২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বেনাপোলে শুল্ক ফাঁকি, সাড়ে ৩৪ কোটি টাকা জরিমানা

দেশের সর্ববৃহৎ স্থলবন্দর বেনাপোলে পণ্য আমদানির সময় মিথ্যা ঘোষণা দিয়ে শুল্ক ফাঁকির ঘটনা বেড়েই চলেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jul 2012, 03:27 PM

Updated : 24 Aug 2022, 11:46 AM

আসাদুজ্জামান আসাদ বেনাপোল, জুলাই ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দেশের সর্ববৃহৎ স্থলবন্দর বেনাপোলে পণ্য আমদানির সময় মিথ্যা ঘোষণা দিয়ে শুল্ক ফাঁকির ঘটনা বেড়েই চলেছে। সদ্যসমাপ্ত ২০১১-২০১২ অর্থবছরে বেনাপোল বন্দরে ২৯৪টি শুল্ক ফাঁকির ঘটনায় ৩৪ কোটি ৬০ লাখ ৩৭ হাজার টাকা জরিমানা আদায় করেছে বেনাপোল শুল্ক ভবন কর্তৃপক্ষ। এর আগে ২০১০-২০১১ অর্থবছরে ২১৮টি শুল্ক ফাঁকির ঘটনায় জরিমানা আদায় করা হয় ১৮ কোটি ৭৬ লাখ ৫৪ হাজার ৫০ টাকা। বেনাপোলের শুল্ক ভবন ও বন্দরের কতিপয় কর্মকর্তা এবং সিএন্ডএফ এজেন্টদের যোগসাজশে আমদানিকারকরা শুল্ক ফাঁকি দিয়ে পণ্য আমদানি করছেন বলে অভিযোগ রয়েছে। এবিষয়ে বেনাপোল শুল্ক ভবনের যুগ্ম-কমিশনার আকবর হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শুল্ক ভবন ও বন্দরের কতিপয় কর্মকর্তা, আমদানিকারক প্রতিষ্ঠান, সিএন্ডএফ এজেন্টদের যোগসাজশে মিথ্যা ঘোষণা দিয়ে পণ্য আমদানি বেড়েই চলেছে। তিনি বলেন, “তবে শুল্ক ফাঁকির ঘটনা ধরতে পারলে আমরা জড়িতদের বিরুদ্ধে মামলা ও নগদ অর্থদ-সহ বিভিন্ন শাস্তিমূলক ব্যবস্থা নিয়ে থাকি।” বেনাপোল শুল্ক ভবন সূত্রে জানা গেছে, ২০১১ সালের জুলাই মাসে ৩৪টি, অগাস্টে ৪১টি, সেপ্টেম্বরে ২২টি, অক্টোবর মাসে ২৮টি, নভেম্বরে ২২টি, ডিসেম্বরে ২৫টি এবং ২০১২ সালের জানুয়ারিতে ২৭টি, ফেব্রুয়ারিতে ৮টি, মার্চে ১৪টি, এপ্রিলে ১৬টি, মে মাসে ১৫টি ও জুনে ৩২টি শুল্ক ফাঁকির ঘটনায় মোট ৩৪ কোটি ৬০ লাখ ৩৭ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। অবশ্য বেনাপোল ক্লিয়ারিং এন্ড ফরোয়ার্ডিং এজেন্টস অ্যাসোসিয়েশনের (সিএন্ডএফ) সহ-সভাপতি সিরাজুল ইসলাম সিরাজ শুল্ক ফাঁকির ঘটনায় সিএন্ডএফ এজেন্টদের সংশ্লিষ্টতার অভিযোগ অস্বীকার করে বলেন, শুল্ক ফাঁকি মূলত শুল্ক ভবন, বন্দরের কর্মকর্তা এবং আমদানিকারকদের যোগসাজশে হয়ে থাকে। তিনি বলেন, “সিএন্ডএফ এজেন্ট শুধুমাত্র পণ্য ছাড় করানোর দায়িত্ব পালন করে। শুল্ক কর্মকর্তাদের সম্মতি ছাড়া শুল্ক ফাঁকি বা মিথ্যা ঘোষণা দিয়ে পণ্য আমদানি করা সম্ভব নয়।” এসব ঘটনায় বন্দরের কিছু নিরাপত্তাকর্মী জড়িত থাকার কথা স্বীকার করে বেনাপোল স্থলবন্দরের পরিচালক আব্দুল আওয়াল হাওলাদার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “অভিযোগ পেলে আমরা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেই।” বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এইচএএইচ/এইচএ/২১২১ ঘ.