আবদুর রহিম হারমাছি
প্রধান অর্থনৈতিক প্রতিবেদক
ঢাকা, জুলাই ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গত ১০ মাস পদ্মা সেতুতে বিশ্ব ব্যাংকের অর্থায়ন ঝুলে থাকার সময়ে বিদেশি সাহায্যের ক্ষেত্রে নেতিবাচক প্রভাব না পড়লেও অর্থায়ন বাতিলের চূড়ান্ত ঘোষণা আসার পর তা কমতে পারে বলে আশঙ্কা অর্থনীতিবিদদের।
তবে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলছেন, পদ্মা প্রকল্পের প্রভাব বিদেশি সহায়তার ক্ষেত্রে পড়বে বলে তিনি মনে করেন না।
অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সর্বশেষ তথ্য অনুযায়ী, গত ৩০ জুন শেষ হওয়া ২০১১-১২ অর্থবছরের প্রথম ১১ মাসে (জুলাই-মে) বিভিন্ন দাতা দেশ ও সংস্থা ১৭১ কোটি ৮৬ লাখ (১ দশমিক ৭২ বিলিয়ন) ডলারের ঋণ-সহায়তা ছাড় করেছে।
এর মধ্যে বিশ্ব ব্যাংক একাই ছাড় করেছে ৫৫ কোটি ডলারের মতো, যা গত অর্থবছরের একই সময়ের চেয়ে ২০ শতাংশ বেশি।
বিশ্ব ব্যাংক ঢাকা কার্যালয়ের জ্যেষ্ঠ অর্থনীতিবিদ জাহিদ হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “অর্থবছরের প্রথম দিকে বাংলাদেশে বিদেশি সাহায্য প্রবাহ কম ছাড় হলেও শেষ দিকে এসে বেশ ভালো অর্থ ছাড় হয়েছে।”
২০১১-১২ অর্থবছরের জুলাই-মে সময়ে আগের অর্থবছরের একই সময়ের চেয়ে ১৮ শতাংশ বেশি বিদেশি সাহায্য দেশে এসেছে বলে অর্থনৈতিক সম্পর্ক বিভাড়ের তথ্য।
গত জুন মাসের শেষ দিকেই পদ্মা সেতু প্রকল্পে অর্থায়ন বাতিলের ঘোষণা দেয় বিশ্ব ব্যাংক। দুর্নীতির অভিযোগ তুলে গত সেপ্টেম্বরে তারা অর্থায়ন স্থগিত করেছিল। এখন তারা বলছে, দুর্নীতির বিশ্বাসযোগ্য প্রমাণ তারা পেয়েছে।
বিশ্ব ব্যাংকের পথ ধরে এশীয় উন্নয়ন ব্যাংকও (এডিবি) পদ্মা প্রকল্প থেকে সরে দাঁড়িয়েছে।
এর প্রভাব বিদেশি সহায়তার ওপর পড়বে ধারণা করে তত্ত্বাবধায়ক সরকারের সাবেক অর্থ উপদেষ্টা আকবর আলি খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বিশ্ব ব্যাংক ও এডিবি আমাদের বড় উন্নয়ন সহযোগী। পদ্মা সেতু নিয়ে এই দুই সংস্থার সঙ্গে সরকারের সম্পর্কের টানাপোড়েন চলছে। এর একটা সম্মানজনক সমাধান না হলে আমাদের ফরেন এইড প্রবাহ কমে যেতে পারে।”
তবে অর্থমন্ত্রী বলেন, “বিশ্ব ব্যাংকের ৩৫টি প্রকল্প বর্তমানে চলমান। সেগুলোতে কোনো সমস্যা হচ্ছে না। ভবিষ্যতেও কোনো সমস্যা হবে না বলে আমি মনে করি।”
