ঢাকা, জুলাই ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পর্যাপ্ত মজুদ থাকায় এবার রমজানে ভোজ্য তেল ও চিনির দাম না বাড়ানোর প্রতিশ্রুতি দিয়েছেন ব্যবসায়ীরা।
একইসঙ্গে আন্তর্জাতিক বাজারে দাম কমায় আগামী দু’একদিনের মধ্যে ভোজ্য তেলের দাম লিটারপ্রতি ন্যূনতম এক টাকা কমানোর ঘোষণাও দিয়েছেন ভোজ্য তেল ব্যবসায়ী সমিতির কো-চেয়ারম্যান ও সিটি গ্রুপের প্রধান ফজলুর রহমান।
তবে এই বিষয়ে সমিতির অন্যদের সঙ্গে আলোচনা করেই সিদ্ধান্ত হবে বলে জানিয়েছেন তিনি।
বাণিজ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে বুধবার অনুষ্ঠিত ‘পণ্য বিপণন ও পরিবেশক নিয়োগ সংক্রান্ত জাতীয় কমিটি’র সভায় তিনি এ ঘোষণা দেন। বাণিজ্য সচিব গোলাম হোসেন এ সভায় সভাপতিত্ব করেন।
ভোজ্য তেল বিক্রির ক্ষেত্রে সরকার প্রচলিত পরিবেশক প্রথা (এসও) যথাযথভাবে অনুসরণ না করায় অসন্তোষ প্রকাশ করেন বাণিজ্য সচিব।
তিনি বলেন, দেশে গত অর্থবছরে (১ জুলাই ’১১ থেকে ৩০ জুন ’১২) পর্যন্ত পরিবেশক প্রথায় ৪ লাখ ১৮ হাজার মেট্রিক টন ভোজ্য তেল বিক্রি হয়েছে। আর আগের ডিও প্রথায় বিক্রি হয়েছে ৯ লাখ টন। এক্ষেত্রে ব্যবসায়ীরা পরিবেশক প্রথা অনুসরণে তেমন একটা আগ্রহ দেখাননি, যা কোনোভাবেই মেনে নেওয়া যায় না।
তবে একই সময়ে চিনি বিক্রির ক্ষেত্রে ডিও প্রথার চেয়ে পরিবেশক প্রথা বেশি অনুসরণ করা হয়েছে। এ পদ্ধতিতে চিনি বিক্রি হয়েছে নয় লাখ ১৪ হাজার মেট্রিক টন।
সচিব বলেন, গত অর্থবছরে দেশে মোট ১৪ লাখ ২৩ হাজার ২৭ মেট্রিক টন অপরিশোধিত ভোজ্যতেল আমদানি করা হয়েছে। এ থেকে ১৩ লাখ ৬২ হাজার ৫৪৮ মেট্রিক টন পরিশোধিত ভোজ্য তেল উৎপাদন হয়েছে। এছাড়া দেশীয় তিল, শর্ষে ও তিসিসহ অন্য তেলজাতীয় শস্য থেকে আরো ২ লাখ ৩০ হাজার মেট্রিক টন তেল উৎপাদন হয়েছে।
দেশে বর্তমানে প্রতি বছর ভোজ্য তেলের চাহিদা প্রায় ১৪ লাখ মেট্রিক টন। এ অবস্থায় দেশে বর্তমানে প্রায় ২ লাখ মেট্রিক টন তেল বেশি রয়েছে।
গত অর্থবছরে দেশে অপরিশোধিত চিনি আমদানি হয়েছে ১৮ লাখ ৫৭ হাজার মেট্রিক টন। এ থেকে পরিশোধিত চিনি উৎপাদন হয়েছে ১৭ লাখ ৩৬ হাজার মেট্রিক টন। এছাড়া দেশীয় চিনির উৎপাদন ছিল ১ লাখ টন। এ সময় দেশে ১৪ লাখ মেট্রিক টন চিনির চাহিদা ধরা হলে অতিরিক্ত চিনির মজুদ রয়েছে প্রায় সাড়ে ৪ লাখ মেট্রিক টন।
এ হিসাব দিয়ে সচিব বলেন, দেশে চিনি ও তেলের পর্যাপ্ত মজুদ রয়েছে। এছাড়া আন্তর্জাতিক বাজারে চিনি ও তেলের মূল্য পরিস্থিতি কিছুটা কমতির দিকে। তাই এ দু’টি পণ্যের দাম রোজায় বাড়ার কোনো সম্ভাবনা নেই, বরং ব্যবসায়ীরা এখন দাম কমাতে পারেন।
সচিবের আহ্বানে সাড়া দিয়ে ফজলুর রহমান বলেন, “রোজায় চিনি ও তেলের দাম বাড়ার কোনো সম্ভাবনা নেই। সমিতির সদস্যদের সঙ্গে কথা বলে তেলের দাম কমপক্ষে একটাকা কমানোর উদ্যোগ নেওয়া হবে।”
চাহিদাপত্র (ডিও) বা পরিবেশন আদেশ (এসও) বিক্রির পর পাইকারি বিক্রেতাদের ট্রাক কারখানা গেটে দু’তিন দিন আটকে রাখা বন্ধের আহ্বান জানিয়ে বাণিজ্য সচিব বলেন, এজন্য পাইকারি বিক্রেতাদের ব্যয় বাড়ে, বাড়ে এসব পণ্যের দামও।
তিনি মজুদের অতিরিক্ত ডিও বা এসও বিক্রি না করার এবং পণ্য সরবরাহের সময় ২৪ ঘণ্টায় নামিয়ে আনার আহ্বান জানান।
সভায় উপস্থিত চিনি উৎপাদনকারী সমিতির সভাপতি মোস্তফা কামাল এবং ভোজ্য তেল ব্যবসায়ী সমিতির কো-চেয়ারম্যান ফজলুর রহমান ২৪ ঘণ্টার মধ্যে পাইকারি বিক্রেতাদের কাছে কারখানা গেটে পণ্য সরবরাহ করার প্রতিশ্রুতি দেন।
এছাড়াও সভায় বৃহস্পতিবার থেকে বাজার তদারকি দলগুলোর তৎপরতা জোরদার, মন্ত্রণালয়সহ বিভিন্ন দপ্তরের শীর্ষ পর্যায়ের কর্মকর্তাদের নেতৃত্বে বাজার তদারকি কার্যক্রম শুরু এবং শুক্রবার থেকে বিভিন্ন কারখানা গেটে বিশেষ তদারকি কার্যক্রম শুরু করার সিদ্ধান্ত নেওয়া হয়।
সচিব গোলাম হোসেন জানান, বিভিন্ন প্রতিষ্ঠানের উৎপাদিত পণ্যের বোতল বা মোড়কে উল্লেখ করা মূল্যের ওপর কোন প্রকার স্টিকার পাওয়া গেলে ওইসব খুচরা দোকানদারের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এজন্য ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এমআই/১৯৫৪ ঘ.
bdnews24