ঢাকা, জুলাই ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পদ্মা সেতুতে বিশ্ব ব্যাংকের অর্থায়ন বাতিল করার সিদ্ধান্তসহ প্রকল্পের সার্বিক অবস্থা নিয়ে সন্ধ্যায় সরকারের প্রতিক্রিয়া জানাবেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
রোববার সন্ধ্যা ৭টায় অর্থ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে অর্থমন্ত্রী সংবাদ সম্মেলন করবেন বলে জানিয়েছেন অর্থমন্ত্রণালয়ের জ্যেষ্ঠ তথ্য কর্মকর্তা শাহেদুর রহমান।
প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা গওহর রিজভী, অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব ইকবাল মাহামুদ ও সেতু বিভাগের সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম এ সংবাদ সম্মেলনে উপস্থিত থাকবেন।
দুর্নীতির অভিযোগ তুলে বিশ্ব ব্যাংক শুক্রবার পদ্মা সেতু প্রকল্পে অর্থায়ন বাতিলের ঘোষণা দেয়। ২৯০ কোটি ডলারের এই প্রকল্পে তাদের ১২০ কোটি ডলার দেওয়ার কথা ছিল।
এই সিদ্ধান্তের কারণ হিসাবে বিশ্ব ব্যাংক বলেছে, পদ্মা প্রকল্পে বাংলাদেশের শীর্ষ পর্যায়ের সরকারি কর্মকর্তাদের দুর্নীতির ‘বিশ্বাসযোগ্য’ প্রমাণ তারা পেয়েছে। তবে দুর্নীতির অভিযোগ বরাবরই অস্বীকার করে আসছে সরকার।
বিশ্ব ব্যাংক গত বছর এ প্রকল্পের অর্থায়ন স্থগিত করলে সরকার মালয়শিয়ার সঙ্গে আলোচনায় যায়। তবে অর্থমন্ত্রী বিশ্ব ব্যাংকের সঙ্গে জটিলতার অবসান ঘটানোর পক্ষপাতি ছিলেন।
গত মে মাসে ম্যানিলায় এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) বার্ষিক সভা থেকে ফিরে অর্থমন্ত্রী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেছিলেন, পদ্মা সেতু প্রকল্প নিয়ে যে জটিলতা তৈরি হয়েছে, তার নিরসন জুনের মধ্যে হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরএইচ/এইচএএইচ/জেকে/১৬২২ ঘ.
bdnews24