ঢাকা, জুলাই ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দুর্নীতির অভিযোগ তুলে প্রধান অর্থায়নকারী সংস্থা বিশ্ব ব্যাংক পদ্মা সেতু প্রকল্পে অর্থায়ন বাতিলের ঘোষণা দিলেও ঋণদাতা অন্যতম সংস্থা জাইকা বলেছে, তারা এ প্রকল্প ছাড়ছে না।
জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সির (জাইকা) একজন মুখপাত্র সোমবার সন্ধ্যায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমাদের অবস্থান বদলায়নি। আমরা আশা করি, বাংলাদেশ সরকার গঠনমূলক উপায়ে বর্তমান সমস্যা সমাধান করবে।”
২৯০ কোটি ডলারের পদ্মা সেতু প্রকল্পে জাইকার ৪০ কোটি ডলার দেওয়ার কথা রয়েছে। এই প্রকল্পে ১২০ কোটি ডলার দেওয়ার কথা ছিল বিশ্ব ব্যাংকের।
বিশ্ব ব্যাংক অর্থায়ন বাতিলের ঘোষণা দেওয়ার পর ঢাকায় জাইকার প্রতিনিধি কেই তোয়ামা রোববার সাংবাদিকদের বলেছিলেন, “সরকারের (জাপান) সঙ্গে আলোচনা করে আমরা এ বিষয়ে সিদ্ধান্ত নেব।”
বিশ্ব ব্যাংকের পর সোমবার এই প্রকল্প থেকে সরে যাওয়ার ইঙ্গিত দেয় অর্থায়নকারী আরেক সংস্থা এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। এই প্রকল্পে তাদের দেওয়ার কথা ছিল ৬১ কোটি ডলার।
ম্যানিলাভিত্তিক প্রতিষ্ঠান এডিবি বলেছে, পদ্মা সেতু প্রকল্প থেকে বিশ্ব ব্যাংক সরে যাওয়ার পর কার্যত বাধ্য হয়ে একই পথ ধরছে তারা।
“পরিচালনের ক্ষেত্রে এডিবি ও বিশ্ব ব্যাংক একই ধরনের নীতি, নিয়ম ও পদ্ধতি অনুসরণ করে।”
দেশের বহু প্রতীক্ষিত এই নির্মাণ প্রকল্পে অর্থায়নকারী অন্য সংস্থা ইসলামী উন্নয়ন ব্যাংক (আইডিবি) এখনো চূড়ান্ত সিদ্ধান্ত জানায়নি। এই প্রকল্পে আইডিবি ১৪ কোটি ডলার দিতে চুক্তি করে।
পদ্মা সেতু প্রকল্পের জন্য ঋণদাতা চারটি সংস্থার সঙ্গে গত বছর আলাদা আলাদা চুক্তি করে সরকার।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরএইচ/এএইচ/এমআই/২০৫৬ ঘ.
bdnews24