২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘কৃষিঋণ লক্ষ্যমাত্রা অর্জনে ব্যর্থ হলে জরিমানা’

চলতি অর্থবছরের কৃষিঋণ বিতরণের লক্ষ্যমাত্রা ঘোষণা করে কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর আতিউর রহমান বলেছেন, লক্ষ্যমাত্রা অর্জনে ব্যর্থ হলে গত বছরের মতোই জরিমানা গুণতে হবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jul 2012, 11:56 AM

Updated : 24 Aug 2022, 11:48 AM

ঢাকা, জুলাই ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চলতি অর্থবছরের কৃষিঋণ বিতরণের লক্ষ্যমাত্রা ঘোষণা করে কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর আতিউর রহমান বলেছেন, লক্ষ্যমাত্রা অর্জনে ব্যর্থ হলে গত বছরের মতোই জরিমানা গুণতে হবে। গভর্নর বলেন, “এবার আগের বছরের চেয়ে ৩৩০ কোটি টাকা বেশি লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। লক্ষ্যমাত্রা অর্জনে ব্যর্থ হওয়ায় গত বছর ১৯টি ব্যাংককে ২৩ কোটি টাকা জারিমানা করা হয়েছিল। এবারও এর ব্যতিক্রম হবে না।” মঙ্গলবার বাংলাদেশ ব্যাংকের সম্মেলন কক্ষে সরকারি, বেসরকারি, বিশেষায়িত ও বিদেশি ব্যাংকের প্রধান নির্বাহীদের সঙ্গে গভর্নর আতিউর রহমানের বৈঠকে আগের বছরের চেয়ে সাড়ে তিনশ’ কোটি টাকা বাড়িয়ে ব্যাংকগুলোর জন্য ১৪ হাজার ১৩০ কোটি টাকার কৃষিঋণ বিতরণের লক্ষ্যমাত্রা ঘোষণা করে কেন্দ্রীয় ব্যাংক। ১৪ হাজার ১৩০ কোটি টাকার মধ্যে সরকারি ও বিশেষায়িত ব্যাংকগুলোর জন্য আট হাজার ৩০০ কোটি টাকা এবং বেসরকারি ও বিদেশি ব্যাংকগুলোর জন্য পাঁচ হাজার ৮৩০ কোটি টাকার কৃষি ঋণ বিতরণের লক্ষ্য ধরা হয়েছে। বৈঠকের পর সংক্ষিপ্ত এক সংবাদ সম্মেলনে আতিউর রহমান বলেন, “টেকসই কৃষিখাতের উন্নয়নে ঋণ বিতরণের পদ্ধতিতে অবশ্যই গুণগত পরিবর্তন আনতে হবে।” ২০১১-১২ অর্থবছরে ব্যাংকগুলোকে ১৩ হাজার ৮০০ কোটি টাকা কৃষি ঋণ বিতরণের লক্ষ্যমাত্রা বেঁধে দিয়েছিল কেন্দ্রীয় ব্যাংক। এরমধ্যে সরকারি ও বিশেষায়িত ব্যাংকের লক্ষ্যমাত্রা ছিল আট হাজার ৫১০ কোটি টাকা। আর বেসরকারি ও বিদেশি ব্যাংকগুলোর জন্য বেঁধে দেওয়া হয় পাঁচ হাজার ২৯০ কোটি টাকা। গভর্নর জানান, গতবছর ব্যাংকগুলো লক্ষ্যমাত্রার ৯৫ শতাংশ ঋণ বিতরণ করেছিল। যারা পারেনি তাদের জরিমানা করা হয়েছে। তবে জিডিপি ৬ দশমিক ৩৫ অর্জনে কৃষিঋণ বিতরণের ভূমিকা রয়েছে। গত অর্থবছরে ব্যাংকগুলো ৫ লাখ বর্গাচাষির মধ্যে একহাজার ৮০ কোটি টাকা এবং ২১ লাখ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মধ্যে ৮ হাজার ৬৫ কোটি টাকা বিতরণ করে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএসজেড/এইচএএইচ/এএল/১৭৫১ ঘ.