ঢাকা, জুলাই ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পদ্মা সেতুর নামে যারা ‘চাঁদা’ তুলছে তাদের পেটানো উচিৎ বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
মঙ্গলবার সচিবালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে মুহিত বলেন, “পদ্মা সেতুর জন্য সরকারের পক্ষ থেকে এখন পর্যন্ত অর্থ সংগ্রহের আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেওয়া হয়নি। কাউকে চাঁদা তোলার দায়িত্বও দেওয়া হয়নি। যারা এ সেতুর নামে চাঁদা তুলছে তারা সবাই চাঁদাবাজ। তাদের পেটানো উচিৎ।”
পদ্মা সেতুর চাঁদা তোলাকে কেন্দ্র করে রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি আলী আহমেদ ও সাধারণ সম্পাদক আবু হোসাইন বিপুর দুই অনুসারীর মধ্যে তর্কাতর্কির জেরে রোববার রাতে দুটি ছাত্রাবাসে সংঘর্ষ বাঁধে। এতে আব্দুলাহ আল হাসান সোহেল নামের এক ছাত্রলীগ কর্মী গুলিবিদ্ধ হয়ে নিহত হন।
মঙ্গলবার বিভিন্নœ জাতীয় দৈনিকে সোহেলের মৃত্যুর খবর প্রকাশিত হয়। এ ব্যাপারে অর্থমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলে তিনি বলেন, “কেউই চাঁদা তুলতে পারবে না।”
প্রধানমন্ত্রী নিজেদের অর্থে পদ্মা সেতু নির্মাণের ঘোষণা দেওয়ার পর দেশের মানুষের কাছ থেকে ব্যাপক সাড়া পাওয়া গেছে উল্লেখ করে অর্থমন্ত্রী বলেন, “এ বিষয়টি গুরুত্বের সঙ্গে নিয়ে আমরা (সরকার) এখন পর্যন্ত দুটি ব্যাংক অ্যাকাউন্ট খোলার সিদ্ধান্ত নিয়েছি। সেখানে মানুষ টাকা দিতে পারবে।”
বিডিনউজ টোয়েন্টিফোর ডটকম/এআরএইচ/এসইউ/১৪৪৪ ঘ.
bdnews24