২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পদ্মা সেতুতে দুর্নীতি হবে না: মুহিত

সৈয়দ আবুল হোসেন মন্ত্রী পদ ছাড়ায় এবং একজন সচিব পর্যায়ের কর্মকর্তা ছুটিতে যাওয়ার বিশ্ব ব্যাংক পদ্মা সেতু প্রকল্পে তাদের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করবে বলে আশা প্রকাশ করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jul 2012, 10:37 AM

Updated : 24 Aug 2022, 11:48 AM

ঢাকা, জুলাই ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পদ্মা সেতু প্রকল্পে কোনো ধরনের দুর্নীতি হবে না উল্লেখ করে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, এবার বিশ্ব ব্যাংক ঋণ বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করবে বলেই তিনি আশা করছেন। দেশের সবচেয়ে বড় অবকাঠামো প্রকল্প নিয়ে বুধবার এক আনুষ্ঠানিক বিবৃতিতে অর্থমন্ত্রী বলেন, “পদ্মা সেতু সমন্ধে বাংলাদেশের বক্তব্যে আগেও বলা হয়েছে যে, প্রথমত আমরা পদ্মা সেতু প্রকল্পের কাজ এই বছরেই শুরু করব এবং দ্বিতীয়ত আমরা নিশ্চিত করতে চাই যে, পদ্মা সেতু প্রকল্পে কোনো ধরনের দুর্নীতি হবে না।” বিশ্ব ব্যাংক প্রকল্প বাস্তবায়নে দুর্নীতির আশঙ্কা করার পর এ নিয়ে তদন্ত করতে দুর্নীতি দমন কমিশনকে দায়িত্ব দেওয়া হয়েছে উল্লেখ করে অর্থমন্ত্রী বিবৃতিতে বলেন, “দুদক ২০১১ সালের অগাস্ট মাসে তদন্ত শুরু করে। তাদের তদন্তে এখনও কোনো ধরনের দুর্নীতি পাওয়া যায়নি। এই তদন্ত শুধু অব্যহত নয় আরও জোরদার করা হয়েছে।” পদ্মা সেতুতে পরামর্শক নিয়োগে অনিয়মের অভিযোগ ওঠার পর বিশ্ব ব্যাংক যে চারটি শর্ত দিয়েছিল তার মধ্যে চতুর্থটি ছিল- যাদের বিরুদ্ধে অভিযোগ, সেই সব সরকারি ব্যক্তি অর্থাৎ আমলা ও রাজনৈতিকভাবে নিয়োগপ্রাপ্তদের তদন্ত চলাকালে সরকারি দায়িত্ব পালন থেকে ছুটি দেওয়া। এ নিয়ে টানাপোড়েনের পর গত ২৯ জুন ১২০ কোটি ডলারের ঋণ চুক্তি বাতিল করে বিশ্ব ব্যাংক। এরপর গত সোমবার মন্ত্রিত্ব ছাড়েন ওই সময় যোগাযোগমন্ত্রীর দায়িত্বে থাকা সৈয়দ আবুল হোসেন। মোশাররফ হোসেন ভূঁইয়াও ছুটিতে যান, যিনি ওই সময় সেতু বিভাগের সচিব ছিলেন। বিবৃতিতে মুহিত বলেন, “যদিও অভিযোগের কোনো প্রমাণ পাওয়া যায়নি, তবুও একজন উচ্চপদস্থ সম্মানিত সরকারি কর্মকর্তা ইতোমধ্যে ছুটিতে গেছেন। মাননীয় সাবেক যোগাযোগমন্ত্রী তার নির্দোষিতা দাবি করেও তদন্তের কাজ এগিয়ে নেওয়ার উদ্দেশ্যে তার দায়িত্ব থেকে পদত্যাগ করেছেন।” বিশ্ব ব্যাংক ছাড়া পদ্মা সেতুতে অন্য তিন দাতা সংস্থার সঙ্গে আলোচনা চালানো হচ্ছে বলেও অর্থমন্ত্রী বিবৃতিতে উল্লেখ করেন। “ইসলামী উন্নয়ন ব্যাংক ইতোমধ্যে আমাদের জানিয়েছে যে, তারা এই প্রকল্প বাস্তবায়নে গভীরভাবে আগ্রহী। এ জন্য যেসব বাধা সৃষ্টি হয়েছে, সেগুলো অপসারণে তারা আমাদের সাফল্য কামনা করেছে। জাইকাও এ বিষয়ে আমাদের সঙ্গে সার্বক্ষণিক আলোচনা চালিয়ে যাচ্ছে এবং তাদের সভপতি এ বিষয়ে বিশ্বব্যাংকের সঙ্গে আলোচনা করছেন। এশীয় উন্নয়ন ব্যাংকও এ বিষয়ে আমাদের সঙ্গে আলোচনায় লিপ্ত।” অর্থমন্ত্রী বলেন, “আমরা প্রথমেই বলেছিলাম যে, বিশ্ব ব্যাংকের সিদ্ধান্তটি পুর্নবিবেচনার দাবি রাখে। এখনও আমরা আশা করছি যে, বিষয়টি পুর্নবিবেচনা করা হবে এবং আমাদের যে অপবাদ দেওয়া হয়েছে সেটার স্খলন হবে।” বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরএইচ/এসইউ/জেকে/১৬৩৫ ঘ. ক্সপদ্মা সেতু প্রকল্প নিয়ে অর্থমন্ত্রীর বিবৃতি