২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মুদ্রানীতি নিয়ে পরামর্শে বৈঠকে গভর্নর

জুলাই-ডিসেম্বর মেয়াদের মুদ্রানীতি নিয়ে পরামর্শ করতে অর্থনীতিবিদ, গবেষক ও ব্যবসায়ী নেতাদের সঙ্গে বৈঠকে বসেছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আতিউর রহমান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jul 2012, 01:43 PM

Updated : 24 Aug 2022, 11:41 AM

ঢাকা, জুলাই ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জুলাই-ডিসেম্বর মেয়াদের মুদ্রানীতি নিয়ে পরামর্শ করতে অর্থনীতিবিদ, গবেষক ও ব্যবসায়ী নেতাদের সঙ্গে বৈঠকে বসেছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আতিউর রহমান। শনিবার সন্ধ্যায় রাজধানীর পাম ভিউ রেস্টুরেন্টে ওই বৈঠকে কেন্দ্রীয় ব্যাংকের সাবেক গভর্নররাও উপস্থিত থাকবেন। বিকেলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে গভর্নর বলেন, “বর্তমান বিশ্ব পেক্ষাপটে আমাদের নতুন মুদ্রানীতি কেমন হওয়া উচিৎ- সে বিষয়ে পরামর্শ নিতেই আমরা বৈঠকে বসছি। এতে বিশিষ্ট অর্থনীতিবিদ, গবেষক, ব্যবসায়ী নেতা ও কেন্দ্রীয় ব্যাংকের সাবেক গভর্নরদের আমন্ত্রণ জানানো হয়েছে।” তাদের পরামর্শের আলোকে চলতি মাসের তৃতীয় সপ্তাহে জুলাই-ডিসেম্বর মেয়াদের নতুন মুদ্রানীতি ঘোষণা করা হবে বলেও জানান তিনি। জানুয়ারি-জুন মেয়াদের মুদ্রানীতিতে মূল্যস্ফীতি এক অংকের ঘরে নামিয়ে আনার ঘোষণা দেওয়া হয়েছিল। আতিউর রহমান বলেন, “ওই ঘোষণার ক্ষেত্রে আমরা সফল হয়েছি বলতে পারি। কেননা, গত তিন মাস ধরে মূল্যস্ফীতি দুই অংকের নিচে।” বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) সর্বশেষ হিসাবে পয়েন্ট-টু-পয়েন্ট ভিত্তিতে (মাসওয়ারি) জুন মাসে মূল্যস্ফীতির হার দাঁড়িয়েছে ৮ দশমিক ৫৬ শতাংশ। মে ও এপ্রিল মাসে এ হার ছিল যথাক্রমে ৯ দশমিক ১৫ ও ৯ দশমিক ৯৩ শতাংশ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরএইচ/এএল/১৯৩৮ ঘ.