২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সংসদে বাজেট পাসের প্রক্রিয়া শুরু

জাতীয় সংসদে ২০১২-১৩ অর্থবছরের বাজেট পাসের প্রক্রিয়া শুরু হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jun 2012, 08:21 AM

Updated : 24 Aug 2022, 11:38 AM

ঢাকা, জুন ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জাতীয় সংসদে ২০১২-১৩ অর্থবছরের বাজেট পাসের প্রক্রিয়া শুরু হয়েছে। বিরোধী দল বিএনপির অনুপস্থিতিতেই বেলা ১১টার দিকে ডেপুটি স্পিকার শওকত আলীর সভাপতিত্বে দিনের এ প্রক্রিয়া শুরু হয়। এর আগে বুধবার রপ্তানির ক্ষেত্রে উৎসে কর প্রস্তাবের চেয়ে কমিয়ে এবং মোবাইল ফোনের বিলের ওপর উৎসে কর কাটার প্রস্তাব প্রত্যাহার করে অর্থমন্ত্রী উপস্থাপিত অর্থ বিল জাতীয় সংসদে পাস করা হয়। ২৯ ও ৩০ জুন (শুক্র ও শনিবার) সরকারি ছুটি থাকায় এবার একটু আগেই বাজেট পাস হচ্ছে। সংসদে ৫৬টি মন্ত্রণালয় ও বিভাগ-সম্পর্কিত মঞ্জুরি দাবি উত্থাপিত হয়েছে। এর বিপরীতে ১৫ জন সংসদ সদস্যের বিভিন্ন ধরনের ছাঁটাই প্রস্তাব রয়েছে ৮১১টি। তবে বিরোধী দল অনুপস্থিত থাকায় তাদের আনা ছাঁটাই প্রস্তাবগুলো সংসদে উত্থাপিত হচ্ছে না। শুধু স্বতন্ত্র সংসদ সদস্য ফজলুল আজিমের আনা প্রস্তাবগুলোর মধ্যে আটটির ওপর আলোচনা ও তা কণ্ঠভোটে দেওয়ার সুযোগ দেওয়া হয়েছে। অধিবেশনের শুরুতেই ২০১২-১৩ অর্থবছরের সাধারণ বাজেটে প্রস্তাবিত দায়যুক্ত ব্যয় ছাড়া অন্যান্য ব্যয়-সম্পর্কিত মঞ্জুরি দাবির ওপর ভোট প্রহণ শুরু হয়। পরে অর্থমন্ত্রী ২০১২-১৩ অর্থ বছরের জন্য দুই লাখ ৮৩ হাজার ৫৯৯ কোটি ৬৫ লাখ ৫০ হাজার টাকা চেয়ে ‘নির্দিষ্টকরণ বিল-২০১২’ উত্থাপন করবেন। গত ৭ জুন জাতীয় সংসদে প্রধান বিরোধীদলের অনুপস্থিতিতে এক লাখ ৯১ হাজার ৭৩৮ কোটি টাকার বাজেট পেশ করেন অর্থমন্ত্রী। এতে প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৭ দশমিক ২ শতাংশ। মূল্যস্ফীতি ৭ দশমিক ৫ শতাংশে রাখার আশা করা হয়েছে। ২০১২-১৩ অর্থবছরে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ১ লাখ ৩৯ হাজার ৬৭০ কোটি টাকা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএসজেড/এসইউ/১৪১৩ ঘ.