ঢাকা, জুন ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পদ্মা সেতুতে অর্থায়ন বাতিল করে বিশ্ব ব্যাংকের সিদ্ধান্তের প্রতিক্রিয়া রোববার জানাবেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
দুর্নীতির অভিযোগ তুলে বিশ্ব ব্যাংক শুক্রবার পদ্মা সেতু প্রকল্পে তাদের অর্থায়ন বাতিলের ঘোষণা দেয়। ২৯০ কোটি ডলারের এই প্রকল্পে তাদের ১২০ কোটি ডলার দেওয়ার কথা ছিল।
বিশ্ব ব্যাংকের সিদ্ধান্তের প্রতিক্রিয়া জানতে শনিবার সকালে অর্থমন্ত্রীর মোবাইল ফোনে একাধিকবার কল করা হলেও তিনি ধরেননি।
এক পর্যায়ে ফোন ধরে তার সহকারী (এপিএস) আবু সৈয়দ মোহাম্মদ রাশেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “স্যার আজ (শনিবার) কোনো বক্তব্য দেবেন না। কাল বক্তব্য দেবেন।”
অর্থমন্ত্রী রোববার কোনো সংবাদ সম্মেলন করবেন কি না- জানতে চাইলে রাশেদ বলেন, “তা করলে মন্ত্রণালয়ের তথ্য কর্মকর্তাই আপনাদের (সাংবাদিক) জানাবেন।”
বাংলাদেশের শীর্ষ পর্যায়ের সরকারি কর্মকর্তাদের দুর্নীতির ‘বিশ্বাসযোগ্য’ প্রমাণ মিলেছে দাবি করে বিশ্ব ব্যাংক প্রকল্পে অর্থায়ন বাতিল করেছে। তবে দুর্নীতির অভিযোগ বরাবরই অস্বীকার করে আসছে সরকার।
দুর্নীতির অভিযোগ তুলে বিশ্ব ব্যাংকে গত বছর অর্থায়ন স্থগিত করলে এই প্রকল্প বাস্তবায়নে মালয়শিয়ার সঙ্গে আলোচনা এগোলেও অর্থমন্ত্রী বিশ্ব ব্যাংকের সঙ্গে জটিলতার অবসান ঘটানোর পক্ষপাতি ছিলেন।
গত মে মাসে ম্যানিলায় এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) বার্ষিক সভা থেকে ফিরে অর্থমন্ত্রী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেছিলেন, পদ্মা সেতু প্রকল্প নিয়ে যে জটিলতা তৈরি হয়েছে, তার নিরসন জুনের মধ্যে হবে।
“তারা নিজেরাই পদ্মা সেতুর বিষয়টি নিয়ে সুরাহা করতে রাজি হয়েছে। আমি আশাবাদী, এবার একটা সুরাহা হবে এবং তা আমাদের জন্য ইতিবাচকই হবে,” বলেছিলেন তিনি।
অর্থমন্ত্রীকে জিজ্ঞাসা করুন: মশিউর
বিশ্ব ব্যাংকের সিদ্ধান্তের প্রতিক্রিয়া জানতে প্রধানমন্ত্রীর উপদেষ্টা মশিউর রহমানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এই বিষয়ে অর্থমন্ত্রীর সঙ্গে কথা বলুন।”
বিশ্ব ব্যাংকের তোলা দুর্নীতির অভিযোগের সত্যাসত্য জানতে চাইলে এই প্রকল্পের তদারককারী মশিউর রহমান বলেন, দুর্নীতি দমন কমিশন তদন্ত করছে।
তদন্তাধীন বিষয়ে কথা বলতে অনীহা প্রকাশ করেন উপদেষ্টা।
প্রকল্পের মূল অর্থ যোগানদাতা সংস্থা নিজেদের গুটিয়ে নেওয়ায় অন্য দাতাদের সঙ্গে চুক্তির ভবিষ্যৎ কী হবে- জানতে চাইলে তিনি বলেন, “প্রত্যেকের সঙ্গে তো আলাদা আলাদা চুক্তি হয়েছে। দেখি কী করা যায়।”
বিশ্ব ব্যাংক ছাড়াও পদ্মা সেতু প্রকল্পে অর্থায়ন করছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি), ইসলামী উন্নয়ন ব্যাংক (আইডিবি) ও জাপান।
অর্থনৈতিক সম্পর্ক বিভাগের কর্মকর্তারা বলেছেন, অর্থায়নকারী মূল সংস্থা সরে যাওয়ায় এখন অন্য সংস্থাগুলোর অর্থায়নও হবে না। অন্য তিনটি সংস্থা থেকে টাকা পেতে হলে নতুন করে চুক্তি করতে হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরএইচ/এসএসজেড/এমআই/১১৫০ ঘ.
bdnews24