ঢাকা, জুলাই ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সন্ত্রাসীদের তহবিল যোগানোর সঙ্গে জড়িত ব্যাংকগুলোর বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।
মার্কিন সিনেটের একটি তদন্তে প্রতিবেদনে বাংলাদেশের দুটি ব্যাংকের সন্ত্রাসী গ্র“পগুলোর তহবিল যোগানোতে ভূমিকা থাকতে পারে উল্লেখ করার পর এ সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।
বুধবার জাতীয় মুদ্রানীতি ঘোষণার সময় সাংবাদিকদের কেন্দ্রীয় ব্যাংকের ডেপুটি গভর্ণর এস কে সুর চৌধুরী, “২০০৫ ও ২০০৭ সালে এ রকম ঘটনায় বাংলাদেশ ব্যাংক পদক্ষেপ নিয়েছিল। আমরা এইচএসবিসি ব্যাংকের ভুমিকা খতিয়ে দেখছি। এ ক্ষেত্রে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”
এইচএসবিসি ব্যাংকের যুক্তরাষ্ট্র শাখা থেকে বাংলাদেশে এমন কিছু ব্যাংকে অর্থ পাঠানো হয়েছে, যারা জঙ্গি সংগঠনে তহবিল যুগিয়েছে বলে মনে করে মার্কিন সিনেট।
মার্কিন সিনেটের ওই তদন্ত প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশের ইসলামী ব্যাংক ও সোশ্যাল ইসলামী ব্যাংকের বিরুদ্ধে বিভিন্ন জঙ্গি সংগঠনে অর্থ জোগানোর অভিযোগ থাকলেও এইচএসবিসি এসব ব্যাংককে আর্থিক সেবা দিয়েছে।
সুর বলেন, “ভবিষ্যতে এ ধরনের কোনো ঘটনা ঘটলে বিদ্যমান আইনেই কেন্দ্রীয় ব্যাংক ব্যবস্থা নেবে।”
অনুষ্ঠানে উপস্থিত গভর্নর আতিউর রহমান জানান, বাংলাদেশ ব্যাংক প্রতিবেদনটি বিশ্লেষণ করে দেখছেন। যাচাই-বাছাই শেষে যথাযথ পদক্ষেপ নেওয়া হবে।
তিনি বলেন, “অর্থ-জালিয়াতি রোধে কেন্দ্রীয় ব্যাংকের সক্ষমতা বাড়িয়েছি আমরা।”
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএসজেড/আরআরডি/এসইউ/১৬৪৪ ঘ.
bdnews24