বুধবার জাতীয় কবি কাজী নজরুল ইসলামের বিদ্রোহী কবিতা রচনার ৯০ বছর উদযাপন অনুষ্ঠানে যোগ দিতে কলকাতা যাওয়ার আগে তিনি বিডিনিউজ টােয়েন্টিফোর ডটকমকে এ কথা বলেন।
বিশ্ব ব্যাংকের সিদ্ধান্ত পুনর্বিবেচনার জন্য সংস্থাটির কাছে আগামী সপ্তাহেই চিঠি দেবেন বলেও জানান মুহিত।
অর্থনৈতিক সম্পর্ক বিভাগের তথ্য অনুযায়ী, ২০১০-১১ অর্থবছরের জুলাই-মে সময়ে ১৪৬ কোটি (১ দশমিক ৪৬ বিলিয়ন) ডলারের সহায়তা এসেছিল। আর পুরো অর্থবছরে এসেছিল ১৭৭ কোটি ৭২ লাখ ডলার।
সদ্য সমাপ্ত অর্থবছরের জুলাই-মে সময়ে নিট বৈদেশিক সাহায্যের পরিমাণও বেড়েছে। এ সময়ে ৯৯ কোটি ৪৩ লাখ ডলারের নিট সাহায্য এসেছে। ২০১০-১১ অর্থবছরের একই সময়ে এসেছিল ৮০ কোটি ৭৪ লাখ ডলার।
মোট যে সাহায্য আসে, তার থেকে বিভিন্ন সময়ে নেয়া ঋণ-সহায়তার সুদ-আসল পরিশোধের পর যেটা বাকি থাকে সেটাকে হিসাব করেই নিট সাহয্যের হিসাব করা হয়।
গত ২০১০-১১ অর্থবছরে সবমিলিয়ে ১৭৭ কোটি ৭২ লাখ ডলারের বিদেশি সাহায্য এসেছিল। এরমধ্যে সুদ-আসল পরিশোধে চলে যায় ৭২ কোটি ৭৫ লাখ ডলার। নিট সাহায্যের পরিমাণ ছিল ১০৪ কোটি ৯৬ লাখ ডলার।
২০১১-১২ অর্থবছরের জুলাই-মে সময়ে সবমিলিয়ে ১৭১ কোটি ৮৬ লাখ ডলার ঋণ-সহায়তা এসেছে। এরমধ্যে সুদ-আসল বাবদ পরিশোধ করা হয়েছে ৭২ কোটি ৪৩ লাখ ডলার। নিট সাহায্য এসেছে ৯৯ কোটি ৪৩ লাখ ডলার।
অর্থ্যাৎ সদ্য সমাপ্ত অর্থবছরের ১১ মাসেই আগের অর্থবছরের পুরো সময়ের প্রায় সমান বিদেশি সাহায্য এসেছে।
২০০৯-১০ অর্থবছরে মোট ২১৬ কোটি ৪৪ লাখ ডলারের ঋণ-সহায়তা এসেছিল। তারমধ্যে ৬৮ কোটি ৭৪ লাখ ডলার চলে গিয়েছিল দেনা পরিশোধে। নিট ঋণ-সহায়তার পরিমাণ ছিল ১৪৭ কোটি ৭০ লাখ ডলার।
গত কয়েক বছরের বিদেশি সাহায্যের তথ্য বিশ্লেষণে দেখা যায়, ১৯৯৯-০০ অর্থবছরে দেশে নিট বৈদেশিক সাহায্যের পরিমাণ ছিল ১১৭ কোটি ৯০ লাখ ডলার। ২০০০-০১ অর্থবছরে তা কমে ৯৫ কোটি ২৩ লাখ ডলারে নেমে আসে।
২০০১-০২ ও ২০০২-০৩ অর্থবছরে এ সাহায্যের পরিমাণ ছিল যথাক্রমে ১০১ কোটি ৯৮ লাখ ও ১১৩ কোটি ৩০ লাখ ডলার। ২০০৩-০৪ অর্থবছরে বৈদেশিক সাহায্য ৬১ কোটি ৩ লাখ ডলারে নেমে আসে।
২০০৪-০৫ অর্থবছরে ছিল ১০১ কোটি ৫৮ লাখ ডলার। ২০০৫-০৬ অর্থবছরে ছিল ১০৭ কোটি ৮৮ লাখ ডলার।
২০০৬-০৭ অর্থবছরে দেশে নিট বৈদেশিক সাহায্য আসে ১০৯ কোটি ৯৫ লাখ ডলার। ২০০৭-০৮ অর্থবছর ও ২০০৮-০৯ অর্থবছরে এসেছিল যথাক্রমে ১৩৭ কোটি ৬৫ লাখ এবং ১০২ কোটি ২৮ লাখ ডলার।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরএইচ/এমআই/১১৫৪ ঘ.
bdnews24