২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজস্ব আদায় কমেছে বেনাপোলে

দেশের অন্যতম রাজস্ব আদায়কারী প্রতিষ্ঠান বেনাপোল কাস্টমস হাউজ রাজস্ব আদায়ে লক্ষমাত্রা অর্জন করতে পারেনি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jun 2012, 05:07 PM

Updated : 24 Aug 2022, 11:38 AM

বেনাপোল, জুন ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দেশের অন্যতম রাজস্ব আদায়কারী প্রতিষ্ঠান বেনাপোল কাস্টমস হাউজ রাজস্ব আদায়ে লক্ষমাত্রা অর্জন করতে পারেনি। ২০১১-১২ অর্থবছরে ২ হাজার ২শ’ ৮১ কোটি ৪০ লাখ টাকার রাজস্ব আদায় হয়েছে বেনাপোল স্থলবন্দরে যা জাতীয় রাজস্ব বোর্ড নির্ধারিত লক্ষ্যমাত্রার চেয়ে ৭ দশমিক ৮২ শতাংশ কম। বেনাপোল কাস্টমস হাউজের কম্পিউটার (প্রোগ্রামার) শাখার কর্মকর্তা গোলাম কবীর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সদ্যসমাপ্ত ২০১১-২০১২ অর্থবছরে জাতীয় রাজস্ব বোর্ড বেনাপোল কাস্টমস হাউজের জন্য ২ হাজার ৪শ’ ৭৫ কোটি টাকার রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করে দেয়। কিন্তু এসময়ে একশো ৯৩ কোটি ৬০ লাখ টাকা কম রাজস্ব আদায় হয়েছে।” টানা দুই অর্থবছ লক্ষ্যমাত্রার চেয়ে বেশি রাজস্ব আদায় করতে সক্ষম হলেও এবার লক্ষ্যমাত্রা অর্জন করতে ব্যর্থ হল বেনাপোল কাস্টমস হাউজ। ২০০৯-২০১০ অর্থবছরে অতিরিক্ত রাজস্ব আদায় হয়েছিল ১শ ৫৭ কোটি টাকা। এসময় এক হাজার ৭শ’ ৮৩ কোটি টাকার লক্ষ্যমাত্রার বিপরীতে রাজস্ব আদায় হয়েছিল এক হাজার ৯শ’ ৪০ কোটি ২ লাখ টাকা। ২০১০-২০১১ অর্থবছরে অতিরিক্ত রাজস্ব আদায় হয়েছিল ৭৬ কোটি ২৮ লাখ টাকা। এসময় ২ হাজার ২শ’ ৫০ কোটি টাকার লক্ষ্যমাত্রার বিপরীতে রাজস্ব আদায় হয়েছিল ২ হাজার ৩শ’ ২৬ দশমিক ২৮ কোটি টাকা। বেনাপোল কাস্টমস কমিশনার মাসুদ সাদিক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, গত বছরের তুলনায় এবার বেনাপোল বন্দর দিয়ে উচ্চ শুল্কপণ্য মোটরসাইকেল ও কার আমদানি অনেক কমেছে। বেনাপোল কাস্টমস হাউজের যুগ্ম-কমিশনার ফাইজুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এবছর বেনাপোল বন্দর দিয়ে চাল, ডাল, গম, পেয়াজের মতো শুল্কমুক্ত পণ্য বেশি আসায় রাজস্ব আদায়ে প্রভাব পড়েছে।” বেনাপোল ক্লিয়ারিং অ্যান্ড ফরোয়াডিং এজেন্ট অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি সিরাজুল ইসলাম সিরাজ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ভারত থেকে মালামাল আমদানি কমে যাওয়ায় রাজস্ব আদায় কমে গিয়েছে। সিঅ্যান্ডএফ এজেন্ট ‘কপোতাক্ষ এজেন্সি’-এর স্বত্তাধিকারী মশিয়ার রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ডলারের মূল্য বৃদ্ধির কারণে বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানের কাঁচামাল আমদানি কমে যাওয়া, বাইপাস সড়ক চালু না হওয়া, আমদানি করা মালামাল রাখার পর্যাপ্ত জায়গার সংকট, কাস্টমস কর্তৃপক্ষের হয়রানি কারণে রাজস্ব আদায়ে ঘাটতি হয়েছে।” বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এইচএএইচ/এএল/২২৪৬ ঘ.