চট্টগ্রাম, জুলাই ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রমজানে পণ্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে নগরীর ১৭টি বাজার পর্যবেক্ষণ করবে চট্টগ্রাম জেলা প্রশাসনের বিশেষ দল।
সোমবার জেলা প্রশাসনের দ্রব্যমূল্য সংক্রান্ত টাস্কফোর্সের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
সভার সভাপতি অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এহসানে এলাহী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ১৫ জুলাই থেকে জেলা প্রশাসনের পাঁচটি দল নিয়মিত বাজার পর্যবেক্ষণ করবে।
নগরীর ১৭টি বাজার ছাড়াও চট্টগ্রামের বিভিন্ন উপজেলাতেও বাজার পর্যবেক্ষণ করবে সংশ্লিষ্ট উপজেলা প্রশাসন।
এছাড়া মঙ্গলবার থেকে নগরীর ১৭টি বাজারে পণ্যের মূল্য তালিকা টাঙাতে দোকান মালিকদের বলা হয়েছে জানিয়ে এহসানে এলাহী বলেন, খুচরা ব্যবসায়ীদের পাইকারদের কাছ থেকে পণ্য ক্রয়ের রশিদ নিতে হবে এবং তা দোকানে রাখতে হবে।
এছাড়া নগরীর প্রতিটি বাজারে ক্রেতাদের অভিযোগ জমা দেওয়ার জন্য একটি করে বাক্স স্থাপন করা হবে।
জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটরা ছাড়াও পর্যবেক্ষণ দলে চট্টগ্রাম চেম্বার, সংশ্লিষ্ট বাজার কমিটির সদস্য, ক্যাব, বিএসটিআই এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত থাকবেন।
সভায় চট্টগ্রাম চেম্বারের জ্যেষ্ঠ সহ-সভাপতি মাহবুব আলম, খাতুনগঞ্জের আমদানিকারক আবুল বশর চৌধুরী, চট্টগ্রাম কাস্টমস হাউসের মাহমুদুল হাসান, টিসিবির চট্টগ্রাম অঞ্চলের প্রধান কর্মকর্তা মো. আক্তার হোসেন, চেম্বার পরিচালক মাহফুজুল হক শাহ, কাজীর দেউড়ি বাজার সমিতির সভাপতি আবদুর রাজ্জাক উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/আরএ/১৯০১ ঘ.
bdnews24