ঢাকা, জুলাই ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু নির্মাণের জন্য ‘সারচার্জ’ আরোপের বিষয়টি পরীক্ষা নিরীক্ষা করে দেখছে জাতীয় রাজস্ব বোর্ড- এনবিআর।
বোর্ডের চেয়ারম্যান নাসিরউদ্দিন আহমেদ বুধবার রাজস্ব আদায় পরিস্থিতি নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বলেন, “গত ৯ জুলাই মন্ত্রিসভার বৈঠকে পদ্মা সেতুর অর্থায়নের জন্য অভ্যন্তরীণ সম্পদ সংগ্রহের সিদ্ধান্ত হয়েছে। আর এর ধারাবাহিকতায় আমাদের কাছে সারচার্জ আরোপের নির্দেশনা এসেছে।”
এনবিআর চেয়ারম্যান বলেন, “আমরা এ বিষয়টি পরীক্ষা নিরীক্ষা করছি। আগামী ৩১ জুলাই এ বিষয়ে আন্তঃমন্ত্রণালয় বৈঠক হবে। ওই বৈঠকে এ বিষয়ে সিদ্ধান্ত আসতে পারে।”
কোন কোন খাত বা উৎস থেকে এই ‘সারচার্জ’ আদায় করা হবে তা এখনো চূড়ান্ত হয়নি জানিয়ে নাসিরউদ্দিন বলেন, মানুষের জন্য যাতে সহনীয় থাকে তা বিবেচনায় রেখেই বিষয়টি বিবেচনা করা হচ্ছে।
যমুনা নদীর ওপর বঙ্গবন্ধু সেতু নির্মাণে যেভাবে ‘সারচার্জ’ আরোপ করে অর্থ সংগ্রহ করা হয়েছিল, সে আদলেই পদ্মা প্রকল্পের বিষয়টি ভেবে দেখা হচ্ছে বলে এনবিআর চেয়ারম্যান বলেন।
রাজধানীর সেগুনবাগিচায় এনবিআর কার্যালয়ে এই সংবাদ সম্মেলনের মাধ্যমে তিনি ২০১১-১২ অর্থবছরের রাজস্ব আদায় পরিস্থিতি সাংবাদিকদের সামনে তুলে ধরেন।
বিশ্ব ব্যাংক ২৯০ কোটি ডলারের পদ্মা সেতু প্রকল্পে ১২০ কোটি ডলারের অর্থায়ন চুক্তি বাতিল করার পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজস্ব অর্থায়নে এ সেতু নির্মাণের ঘোষণা দেন। জাতীয় সংসদে এর রূপরেখাও তিনি তুলে ধরেন।
এরপর ৯ জুলাই মন্ত্রিসভার বৈঠকে নিজস্ব অর্থায়নে এ প্রকল্প বাস্তবায়নের জন্য অভ্যন্তরীণ সম্পদ সংগ্রহের সিদ্ধান্ত হয়। তবে ২২ জুলাই অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত জানান, এ প্রকল্প বাস্তবায়নে সরকার চারটি বিকল্প নিয়ে এগাচ্ছে, যার প্রথমটি হলো বিশ্ব ব্যাংককে সিদ্ধান্ত পুনর্বিবেচনায় রাজি করানো এবং সর্বশেষটি নিজস্ব অর্থায়নে সেতু নির্মাণ।
অর্থমন্ত্রী মঙ্গলবার সচিবালয়ে সাংবাদিকদের বলেন, “বিশ্ব ব্যাংক যে অভিযোগের ভিত্তিতে পদ্মা সেতুতে ঋণচুক্তি বাতিল করেছিল তা সাধারণত সচরাচর ঘটে না (আনইউজুয়্যাল)। এরপরেও আমরা তাদের সব শর্ত মেনে নিয়েছি। উই আর ট্র্যাক টু অ্যাকোমোডেট অল।”
বিশ্ব ব্যাংকের শর্ত পূরণের অংশ হিসাবে গত সোমবার মন্ত্রী পদ ছাড়েন সৈয়দ আবুল হোসেন, যিনি অর্থায়ন নিয়ে টানাপোড়েন শুরুর সময় যোগাযোগমন্ত্রীর দায়িত্বে ছিলেন।
মুহিত বলেন, “এই পরিস্থিতিতে আমি আশাবাদী যে, বিষয়গুলো বিবেচনা করে বিশ্ব ব্যাংক পদ্মা সেতুতে অর্থায়নের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করবে।”
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরএইচ/জেকে/১২৩০ ঘ.
bdnews24