ঢাকা, জুলাই ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দেশের অর্থনীতি নিয়ে গবেষণা এবং এতে মৌলিক অবদান রাখার জন্য প্রবীণ অর্থনীতিবিদ অধ্যাপক মুশাররফ হোসেনকে এবারের বাংলাদেশ ব্যাংক পুরস্কার দেওয়া হচ্ছে।
রোববার বাংলাদেশ ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ১৮ জুলাই বিকেল ৫টায় রাজধানীর রূপসী বাংলা হোটেলের উইন্টার গার্ডেনে আনুষ্ঠানিকভাবে মুশাররফ হোসেনকে এই সম্মাননা প্রদান করা হবে।
অনুষ্ঠানে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। পুরস্কার হিসেবে মুশাররফকে একটি স্বর্ণপদক, নগদ দুই লাখ টাকা এবং বাংলাদেশ ব্যাংকের একটি ক্রেস্ট দেওয়া হবে।
মুশাররফ হোসেন দেশীয়, আঞ্চলিক ও বৈশ্বিক অঙ্গনে উন্নয়ন অর্থনীতির তাত্ত্বিক গবেষণা এবং প্রায়োগিক চর্চায় দীর্ঘ ছয় দশক ধরে অবদান রেখে আসছেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় এবং ম্যানচেস্টার বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স অব আর্টস ডিগ্রী অর্জন করেন। পরবর্তীতে লন্ডন বিশ্ববিদ্যালয় থেকে তিনি অর্থনীতির ওপর পিএইচডি ডিগ্রী নেন।
১৯৫১ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা ছাড়াও দেশি ও বিদেশি বিভিন্ন সাহায্যকারী সংস্থায় গবেষণামূলক কাজে জড়িত ছিলেন তিনি।
বিজ্ঞপ্তিতে বলা হয়, “বর্তমানে তিনি বাংলাদেশের গ্রামাঞ্চলের ক্ষুধা ও দারিদ্র্য দূরীকরণ, সহায়তার শর্ত সহজীকরণ, রপ্তানির কাঠামোগত পরিবর্তন, রেমিট্যান্সের আন্তঃপ্রবাহ বৃদ্ধি ও তার প্রভাব, বিশ্বায়ন ও তার প্রভাব, বাংলার অর্থনৈতিক ও সামাজিক ইতিহাস, সুশীল সমাজ ও সুশাসন প্রভৃতি নিয়ে কাজ করছেন।”
কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরের নেতৃত্বে দেশের প্রথিতযশা পাঁচজন অর্থনীতিবিদের সমন্বয়ে গঠিত একটি কমিটি মুশাররফ্ হোসেনকে এ পুরস্কারের জন্য মনোনীত করেছে বলে বাংলাদেশ ব্যাংক জানায়।
এর আগে ২০০০ সালে অধ্যাপক রেহমান সোবহান এবং ২০০৯ সালে অধ্যাপক নূরুল ইসলাম বাংলাদেশ ব্যাংক পুরস্কার লাভ করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরএইচ/এএইচ/১৯২৮ ঘ.
bdnews24