২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে ব্যাংক কো-অপারেটিভ সোসাইটির ২১ লাখ টাকা উধাও

বাংলাদেশ ব্যাংক এমপ্লয়িজ কো-অপারেটিভ সোসাইটির (চক্রেসো) চট্টগ্রাম কার্যালয় থেকে ২১ লাখ ৫৪ হাজার টাকা খোয়া গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Aug 2012, 12:24 PM

Updated : 24 Aug 2022, 11:51 AM

চট্টগ্রাম, অগাস্ট ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাংলাদেশ ব্যাংক এমপ্লয়িজ কো-অপারেটিভ সোসাইটির (চক্রেসো) চট্টগ্রাম কার্যালয় থেকে ২১ লাখ ৫৪ হাজার টাকা খোয়া গেছে। নগরীর কোর্ট হিল এলাকায় অবস্থিত বাংলাদেশ ব্যাংক পুরাতন ভবনের দ্বিতীয় তলায় অবস্থিত সোসাইটির কার্যালয় থেকে মঙ্গলবার রাতের কোনো একসময়ে এই ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় সোসাইটির সাধারণ সম্পাদক সৈয়দ মো. জাহাঙ্গীর বাদি হয়ে কোতোয়ালি থানায় একটি লিখিত অভিযোগ করেছেন। পুলিশ জানিয়েছে, সোসাইটির কার্যালয়ের আলমারির লকার ভেঙে এসব অর্থ চুরি হয়েছে বলে কর্মকর্তারা জানিয়েছে। কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) সদীপ কুমার দাশ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বুধবার সকাল ৯টায় সোসাইটির কর্মকর্তারা টাকা খোয়া যাওয়ার বিষয়টি জানলেও পুলিশকে জানিয়েছে বেলা ৩টায়। তিনি বলেন, ওই আলমারিতে ছয়টি লকারের চার নম্বরটিতে থাকা ৫০০ ও এক হাজার টাকার নোটগুলো খোয়া গেছে। তবে অন্যান্য লকারগুলোতে থাকা টাকা খোয়া যায়নি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে জানিয়ে কোতোয়ালি থানার ওসি কে এম মহিউদ্দিন সেলিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রাতের কোনো সময়ে অফিসের আলমারির তালা ভেঙে এই টাকা চুরি হতে পারে। আলমারির বিভিন্ন লকারে লকারে ১ কোটি ১৩ লাখ ৫৫ হাজার টাকা ছিল বলে চক্রেসোর সাধারণ সম্পাদক লিখিত অভিযোগে উল্লেখ করেছেন। এর মধ্যে খোয়া গেছে ২১ লাখ ৫৪ হাজার ৯৭৬ টাকা। পুলিশের একজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “চক্রেসোর ওই আলমারিতে কোথায়, কত টাকার নোটের বান্ডিল ছিল, তা সংশ্লিষ্টরা ছাড়া কারো জানার কথা নয়।” এতে ওই সোসাইটির কেউ জড়িত কি না তাও খতিয়ে দেখা হচ্ছে বলে পুলিশ জানিয়েছে। সোসাইটির উপপ্রধান হিসাব রক্ষণ কর্মকর্তা মো. ইসলাম খান সাংবাদিকদের বলেন, দুটি আলমারিতে মোট ১ কোটি ১৩ লাখের কিছু বেশি টাকা ছিল। এর মধ্যে ২১ লাখ ৫৪ হাজার টাকা খোয়া গেছে। তিনি জানান, দুটি লকারে থাকা ১০০, ৫০০ ও ১ হাজার টাকার নোটই শুধু চুরি হয়েছে। অন্য নোটের টাকাগুলো আছে। সোসাইটি কার্যালয়টি পুরাতন বাংলাদেশ ভবনের দ্বিতীয় তলায় অবস্থিত। বাংলাদেশ ব্যাংকের নতুন ও পুরাতন ভবনের পুরো এলাকাটি সীমানা দেয়াল দিয়ে ঘেরা। এই এলাকার নিরাপত্তায় পুলিশের পাশাপাশি ব্যাংকের নিজস্ব নিরাপত্তা রক্ষীরা সার্বক্ষণিক দায়িত্ব পালন করে থাকেন। সোসাইটির কর্মকর্তারা জানান, এই কার্যালয়ে সোসাইটির নয় জন কর্মচারী কাজ করেন। এছাড়া বাংলাদেশ ব্যাংকের ১০ জন বাসচালক ও সহকারী এই কার্যালয়ে অফিস করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমসি/এমআই/২০০০ ঘ.