২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সেতু বিভাগের তিন প্রকৌশলীকে দুদকের জিজ্ঞাসাবাদ

পদ্মা সেতু প্রকল্পে কথিত দুর্নীতির অভিযোগের বিষয়ে বুধবার সেতু বিভাগের তিন প্রকৌশলীকে জিজ্ঞাসাবাদ করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jul 2012, 12:00 PM

Updated : 24 Aug 2022, 11:40 AM

ঢাকা, জুলাই ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পদ্মা সেতু প্রকল্পে কথিত দুর্নীতির অভিযোগের বিষয়ে বুধবার সেতু বিভাগের তিন প্রকৌশলীকে জিজ্ঞাসাবাদ করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। তারা হলেন- তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. লিয়াকত আলী, সহকারী প্রকৌশলী গোলাম মর্তুজা ও আবুল কালাম আজাদ। দুদকের জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্রাচার্য্য এ কথা জানান। তিনি বলেন, সেতু বিভাগের এই তিন প্রকৌশলীকে দুদক কর্মকর্তারা জিজ্ঞাসাবাদ করেছেন। বুধবার রাজধানীর সেগুনবাগিচায় দুর্নীতি দমন কমিশনের (দুদক) কার্যালয়ে তাদের জিজ্ঞাসাবাদ করা হয়। তবে এ বিষয়ে বিস্তারিত কিছু জানাতে অপারগতা প্রকাশ করেন দুদকের জনসংযোগ কর্মকর্তা। শুক্রবার এক বিবৃতিতে বিশ্বব্যাংক পদ্মা সেতু প্রকল্পে তাদের অর্থায়ন বাতিলের ঘোষণা দেয়। গত বছরের এপ্রিলে সাক্ষরিত চুক্তি অনুযায়ী ২৯০ কোটি ডলারের এই প্রকল্পে তাদের ১২০ কোটি ডলার দেওয়ার কথা ছিল। চুক্তি বাতিলের পক্ষে বিশ্ব ব্যাংক যুক্তি দেখিয়েছে, এই প্রকল্পে বাংলাদেশের শীর্ষ পর্যায়ের সরকারি কর্মকর্তাদের দুর্নীতির ‘বিশ্বাসযোগ্য’ প্রমাণ মিলেছে। ‘দুর্নীতির’ বিষয়টি বাংলাদেশ সরকারকে জানানো হয়েছে জানিয়ে বিবৃতিতে বলা হয়, “এক্ষেত্রে বাংলাদেশ সরকারের যথাযথ সাড়া না মেলায় প্রকল্পে অর্থায়ন বাতিল করা হয়েছে এবং এই সিদ্ধান্ত অনতিবিলম্বে কার্যকর হবে।” পদ্মা প্রকল্পে ‘দুর্নীতির’ তথ্য প্রমাণ গত সেপ্টেম্বর এবং গত এপ্রিল মাসে প্রধানমন্ত্রীর কার্যালয়, অর্থ মন্ত্রণালয় এবং দুর্নীতি দমন কমিশনে দেওয়া হয় বলে বিশ্বব্যাংকের বিবৃতিতে বলা হয়। এদিকে জনবল নিয়োগে দুর্নীতির অভিযোগে রেলের চট্টগ্রাম জোনের অতিরিক্ত প্রধান প্রকৌশলী এস এম লিয়াকত আলী, চট্টগ্রাম (সদর পূর্ব) জোনের প্রকৌশলী এম মহিউদ্দিন এবং একই অঞ্চলের আইন কর্মকর্তা আমানুল্লাহকে দুদক কর্মকর্তারা জিজ্ঞাসাবাদ করেন বলে জানান প্রণব কুমার ভট্রাচার্য্য। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরআর/এইচএ/১৭৫৬ ঘ.