২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সমস্যা সমাধানে জাইকার দ্বারস্থ অর্থমন্ত্রী

পদ্মা সেতু প্রকল্প নিয়ে চলমান জটিলতার অবসানে বিশ্ব ব্যাংকের সঙ্গে আলোচনা করতে জাইকা প্রেসিডেন্টকে বলেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jul 2012, 12:34 PM

Updated : 24 Aug 2022, 11:46 AM

ঢাকা, জুলাই ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পদ্মা সেতু প্রকল্প নিয়ে চলমান জটিলতার অবসানে বিশ্ব ব্যাংকের সঙ্গে আলোচনা করতে জাইকা প্রেসিডেন্টকে বলেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। অর্থায়ন বাতিল নিয়ে বিশ্ব ব্যাংকের কাছে ধরনা না দেওয়ার সরকারি সিদ্ধান্তের মধ্যেই অর্থমন্ত্রী বৃহস্পতিবার এই অনুরোধ করলেন। তিনি সচিবালয়ে সাংবাদিকদের বলেন, “জাইকা প্রেসিডেন্টের সঙ্গে সকালে আমার কথা (টেলিফোনে) হয়েছে। তিনি ওয়াশিংটন যাচ্ছেন। তাকে বলেছি, বিষয়টির সম্মানজনক সমাধানের জন্য যেন তিনি চেষ্টা করেন।” জাইকার প্রেসিডেন্টই কথা বলার আগ্রহ দেখিয়ে পদ্মা প্রকল্প নিয়ে বাংলাদেশের অবস্থান জানতে চেয়েছিলেন বলে জানান মুহিত। ওয়াশিংটনে বিশ্ব ব্যাংকের সদর দপ্তর এবং সেখানে সংস্থার কর্মকর্তাদের সঙ্গে জাপানের বৈদেশিক উন্নয়ন সংস্থা-জাইকার প্রেসিডেন্ট আকিহিকো তানাকার আলোচনার কথা রয়েছে। জাইকার ওয়েবসাইটে তথ্য পাওয়া গেছে, আগামী ২৩ থেকে ২৫ জুলাই পর্যন্ত ওয়াশিংটনে থাকবেন তানাকা। তিনি বিশ্ব ব্যাংকের প্রেসিডেন্ট জিম ইয়ং কিমের সঙ্গে বৈঠক করবেন। বৈঠকে যৌথ অংশীদারিত্বে চলমান উন্নয়ন প্রকল্পগুলো নিয়ে আলোচনা হবে বলে জাইকা জানিয়েছে। ২৯০ কোটি ডলারের পদ্মা সেতু প্রকল্পে বিশ্ব ব্যাংকের ১২০ কোটি ডলার দেওয়ার কথা ছিল। জাইকার দেওয়ার কথা ৪০ কোটি ডলার। দুর্নীতির বিশ্বাসযোগ্য প্রমাণ পাওয়া গেছে দাবি করে বিশ্ব ব্যাংক তাদের অর্থায়ন বাতিল করলেও জাইকা এখনো চূড়ান্ত কোনো সিদ্ধান্ত নেয়নি। গত মাসে বিশ্ব ব্যাংক প্রকল্প থেকে সরে দাঁড়ানোর পর নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু নির্মাণের ঘোষণা দেয় সরকার। মন্ত্রিসভায় আরো সিদ্ধান্ত হয়, বিশ্ব ব্যাংকের সিদ্ধান্ত পরিবর্তনের জন্য এই মুহূর্তে কোনো অনুরোধ জানাবে না সরকার। তবে অর্থমন্ত্রী বরাবরই আশা করে আসছেন, বিশ্ব ব্যাংক নিজেদের ‘ভুল’ বুঝতে পেরে তাদের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করবে। ওয়াশিংটনে বিশ্ব ব্যাংকের কর্মকর্তাদের সঙ্গে আলোচনা চলছে বলে গত ১১ জুলাইও অর্থমন্ত্রী জানিয়েছিলেন। তিনি সেদিন আরো বলেন, “আমি আশা করছি, এই মাসের মধ্যেই বিশ্ব ব্যাংকের পক্ষ থেকে একটি ইতিবাচক সাড়া পাব।” অর্থমন্ত্রী অবশ্য বলে আসছেন, বিশ্ব ব্যাংকের সিদ্ধান্ত পুনর্বিবেচনার জন্য এই মুহূর্তে তাদের কোনো চিঠি দেওয়া হবে না। ‘ স্থানীয়ভাবে অর্থ যোগান সম্ভব’ নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু বাস্তবায়ন দেশের অর্থনীতিতে বিরূপ প্রভাব ফেলবে বলে অনেকে শঙ্কা প্রকাশ করলেও অর্থমন্ত্রী বলছেন, অর্থ যোগানে সমস্যা হবে না। তবে পদ্মা প্রকল্পে অর্থ দিতে গিয়ে অন্য মন্ত্রণালয়গুলোর অর্থ পাওয়ার ক্ষেত্রে সমস্যা দেখা দিতে পারে বলে স্বীকার করেছেন তিনি। মুহিত বলেন, “পদ্মা সেতুতে ২৯০ কোটি ডলার খরচের মধ্যে ১৮০ থেকে ২০০ কোটি ডলার বিদেশি মুদ্রার প্রয়োজন হবে। তিন বছরে আমাদের অর্থনীতি এটা যোগান দিতে সক্ষম। তবে ডলারের বিনিময় হার পরিবর্তন হলে তার প্রভাব নিয়ে উদ্বেগ রয়েছে তার। পদ্মা সেতুর জন্য অন্য প্রকল্পগুলোতে কাটছাঁট হতে পারে জানিয়ে অর্থমন্ত্রী বলেন, “তখন মন্ত্রণালয়গুলো টাকা চাইলে সঙ্গে সঙ্গে হয়ত অর্থ মন্ত্রণালয় থেকে ছাড় করা সম্ভব হবে না। তখন তারা অসন্তুষ্ট হবে।” পদ্মা প্রকল্পে ১৪ কোটি ডলার অর্থায়নে চুক্তিবদ্ধ আইডিবি ‘এখনো রয়েছে’ জানিয়ে মুহিত বলেন, “আমরা এই মাসটা দেখব। এরপর বিশ্ব ব্যাংক, এডিবি ও জাইকা- এদের কেউ যদি না আসে তারপরও আমরা এই অর্থবছরেই পদ্মা সেতুর কাজ শুরু করব।” কাজ শুরুর সময় অন্য কয়েকটি দাতা সংস্থাকে আনুষ্ঠানিক অনুরোধ জানানো হবে বলে তিনি জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরএইচ/এমআই/২১০৩ ঘ.