২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নৌবাণিজ্য প্রটোকলের মেয়াদ বাড়ছে

রক্ষণাবেক্ষণের জন্য ভারতের দেওয়া অর্থের পরিমাণ প্রায় দ্বিগুণ করে দুই দেশের নৌবাণিজ্য প্রটোকলের মেয়াদ দুই বছর বাড়ানোর সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন নৌমন্ত্রী শাজাহান খান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jul 2012, 11:19 AM

Updated : 24 Aug 2022, 11:39 AM

ঢাকা, জুলাই ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রক্ষণাবেক্ষণের জন্য ভারতের দেওয়া অর্থের পরিমাণ প্রায় দ্বিগুণ করে দুই দেশের নৌবাণিজ্য প্রটোকলের মেয়াদ দুই বছর বাড়ানোর সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন নৌমন্ত্রী শাজাহান খান। সোমবার ঢাকায় শুরু হওয়া বাংলাদেশ ও ভারত নৌসচিব পর্যায়ের বৈঠকে এই সিদ্ধান্ত হয়। বৈঠকের পর দুই দেশের প্রতিনিধিরা সচিবালয়ে নৌমন্ত্রীর সঙ্গে দেখা করে বৈঠকের সিদ্ধান্ত জানান। শাজাহান খান সাংবাদিকদের বলেন, ভারত-বাংলাদেশ নৌ বাণিজ্য প্রটোকলের মেয়াদ ২০১৪ সালের ৩১ মার্চ পর্যন্ত বাড়ানো হচ্ছে। মঙ্গলবার সকাল সাড়ে ৯টায় এ বিষয়ে দুই দেশের মধ্যে চুক্তি হবে। তখনই চুক্তির শর্তগুলো বিস্তারিত জানানো হবে। হোটেল সোনারগাঁওয়ে সচিব পর্যায়ের দুই দিনব্যাপী এ বৈঠকে ১৭ সদস্যের বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন নৌপরিবহন সচিব আবদুল মান্নান হাওলাদার। ভারতের সাত সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্বে রয়েছেন দেশটির নৌসচিব প্রদীপ কুমার সিনহা। মঙ্গলবার চুক্তির স্বাক্ষরের পর যৌথ সংবাদ সম্মেলনে এই বৈঠকের বিষয়ে বিস্তারিত জানাবেন দুই দেশের প্রতিনিধিদের। আলোচনার বিষয়ে নৌসচিব মান্নান হাওলাদার সাংবাদিকদের বলেন, আলোচনার মাধ্যমে চুক্তির শর্ত পরিবর্তন করে নৌবাণিজ্য প্রটোকলের মেয়াদ দুই বছর বাড়ানোর সিদ্ধান্ত হয়েছে। এতে ভারতের কাছ থেকে রক্ষণাবেক্ষণ ব্যয়ও বাড়ানো হয়েছে। “আগের ব্যয় সাড়ে ৫ কোটি টাকা ছিল, তা বর্তমানে বাড়িয়ে ১০ কোটি টাকা করা হয়েছে,” বলেন নৌসচিব। তিনি বলেন, ভারতের সাথে সর্বশেষ নৌ-প্রটোকলের মেয়াদ গত ৩১ মার্চ শেষ হয়েছে। মঙ্গলবার স্বাক্ষর হতে যাওয়া নতুন চুক্তি চলতি বছরের ১ এপ্রিল থেকে ২০১৪ সালের ৩১ মার্চ পর্যন্ত বহাল থাকবে। ভারতের সঙ্গে চুক্তির ক্ষেত্রে দেশের স্বার্থবিরোধী কিছু হবে না জানিয়ে শাজাহান খান বলেন, “আমরা আমাদের স্বার্থ জলাঞ্জলি দিয়ে ভারতের সঙ্গে কোনো চুক্তি করব না। আমরা রক্ষণাবেক্ষণ খরচ আগের তুলনায় বাড়িয়েছি। এ বিষয়ে আরো ভালো খবর আসছে। চুক্তির পরই আপনারা তা জানতে পারবেন।” তিনি বলেন, “গত বছর দিল্লিতে অনুষ্ঠিত সভায় ভারত চুক্তির শর্ত অপরিবর্তিত রেখে আরো তিন বছরের জন্য মেয়াদ বাড়ানোর চাপ দিয়েছিল। আমরা তাতে সম্মত হইনি। আমরা দেখেছি তাদের চাওয়া পূরণ করলে আমাদের ক্ষতি হতো। পরে এক বছরের জন্য প্রটোকলের মেয়াদ বাড়ানো হয়।” নৌ-সচিব মান্নান হাওলাদার বলেন, অনেকে বলছেন দেশের স্বার্থ জলাঞ্জলি দিয়ে আমরা নৌ-প্রটোকল চুক্তি করছি। বিষয়টি সঠিক নয়। আমাদের স্বার্থ ছেড়ে আমরা ভারতকে কিছু পেতে দেব না। তবে দরকষাকষির জন্য কিছু জিনিস হাতে রাখতে হয়।” বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এমআই/১৯০৫ ঘ.