২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভারত থেকে ৫০০ মেগাওয়াট বিদ্যুৎ আসছে আগামী জুলাই নাগাদ

ভারত থেকে ২৫০ মেগাওয়াট বিদ্যুৎ আনার চুক্তি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। আরো ২৫০ মেগাওয়াট আনার চুক্তি শিগগরিই হবে, বলেছেন বিদ্যুৎ সচিব।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jul 2012, 12:31 PM

Updated : 24 Aug 2022, 11:46 AM

রিয়াজুল বাশার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম জ্যেষ্ঠ প্রতিবেদক ভেড়ামারা, কুষ্টিয়া, জুলাই ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আগামী বছরের জুলাইয়ের মধ্যে ভারত থেকে ৫০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যোগ হবে বলে জানিয়েছেন সরকারের একজন শীর্ষ কর্মকর্তা। বিদ্যুৎ সচিব আবুল কালাম আজাদ বলেন, “ইতোমধ্যে ২৫০ মেগাওয়াট বিদ্যুৎ আনার চুক্তি হয়ে গেছে এবং ২৫০ মেগাওয়াটের চুক্তি শিগগরিই হবে।” শুক্রবার কুষ্টিয়ার ভেড়ামারায় ভারত থেকে বিদ্যুৎ আনার জন্য নির্মাণাধীন আন্তঃদেশীয় গ্রিড উপকেন্দ্র পরির্দশনের সময় সাংবাদিকদের এ তথ্য জানান তিনি। সচিব বলেন, “বাংলাদেশ অংশে আন্তঃদেশীয় সঞ্চালন লাইন এবং গ্রিড উপকেন্দ্রের নির্মাণ কাজ ৪৫ শতাংশ সম্পন্ন হয়েছে। আগামী বছরের জুলাই নাগাদ নির্মাণ কাজ পুরোপুরি শেষ হয়ে যাবে এবং জুলাইয়ের মধ্যেই ভারত থেকে ৫০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যোগ হবে বলে আমরা আশাবাদী।” দেশের ক্রমবর্ধমান বিদ্যুৎ চাহিদা মেটানোর লক্ষ্যে ভারত থেকে ৫০০ মেগাওয়াট বিদ্যুৎ আমদানির বিষয়ে বাংলাদেশ ও ভারতের মধ্যে ২০১০ সালে একটি সমঝোতা স্মারক সই হয়। এরপর গত ফেব্রুয়ারিতে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি) ২৫০ মেগাওয়াট বিদ্যুৎ কেনার জন্য ভারতের ন্যাশনাল থারমাল পাওয়ার কোম্পানির (এনটিপিসি) সঙ্গে চুক্তি করে। বাকী ২৫০ মেগাওয়াট ভারতের বিভিন্ন বিদ্যুৎ কেন্দ্র থেকে কেনা হবে বলে জানান আবুল কালাম আজাদ। তিনি আরো বলেন, ভারতের বিভিন্ন বিদ্যুৎ কেন্দ্র থেকে আরো ২৫০ মেগাওয়াট বিদ্যুৎ আনার প্রক্রিয়া চলছে। তিন মাসের মধ্যে তা চূড়ান্ত হবে এবং আগামী জুলাইয়ের মধ্যে ৫০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যোগ হবে। ভারত থেকে আমদানি করা প্রতি ইউনিট বিদ্যুতের দাম ৪ টাকা থেকে সাড়ে ৪ টাকার মধ্যে থাকবে বলেও জানান সচিব। ভেড়ামারার গোলাপনগরে পদ্মা নদীর ওপর হার্ডিঞ্জ ব্রিজ সংলগ্ন ১১৩ একর জমিতে আন্তঃদেশীয় গ্রিড উপকেন্দ্র নির্মাণের কাজ চলছে। এই প্রকল্পে ব্যয় ধরা হয়েছে এক হাজার একশ’কোটি টাকা। প্রকল্পটির পরিচালক কাজী ইশতিয়াক হাসান সাংবাদিকদের বলেন, বাংলাদেশ অংশে ২৭ কিলোমিটারে বিদ্যুৎ সঞ্চালনের জন্য ৭৮টি টাওয়ার নির্মাণ করা হবে। এর মধ্যে ৬১টির ভিত্তি নির্মাণ সম্পন্ন হয়েছে এবং বাকী ১৭টির কাজ চলছে। ভারতের ৭৯ কিলোমিটার সঞ্চালন লাইনের নির্মাণ কাজ বাংলাদেশের চেয়ে এগিয়ে আছে বলেও জানালেন বিদ্যুৎ সচিব। আন্তঃদেশীয় ৪০০ কেভি ক্ষমতা সম্পন্ন গ্রিড লাইন নির্মাণ হলে এ সঞালন লাইন দিয়ে ১০০০ মেগাওয়াট পর্যন্ত বিদ্যুৎ আনা যাবে। এ সঞ্চালন লাইন দিয়ে পরবর্তীতে আরো বিদ্যুৎ আনার পরিকল্পনা রয়েছে জানিয়ে বিদ্যুৎ সচিব বলেন, “এ লাইন দিয়ে শুধু এই ৫০০ মেগাওয়াটই নয়, পরবতীতে নেপাল ও ভূটান থেকে বিদ্যুৎ আনার ক্ষেত্রেও আঞ্চলিক গ্রিড লাইন হিসেবে এটি ব্যবহৃত হতে পারে।” সরকারের হিসেবে, দেশে বর্তমানে বিদ্যুতের প্রকৃত চাহিদা প্রায় সাড়ে সাত হাজার মেগাওয়াট হলেও ‘ডিমান্ড সাইড ম্যানেজমেন্ট’র মাধ্যমে তা প্রায় সাড়ে ছয় হাজার মেগাওয়াটে সীমিত রাখা হয়েছে। বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার দেশে ছয় হাজার ১০০ মেগাওয়াট চাহিদার বিপরীতে উৎপাদন ধরা হয় ছয় হাজার ১৮৬ মেগাওয়াট। বর্তমান সরকার ক্ষমতায় আসার পর সরকারি ও বেসরকারি খাতে ৫৬ টি বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের জন্য চুক্তি করেছে। এর মধ্যে ২৯টি কেন্দ্র উৎপাদন শুরু করে। এছাড়া বিগত তত্ত্বাবধায়ক সরকারের আমলে চুক্তি করা আরো ১৯টি বিদ্যুৎ কেন্দ্রও এ সরকারের সময় উৎপাদনে এসেছে। পিডিবির হিসেব মতে, বর্তমান সরকারের সময় নতুন বিদ্যুৎ কেন্দ্রগুলো থেকে বিদ্যুৎ উৎপাদন বেড়েছে প্রায় সাড়ে তিন হাজার মেগাওয়াট। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরবি/এইচএ/১৮২০ ঘ.