ঢাকা, জুলাই ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দাবি পূরণে যোগাযোগমন্ত্রীর আশ্বাস পেয়ে টানা চারদিন পর ধর্মঘট প্রত্যাহার করে নিয়েছে অটোরিকশা চালকরা।
শনিবার রাত সাড়ে ৮টার দিকে যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদেরের সঙ্গে কথা বলে ধর্মঘট প্রত্যাহারের ঘোষণা দেয় ঢাকা অটোরিকশা শ্রমিক ইউনিয়ন সমিতি।
জমার টাকার নির্ধারিত হার কার্যকর পুলিশের হয়রানি বন্ধ, নতুন ৫ হাজার সিএনজি অটোরিকশা চালকদের দেওয়াসহ ১০টি দাবিতে গত বুধবার থেকে এই ধর্মঘট শুরু হয়।
রাতে ঢাকা অটোরিকশা শ্রমিক ইউনিয়ন সমিতির সাধারণ সম্পাদক মো. হানিফ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “মন্ত্রী মহোদয়ের সঙ্গে মোবাইল ফোনে কথা হয়েছে। তিনি আমাদের সব দাবি পূরণের আশ্বাস দিয়েছেন।”
সমিতির অন্যান্য নেতাদের সঙ্গে কথা বলে ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে বলে জানান তিনি।
এর আগে টানা চার দিন ঢাকার সড়কে অটোরিকশা না থাকায় দুর্ভোগ পোহাতে হয় নগরবাসীদের। তবে কেউ কেউ পোষণ করেছেন ভিন্ন মত।
তারা বলেছেন- সিএনজি অটোরিকশা না থাকায় বরং এই কয়দিন যানজট অনেকটা কম ছিল। তাছাড়া প্রয়োজন অনুযায়ী অটোরিকশা চালকরা কোথাও যেতেও চান না।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/এএল/২৩০৫ ঘ.
bdnews24