ঢাকা, জুলাই ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু নির্মাণে কেন্দ্রীয় ব্যাংক সরকারকে প্রয়োজনীয় বিদেশি মুদ্রা সরবরাহ করবে বলে জানিয়েছেন গভর্নর আতিউর রহমান।
বুধবার জুলাই-ডিসেম্বর মেয়াদের নতুন মুদ্রানীতি ঘোষণার সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, “বাংলাদেশ ব্যাংক সব সময় সরকারের ইতিবাচক পদক্ষেপের ব্যাপারে সহায়তা করে থাকে। সামষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রেখে দেশের সবচেয়ে বড় অবকাঠামো প্রকল্প পদ্মা সেতু নির্মাণের ব্যাপারে সরকার চাইলে প্রয়োজনীয় ডলার সরবরাহের ব্যাপারে কেন্দ্রীয় ব্যাংক নিশ্চই সহযোগিতার হাত বাড়িয়ে দেবে।”
তবে সরকার এই সেতু নির্মাণের যে লক্ষ্য নিয়ে এগোচ্ছে তাতে এবারের মুদ্রানীতির তেমন কোনো প্রভাব থাকবে না বলে তিনি মন্তব্য করেন।
আতিউর বলেন, “সরকারের অভিপ্রায় যদি জনস্বার্থে হয় তাহলে কেন্দ্রীয় ব্যাংক অবশ্যই প্রয়োজনীয় সব ধরনের সহায়তা করবে।”
তিনি বলেন, সামগ্রিক পরিস্থিতি মাথায় রেখেই নতুন মুদ্রানীতি ঘোষণা করা হয়েছে।
“কেন্দ্রীয় ব্যাংক সরকারের ইতিবাচক প্রবৃদ্ধির ব্যাপারে সব ধরনের সহায়তা দিয়ে আসছে। পদ্মা সেতু হলে আমাদের জিডিপি প্রবৃদ্ধিতে ইতিবাচক প্রভাব পড়বে- এ বিষয়ে কারো কোনো সংশয় নেই। সে বিষয়টি বিবেচনায় নিয়ে কেন্দ্রীয় ব্যাংক সহযোগিতার হাত বাড়িয়ে দেবে।”
গভর্নর বলেন, সামগ্রিক অর্থনৈতিক স্থিতিশীলতা ঠিক রেখে কেন্দ্রীয় ব্যাংক সব সময় সার ও জ্বালানি তেল আমদানিতে প্রয়োজনীয় ডলার সরবরাহ করেছে। সরকার যদি নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু নির্মাণ করে, সেক্ষেত্রেও ডলার সরবরাহের ব্যবস্থা নেওয়া হবে।
২৯ জুন বিশ্ব ব্যাংক পদ্মা সেতুতে অর্থায়ন বাতিল করার পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজস্ব অর্থায়নে এই সেতু নির্মাণের ঘোষণা দেন। এতে সাধারণ জনগণের ব্যাপক সাড়া পাওয়া সাড়া পাওয়া গেছে বলে জানিয়েছে সরকার।
প্রধানমন্ত্রী জাতীয় সংসদে এ সেতু নির্মাণের বিষয়ে একটি রূপরেখাও উপস্থাপন করেন। এ প্রকল্পের জন্য প্রতি বছর কেন্দ্রীয় ব্যাংকের রিজার্ভ থেকে এক বিলিয়ন ডলার করে নেওয়া যাবে বলেও উল্লেখ করেন তিনি।
সাধারণের কাছ থেকে এ সেতুর জন্য অনুদান নিতে দুটি ব্যাংক হিসাব খোলারও সিদ্ধান্ত হয়েছে মন্ত্রিসভার বৈঠকে।
কেন্দ্রীয় ব্যাংক জুলাই-ডিসেম্বর মেয়াদের যে মুদ্রানীতি ঘোষণা করেছে, তাতে বলা হয়েছে- “বিশ্বায়নের সঙ্গে সঙ্গে আমাদের দেশজ উৎপাদনে বহিঃখাতের অবদান বেড়ে চলেছে। এই ধারা অব্যাহত রাখতে বিদেশি মুদ্রার পর্যাপ্ত নিরাপদ মজুদ প্রয়োজন। গত জানুয়ারি মাসে মজুদের পরিমাণ ছিল ৯ দশমিক ৪ বিলিয়ন ডলার। জুন মাসে তা ১০ দশমিক ৩ বিলিয়ন ডলারে উন্নীত হয়, যা তিন মাসের আমদানি ব্যয় মেটানোর জন্য পর্যাপ্ত।”
বিদেশি মুদ্রার একটা ‘স্বস্তিজনক’ মজুদ এবং বছরান্তে সামগ্রিক লেনদেনের স্বস্তিকর ভারসাম্য রাখার দিকেও সার্বক্ষণিক দৃষ্টি রাখার কথা বলা হয়েছে মুদ্রানীতিতে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরএইচ/জেকে/১৬২৫ ঘ.
bdnews24