ঢাকা, জুলাই ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঈদে জনগণের চলাচল নির্বিঘ্ন রাখতে সড়ক ও জনপথ বিভাগের কর্মীরা ছুটির দিনেও কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন যোগাযোগ মন্ত্রী ওবায়দুল কাদের।
শনিবার রাজধানীতে এক অনুষ্ঠানে তিনি বলেন, “জনগণের দুর্ভোগ লাঘবে আমাদের সড়কগুলোকে মেরামত ও সংস্কারের কাজ চালিয়ে যেতে হবে, যাতে ঈদের আগে ও রোজায় এসব সড়ক জনদুর্ভোগ সৃষ্টি না করে।”
নিজেকে মাঠের একজন কর্মী হিসেবে উল্লেখ করে কাদের বলেন, “আমার কাজ হচ্ছে মাঠে কাজ করা। ইতোমধ্যে ৪৫টি জেলা ঘুরেছি। যেখানেই রাস্তাঘাটের সমস্যা রয়েছে, তা দেখেছি এবং সংস্কার বা মেরামতের ব্যবস্থা নিতে বলেছি। সড়ক ও জনপথ বিভাগের কর্মীরা শুক্র ও শনিবারও কাজ করছে।”
“আশা করছি রোজায় বা ঈদের আগে সাধারণ মানুষের কোন সমস্যা হবে না। তারা নিরাপদে তাদের গন্তব্যে পৌঁছাতে পারবেন,” যোগ করেন মন্ত্রী।
বাংলাদেশ শিশু একাডেমী মিলনায়তনে বেসরকারি সংস্থা (এনজিও) ‘সার্ক বিজনেস অ্যাসোসিয়েট অব হোম বেইজড ওয়ার্কার্স (সাবাহ)-এর দ্বিতীয় বার্ষিক সাধারণ সভার উদ্বোধন করেন যোগাযোগমন্ত্রী।
সার্ক অঞ্চলভিত্তিক এ বেসরকারি সংস্থাটি দেশে গৃহকর্মীদের অধিকার এবং দক্ষতা বৃদ্ধি নিয়ে কাজ করে।
সংস্থাটির হিসাব অনুযায়ী, সার্ক অঞ্চলে বর্তমানে প্রায় পাঁচ কোটি গৃহকর্মী রয়েছে। এদের অধিকাংশই নারী। এসব কর্মী কাপড়ে সেলাইয়ের কাজ, এমব্রয়ডারি, বাঁশজাতীয় পণ্য তৈরি এবং খাদ্যসামগ্রীসহ বিভিন্ন পণ্য তৈরি করে। যা বাজারে বিক্রি হয়।
সাবাহ’র কর্মীদের উদ্দেশ্যে ওবায়দুল কাদের বলেন, সার্ক উন্নয়ন তহবিলের অর্থে পরিচালিত এ সংস্থাটি নারী গৃহকর্মীদের কাজের স্বীকৃতি দিয়েছে। তাদের এ উদ্যোগ নারীর ক্ষমতায় এবং নারী শ্রমশক্তিকে অর্থনীতির মূলধারায় সম্পৃক্ত করার প্রয়াসকে আরো বেগবান করবে।
তবে অনুষ্ঠানে এবং পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী পদ্মা সেতু নিয়ে কোন মন্তব্য রাজি হননি।
সাবাহ’র চেয়ারম্যান গুলআফরোজ মাহবুবের সভাপতিত্বে অনুষ্ঠানে সাংসদ ফজিলাতুন নেসা ইন্দিরা, টিএমএসএস’র চেয়ারম্যান হোসনে আরা বেগম, ফোরকান বেগম, মাহবুব উল্লাহ ও রোজি রহমান বক্তব্য রাখেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/আরএ/১৪২৮ ঘ.
bdnews24