২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তথ্যকল্যাণীদের সহজ শর্তে ঋণ দেবে এনবিএল

্রামীণ নারীদের ক্ষমতায়নে তথ্যকল্যাণীদের সহজ শর্তে ঋণ দেবে বেসরকারি ন্যাশনাল ব্যাংক লিমিটেড (এনবিএল)।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jul 2012, 02:00 PM

Updated : 24 Aug 2022, 11:40 AM

ঢাকা, জুলাই ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গ্রামীণ নারীদের ক্ষমতায়নে তথ্যকল্যাণীদের সহজ শর্তে ঋণ দেবে বেসরকারি ন্যাশনাল ব্যাংক লিমিটেড (এনবিএল)। বাংলাদেশ ব্যাংকের পুনঃঅর্থায়ন প্রকল্পের আওতায় এই ঋণ দেওয়ার লক্ষ্যে বুধবার একটি চুক্তি সই করেছে ন্যাশনাল ব্যাংক, প্রকল্প বাস্তবায়নকারী প্রতিষ্ঠান ডি. নেট ও ফেয়ার প্রাইস ইন্টারন্যাশনাল। ‘তথ্যকল্যাণী’ হলো গ্রামের শিক্ষিত নারীদের একটি আধুনিক স্বনির্ভর পেশা। যারা নিজ বাড়িতে বা সাইকেল চালিয়ে বাড়ি বাড়ি ঘুরে ল্যাপটপ, মোবাইল ফোন, ইন্টারনেট এর সাহায্যে বিভিন্ন শ্রেণী-পেশার মানুষকে তথ্য পরামর্শ ও রকমারি সেবা দিয়ে থাকেন। তথ্যপ্রযুক্তি বিষয়ক এনজিও ডি.নেট তথ্যকল্যাণী মডেলের প্রবর্তক। ডি. নেটের অধীনে সারা দেশে নিয়োজিত তথ্যকল্যাণীরা তথ্য-প্রযুক্তি ব্যবহার করে গ্রামের মানুষকে স্বাস্থ্য, চিকিৎসা, শিক্ষা, যোগাযোগসহ ২০ ধরনের বিশেষ সেবা দিয়ে যাচ্ছেন। এ তথ্যকল্যাণীদের সর্বোচ্চ ১০ শতাংশ সুদে ঋণ দেওয়ার উদ্যোগ নিয়েছে ন্যাশনাল ব্যাংক। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আতিউর রহমান বলেন, “তথ্যপ্রযুক্তির এই যুগে টেকসই জীবনমান গড়ে তুলতে তথ্য-প্রযুক্তিভিত্তিক সেবার বিকল্প নেই। আর এই তথ্য-প্রযুক্তিভিত্তিক সেবা আমাদের সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার অন্যতম মাধ্যম হতে পারে তথ্যকল্যাণীরা।” তিনি আরো বলেন, বাংলাদেশ ব্যাংকের ক্লাস্টার উন্নয়ন অভিযাত্রায় তথ্যকল্যাণীকেও একটি ক্লাস্টার হিসেবে চিহ্নিত করা যায়। তথ্যকল্যাণীকে পেশা হিসেবে গ্রহণে আগ্রহী গ্রামীণ নারী উদ্যোক্তারা যেন বাংলাদেশ ব্যাংকের পুনঃঅর্থায়ন সুবিধা অনায়াসে পেতে পারেন সে জন্য ন্যাশনাল ব্যাংক প্রবর্তিত তথ্যকল্যাণী কর্মসূচির মতো নতুন নতুন ঋণ প্রোডাক্ট নিয়ে অন্য ব্যাংকগুলোও এগিয়ে আসবে এবং নারী উদ্যোক্তা উন্নয়নে ভূমিকা পালন করবে বলে আমি আশা করছি। ন্যাশনাল ব্যাংকের নির্বাহী কমিটির চেয়ারম্যান পারভীন হক সিকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন মানুষের জন্য ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক শাহীন আনাম, ডি.নেটের নির্বাহী পরিচালক ড. অনন্য রায়হান প্রমুখ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরবি/এইচএ/১৯৫৪ ঘ.