ঢাকা, জুলাই ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পদ্মা সেতুতে অর্থায়ন নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের একমত হওয়া দরকার মন্তব্য করে বিষয়টি নিয়ে তাদের বৈঠকে বসার অনুরোধ করেছেন আনু মুহাম্মদ।
শনিবার রাজধানীর মুক্তিভবনে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) আয়োজিত ‘পদ্মা সেতু, বিশ্ব ব্যাংকের রোডম্যাপ ও জাতীয় সক্ষমতা’ শীর্ষক এক আলোচনা সভায় এ মন্তব্য করেন তেল-গ্যাস ও বিদ্যুৎ বন্দর রক্ষা জাতীয় কমিটির সদস্যসচিব।
আনু মুহাম্মদ বলেন, “একদিকে প্রধানমন্ত্রী ও সরকারদলীয় বিভিন্ন ব্যক্তি বিশ্ব ব্যাংকবিরোধী নানা কথা বলছেন, অন্যদিকে অর্থমন্ত্রীর নেতৃত্বে বিশ্ব ব্যাংকে প্রার্থনা ও তদ্বিরের চেষ্টা চলছে।”
“প্রধানমন্ত্রী ও অর্থমন্ত্রীর একটা বৈঠকে বসা উচিত। পদ্মা সেতুর অর্থায়ন কিভাবে হবে সে বিষয়ে স্পষ্ট অবস্থান গ্রহণের প্রয়োজন রয়েছে,” বলেন অর্থনীতির এই অধ্যাপক।
গত ২৯ জুন পদ্মা সেতুতে ১২০ কোটি ডলারের ঋণচুক্তি বাতিলের ঘোষণা দেয় বিশ্ব ব্যাংক। এরপর সংসদে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, নিজস্ব অর্থায়নেই পদ্মা সেতু করা হবে।
পরবর্তীতে মন্ত্রিসভার বৈঠকেও নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু নির্মাণের বিষয়ে আলোচনা হয়।
এরপর থেকে দেশের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এই প্রকল্পে অর্থ সহায়তার ঘোষণা দেন। এ অর্থ সংগ্রহের জন্য ইতোমধ্যে সরকারের পক্ষ থেকে দুটি ব্যাংক হিসাবও খোলা হয়েছে।
নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু নির্মাণের এ তোড়জোড়ের মধ্যেই স¤প্রতি অর্থমন্ত্রী মুহিত বলেন, পদ্মা সেতুতে অর্থায়নের বিষয়ে চলতি মাসেই বিশ্ব ব্যাংকের কাছ থেকে ইতিবাচক সাড়া পাওয়ার আশা করছেন তিনি।
পরে তিনি বলেন, এ প্রকল্পে বিশ্ব ব্যাংকের অর্থায়ন বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনার জন্য সংস্থাটির কর্মকর্তাদের সঙ্গে আলোচনার জন্য জাপানি দাতা সংস্থা জাইকার সহায়তা চেয়েছেন তিনি।
আনু মুহাম্মদ বলেন, “পদ্মা সেতু প্রকল্পে অর্থায়ন নিয়ে প্রধানমন্ত্রীর বক্তব্য জনগণের মধ্যে উদ্দীপনা সঞ্চার করেছে এবং এর প্রতি সম্মান রেখেই বিশ্ব ব্যাংকের ‘কবল থেকে’ দেশকে মুক্ত করা উচিত।”
বিশ্ব ব্যাংকের অর্থায়নে দেশে যতোগুলো প্রকল্প চলছে সেগুলো মূল্যায়নের জন্য কমিশন গঠন করার দাবিও জানান এই অর্থনীতিবিদ।
তিনি বলেন, “১৯৯৭ সালে মাগুরছড়া, আর ২০০৫ সালে মার্কিন ও কানাডীয় কোম্পানির কারণে আমাদের যে পরিমাণ সম্পদ নষ্ট হয়েছে তার ক্ষতিপূরণ হিসেবে আমাদের ন্যূনতম পাওনা ৪৫ হাজার কোটি টাকা। তা দিয়ে দুটি পদ্মা সেতু করার পরও টাকা থাকার কথা। কিন্তু বিশ্ব ব্যাংক কখনো এই পাওনার কথা বলেনি।”
“বিশ্ব ব্যাংক, আইএমএফ বা এডিবির মত সংস্থাগুলোর মুখে, কাগজপত্রে অপচয়- দুর্নীতি নিয়ে সব সময়ই বাগাড়ম্বর পাওয়া যায়। কিন্তু কোথায় তারা সরব হয়, কোথায় নীরব থাকে সেটা তাৎপর্যপূর্ণ।”
অনুষ্ঠানে এম এম আকাশ বলেন, বিশ্ব ব্যাংকের যে শর্তগুলো সরকার মানেনি তার মধ্যে একটি হল দুর্নীতি দমন কমিশন (দুদক) বিশ্ব ব্যাংকের ব্রিফিং টিমের অধীনে কাজ করবে।
“দুদক সাংবিধানিকভাবে একটি স্বাধীন প্রতিষ্ঠান। এই শর্ত মানা হলে জাতীয় সার্বভৌমত্বকে হেয় করা হতো, ” বলেন তিনি।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে সিপিবির সভাপতি মঞ্জুরুল আহসান খান, অর্থনীতিবিদ ড. বিনায়ক সেন, শ্রমিক নেতা শহিদুল্লাহ চৌধুরী, ইন্ডিপেনডেন্ট বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মো. এ আরাফাত প্রমুখ উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসডব্লিউ/এএইচ/২১২২ ঘ.
bdnews24