২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘উৎপাদন মূল্যে বিদ্যুৎ বিক্রি নয় কেন’

অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশে কম দামে বিদ্যুৎ দেওয়া হয় দাবি করে এর দাম উৎপাদন ব্যয়ের সমান করার পক্ষে নিজের মত জানালেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jun 2012, 05:28 PM

Updated : 24 Aug 2022, 11:37 AM

ঢাকা, জুন ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশে কম দামে বিদ্যুৎ দেওয়া হয় দাবি করে এর দাম উৎপাদন ব্যয়ের সমান করার পক্ষে নিজের মত জানালেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সংসদের বুধবার ২০১২-১৩ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর আলোচনায় তিনি বলেন, “যে দামে বিদ্যুৎ উৎপাদন করব, সে দামেই কিনতে হবে। আমরা ভর্তুকি দিয়ে বিদ্যুৎ দিচ্ছি, এটা কেন হবে?” খুচরা বিদ্যুতের দাম ৫৭ শতাংশ বাড়াতে সম্প্রতি নিয়ন্ত্রণ সংস্থা বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) কাছে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) প্রস্তাবের মধ্যে প্রধানমন্ত্রী একথা বললেন। সর্বশেষ গত ২৯ মার্চ বিদ্যুতের পাইকারি ও খুচরা দাম যথাক্রমে প্রতি ইউনিটে গড়ে ২৮ পয়সা এবং ৩০ পয়সা বাড়ানো হয়। যা ১ মার্চ থেকে কার্যকর হয়। এ নিয়ে চলতি বছরেই দুই দফায় পাইকারি ও খুচরা দাম বাড়ে। প্রধানমন্ত্রী বলেন, আন্তর্জাতিক বাজারে ব্যারেল প্রতি তেলের দাম বেড়ে যাওয়ায় বিদ্যুৎ উৎপাদন খরচও বেড়ে গেছে। বর্তমান সরকারের সময়ে প্রতি ব্যারেল তেল মধ্যপ্রাচ্য থেকে ১৩৯ মার্কিন ডলারে কেনা হয়েছে বলে জানান তিনি। বিদ্যুৎ ব্যবহারে সবাইকে সাশ্রয়ী হওয়ার আহবান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, “তিন বছরে ১১ লাখ ২৫ হাজার রেফ্রিজারেটর, ১৯ লাখ এয়ার কন্ডিশন ও এক লাখ ওভেন বিক্রি হয়েছে। এতে বিদ্যুতের ব্যবহার ৪৪০ মেগাওয়াট বেড়েছে।” দেশের ৫৩ শতাংশ মানুষ বিদ্যুৎ সুবিধা পাচ্ছে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, “বিদ্যুতের ব্যবহার ১০ শতাংশ বেড়েছে। আমরা বিদ্যুতের সিস্টেম লস ১১ শতাংশ কমিয়ে এনেছি।” পুরনো সাতটি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র মেরামতের কথা জানিয়ে তিনি বলেন, “এর আগের সরকারগুলো রক্ষণাবেক্ষণের কাজ যদি চালিয়ে যেত, তাহলে এ অবস্থা হত না।” ভাড়াভিত্তিক বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র নিয়ে সমালোচনার জবাবে প্রধানমন্ত্রী বলেন, “গত কয়েকদিন ধরে আলোচনা হচ্ছে- আমরা রেন্টাল পাওয়ার প্ল্যান্ট কেন করেছি? আমরা নাকি সাংঘাতিক সর্বনাশ করে ফেলেছি। আমরা কী সর্বনাশ করলাম? “কিছু লোক আছে- যাদের কোনো কিছুই ভালো লাগে না। আওয়ামী লীগ কিছু করলে তারা ত্যাড়া চোখে দেখে। এই পদ্ধতি ছাড়া আর কী উপায় ছিল বিদ্যুৎ উৎপাদন বাড়াতে ?” প্রধানমন্ত্রী বলেন, “আমরা বিদ্যুৎ উৎপাদন বাড়াতে সক্ষম হয়েছি। এই বিদ্যুৎ শিল্প-কারখানায় গেছে। উৎপাদন বেড়েছে। ৪১ শতাংশ রপ্তানি বেড়েছে।” এক কোটি ৩০ লাখ মানুষকে নতুন করে বিদ্যুতের আওতায় আনা হয়েছে বলে জানান তিনি। বিশ্ব অর্থনৈতিক মন্দার মধ্যেও প্রবৃদ্ধির উচ্চহার ধরে রাখার কথা তুলে ধরে শেখ হাসিনা বলেন, “গত অর্থবছরে ৬ দশমিক ৭ শতাংশ প্রবৃদ্ধি অর্জন করেছি। এবার প্রবৃদ্ধি ৭ শতাংশের কাছাকাছি অর্জনে সক্ষম হব। আমি বিশ্বাস করি, এই প্রবৃদ্ধি অর্জন করতে পারব।” বিরোধীদলী খালেদা জিয়ার সমালোচনা করে শেখ হাসিনা বলেন, “উনি সংসদে আসেন নাই। উনি পাঁচ তারা হেটেলে তার ভাবনা প্রকাশ করেছেন। ভাবনা যতটা না ছিল, তার চেয়ে বেশি ক্ষমতা হারানোর বেদনা ছিল।” বাজেট ঘাটতির সমালোচনার জবাবও দেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, “জ্ঞানী, গুণী ও উচ্চমার্গের লোকরা তত্ত্বাবধায়ক সরকারের সময়ে দেশ পরিচালনা করেছেন। তখন বাজেট ঘাটতি ছিল ৫ দশমিক ২৮ শতাংশ। এটা নতুন কিছু নয়। বাজেট ঘাটতি থাকেই। বিশ্ব মন্দায় ৫ ভাগ বাজেট ঘাটতি বড় ব্যাপার নয়।” এই প্রসঙ্গে যুক্তরাষ্ট্রে ৮ দশমিক ৯ ভাগ বাজেট ঘাটতির তথ্যও তুলে ধরেন প্রধানমন্ত্রী। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এএইচ/এমআই/২৩২৪ ঘ.