নয়াদিল্লি/ঢাকা, জুলাই ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাংলাদেশে বিনিয়োগের সুযোগ খতিয়ে দেখতে ভারতের ব্যবসায়ী নেতাদের একটি প্রতিনিধি দল বাংলাদেশ সফরে এসেছেন।
ইন্ডিয়া বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি আব্দুল মতলুব আহমাদ জানান, শুক্রবার সন্ধ্যায় ভারতের বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানের প্রধান নির্বাহীদের এই প্রতিনিধি দলটি ঢাকায় পৌঁছে।
তিনি বলেন, “শুক্রবার কনফেডারেশন অব ইন্ডিয়ান ইন্ডাস্ট্রিজের (সিআইআই) প্রতিনিধি দলটি ঢাকায় পৌঁছে হোটেল সোনারগাঁওয়ে বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনারের সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় বাংলাদেশের ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।”
ভারতের ব্যবসায়ী নেতারা বাংলাদেশের কৃষি, এয়ার-কন্ডিশনিং অ্যান্ড রেফ্রিজারেশন, অটোমোবাইল, শিক্ষা, প্রসাধনী ও ভোগ্যপণ্য, স্বাস্থ্যসেবা, অবকাঠামো ও বিদ্যুৎ খাতে বিনিয়োগের সম্ভাবনা খুঁজে দেখবেন।
১৪ সদস্যের এই প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন গোদরেজ গ্র“পের চেয়ারম্যান ও সিআইআই প্রেসিডেন্ট আদি বি গোদরেজ।
মাতলুব জানান, রোববার দুপুর আড়াইটায় সোনারগাঁও হোটেলে প্রেস ব্রিফিং করে প্রতিনিধিদলের সফর সম্পর্কে বিস্তারিত তথ্য গণমাধ্যমকে জানানো হবে।
প্রতিনিধি দলটি প্রধানমন্ত্রীর উপদেষ্টা গওহর রিজভি, অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, পররাষ্ট্রমন্ত্রী ডা. দীপু মনি, শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া, বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আতিউর রহমান, বিনিয়োগ বোর্ডের নির্বাহী চেয়ারম্যান ড. সৈয়দ আবদুস সামাদের সঙ্গে সাক্ষাৎ করবে।
এছাড়াও সিআইআই প্রতিনিধি দল ইন্ডিয়া বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ, ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ ও ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের নেতাদের সঙ্গে আলোচনা করবেন।
সোমবার সকালে প্রতিনিধি দলটি ভারতের উদেশ্যে ঢাকা ছাড়বেন।
সিআইআই বলেছে, বাংলাদেশে শীর্ষ নেতৃবৃন্দ, সরকারি কর্মকর্তা ও ব্যবসায়ী নেতাদের সঙ্গে প্রতিনিধি দলের আলোচনায় দ্বিপাক্ষিক বাণিজ্যের ক্ষেত্রে শুল্ক ও অশুল্ক বাধা, শুল্ক কার্যক্রমে সহযোগিতা, ভিসা এবং আর্থিক বিষয় প্রাধান্য পাবে।
গত কয়েক বছরে ভারত ও বাংলাদেশের মধ্যে বাণিজ্য দ্বিগুণ হয়ে গত অর্থবছরে ৪৩০ কোটি ডলারে এসে দাঁড়িয়েছে।
ভারত প্রধানত তুলা, ভোজ্য তেল, গাড়ি, লোহা ও ইস্পাত, খনিজ জ্বালানি, খাদ্যশস্য, জৈব রাসায়নিক পণ্য বাংলাদেশে রপ্তানি করে থাকে। আর বাংলাদেশ থেকে প্রধানত কাগজের সুতা ও কাপড়, মাছ, সিমেন্ট, তামা ও তামাজাতীয় দ্রব্য, অজৈব রাসায়নিক দ্রব্য, পশুর চামড়া ও সার আমদানি করে থাকে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এইচএএইচ/এসইউ/২২৪১ ঘ.
bdnews24