয়ারম্যান এ এস এম আলমগীর কবীরের চাকরির মেয়াদ শেষ হওয়ায় বিউবোর চেয়ারম্যান হিসেবে চলতি দায়িত্ব দেওয়া হয়েছে সংস্থাটির সদস্য (ডিস্ট্রিবিউশন) আব্দুল ওয়াহাব খানকে। বুধবার থেকে তিনি নতুন দায়িত্ব গ্রহণ করেছেন বলে চুক্তি সাক্ষর অনুষ্ঠানে জানান ওয়াহাব খান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরবি/এমআই/১৯১৪ ঘ.