ঢাকা, জুলাই ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দুর্নীতির অভিযোগ তুলে বিশ্ব ব্যাংক পদ্মা সেতু প্রকল্পে অর্থায়ন বাতিলের ঘোষণা দিলেও ঋণদাতা অন্যতম সংস্থা ইসলামী উন্নয়ন ব্যংক (আইডিবি) বলেছে, তারা এখনই সরে যাচ্ছে না।
আইডিবির ঢাকা কার্যালয়ের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা মঙ্গলবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এ প্রকল্পের আরেক ঋণদাতা জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সির (জাইকা) মতো তারাও ধীরে চলো নীতি অনুসরণ করতে চান।
তিনি বলেন, “আইডিবি এখনই চুক্তি বাতিল করছে না। ব্যাংক বাংলাদেশ সরকারকে আরো সময় দিতে চায়।”
“বিদ্যামান চুক্তিটি যদি বাতিলও হয়, আইডিবি পদ্মা প্রকল্প নিয়ে নতুন চুক্তি করতে প্রস্তুত আছে,” বলেন এই কর্মকর্তা।
২৯০ কোটি ডলারের এই প্রকল্পে ১৪ কোটি ডলার ঋণ দেওয়ার জন্য গত বছর সরকারের সঙ্গে চুক্তি করেছিল আইডিবি। মূল অর্থদাতা বিশ্ব ব্যাংকের দেওয়ার কথা ছিল ১২০ কোটি ডলার।
এছাড়া এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) ৬১ কোটি এবং জাইকা ৪০ কোটি ডলার দেওয়ার চুক্তি করেছিল সরকারের সঙ্গে।
এর মধ্যে জাইকার একজন মুখপাত্র সোমবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, তাদের অবস্থান বদলায়নি।
“আমরা আশা করি, বাংলাদেশ সরকার গঠনমূলক উপায়ে বর্তমান সমস্যা সমাধান করবে।”
তবে এ প্রকল্প থেকে সরে যাওয়ার ইঙ্গিত দিয়ে এডিবি বলেছে, পরিচালনের ক্ষেত্রে এডিবি ও বিশ্ব ব্যাংক একই ধরনের নীতি, নিয়ম ও পদ্ধতি অনুসরণ করে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরএইচ/জেকে/১৮৪০ ঘ.
bdnews24