২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাড়ে ১৬ লাখ মে.টন তেল কেনার প্রস্তাব অনুমোদন

চলতি বছরের ডিসেম্বরের মধ্যেই ছয়টি দেশ থেকে সাড়ে ১৬ লাখ মেট্রিক টন জ্বালানি তেল কেনাসহ ১০টি দরপত্র প্রস্তাবে অনুমোদন দিয়েছে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Aug 2012, 09:45 AM

Updated : 24 Aug 2022, 11:51 AM

ঢাকা, অগাস্ট ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চলতি বছরের ডিসেম্বরের মধ্যেই ছয়টি দেশ থেকে সাড়ে ১৬ লাখ মেট্রিক টন জ্বালানি তেল কেনাসহ ১০টি দরপত্র প্রস্তাবে অনুমোদন দিয়েছে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। কমিটির সভাপতি অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের সভাপতিত্বে বুধবার অনুষ্ঠিত কমিটির বৈঠকে এসব প্রস্তাবে অনুমোদন দেওয়া হয়। সচিবালয়ে মন্ত্রিপরিষদ সভাকক্ষে এ বৈঠক অনুষ্ঠিত হয়। পরে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব নুরুল করিম বৈঠকের সিদ্ধান্তগুলো সাংবাদিকদের জানান। অতিরিক্ত সচিব জানান, বৈঠকে চলতি বছরের জুলাই-ডিসেম্বর প্রান্তিকের জন্য ছয়টি দেশ থেকে ১৬ লাখ ৫০ হাজার মেট্রিক টন পরিশোধিত জ্বালানি তেল (ডিজেল, অকটেন ও কেরোসিন) কেনার দরপ্রস্তাব অনুমোদন দেওয়া হয়। এজন্য প্রিমিয়ামসহ সম্ভাব্য মোট ব্যয় ধরা হয়েছে ১৫১ কোটি ৮৩ লাখ ডলার। এতে প্রতি ব্যারেল ডিজেলের জন্য তিন দশমিক ৮০ ডলার ও অকটেনে সাত দশমিক ৩৫ ডলার ও কেরোসিনে চার দশমিক ৮০ ডলার প্রিমিয়াম ধরা হয়েছে। চলতি বছরের প্রথম ছয় মাসের তুলনায় প্রিমিয়াম বেড়ে যাওয়ায় সমপরিমাণ পরিশোধিত জ্বালানি তেল আমদানিতে প্রায় ৩৩ লাখ ৬৬ হাজার ৭৯৮ ডলার ব্যয় বাড়ছে। তিনি বলেন, কুয়েত থেকে চার লাখ ৫০ হাজার মেট্রিক টন গ্যাস অয়েল (ডিজেল) ও এক লাখ ২০ হাজার মেট্রিক টন জেট এ-১ (অকটেন) এবং মালয়েশিয়ার পেট্রোনাস ট্রেডিং কর্পোরেশন থেকে তিন লাখ ১০ হাজার মেট্রিক টন ডিজেল, ৭০ হাজার মেট্রিক টন অকটেন ও ৪০ হাজার টন কেরোসিন কেনা হবে। চীনের পেট্রো চায়না ইন্টারন্যাশনাল থেকে ৭৪ হাজার টন ডিজেল ও ১৬ হাজার টন অকটেন, ফিলিপাইনের পিনোক এক্সপ্লোরেশন থেকে এক লাখ ৩২ হাজার টন ডিজেল ও ৪৮ হাজার টন অকটেন, মিশরের মিডল-ইস্ট অয়েল রিফাইনারি থেকে তিন লাখ মেট্রিক টন ডিজেল, সংযুক্ত আরব আমিরাতের এমিরেটস ন্যাশনাল অয়েল কোম্পানি থেকে ৯০ হাজার মেট্রিক টন ডিজেল আমদানি করা হবে। এছাড়া চলতি অর্থবছরের জন্য তিন লাখ ৯০ হাজার টন পটাশ (এমওপি) সার আমদানি করা হবে বেলারুশ থেকে। এতে ব্যয় হবে ৮৯ কোটি ১১ লাখ ৮৫ হাজার টাকা। বেলারুশিয়ান পটাশ কোম্পানি থেকে সরকারি পর্যায়ে এ সার আমদানি করবে বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি)। ৩০ হাজার মেট্রিক টনের ১৩টি লটে এ সার আমদানি প্রস্তাব অনুমোদন দিয়েছে কমিটি। পানি উন্নয়ন বোর্ড (ডব্লিউডিবি) কর্তৃক বাস্তবায়নাধীন ‘বাংলাদেশের নদী খননের জন্য খননযন্ত্র (ড্রেজার) ও আনুষঙ্গিক যন্ত্রপাতি ক্রয়’ প্রকল্পের আওতায় তিন সেট যন্ত্রপাতি কেনার প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে বৈঠকে। এতে মোট ব্যয় হবে ৫৫ কোটি ৩১ লাখ ৬২ হাজার টাকা। এ কাজের জন্য সর্বনিম্ন দরদাতা হিসেবে কাজ পেয়েছে বাংলাদেশের আনন্দ শিপইয়ার্ড। মংলা বন্দরের পশুর চ্যানেলের হারবার এলাকায় খনন প্রকল্পের আওতায় ১৩ কিলোমিটার দীর্ঘ চ্যানেলে ৪১ দশমিক ৯৬ লাখ ঘনমিটার খনন কাজের জন্য সর্বনিম্ন দরদাতা প্রতিষ্ঠান মনোনীত হয়েছে মালয়েশিয় প্রতিষ্ঠান ইনাই কিয়ারা এসডিএন বিএইচডি। এ কাজে ব্যয় হবে ১২৬ কোটি ৫২ লাখ টাকা। পদ্মা বহুমুখী সেতু নির্মাণ প্রকল্পে মাওয়া ও জাজিরা কনস্ট্রাকশন ইয়ার্ড কর্তৃক মাটি ভরাট করে উন্নত করার কাজের ব্যয় বৃদ্ধির প্রস্তাবে অনুমোদন দেয় কমিটি। এতে অতিরিক্ত কাজের জন্য ১৪ কোটি ২৬ লাখ টাকা ব্যয় বেড়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এসইউ/১৫৩৪ ঘ.