ঢাকা, জুন ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ‘ঋণ খেলাপি’র নতুন নিয়ম প্রত্যাহারের দাবি জানিয়েছে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই।
মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ দাবি জানায় সংগঠনটি।
একটি প্রজ্ঞাপনের মাধ্যমে গত ১৪ জুন বাংলাদেশ ব্যাংক বিশেষ নিয়ন্ত্রণ আরোপ করে ঋণ শ্রেণী বিন্যাস, ঋণ পুনঃসূুিচকরণ এবং ডাউন পেমেন্ট সংক্রান্ত নতুন নিয়ম প্রবর্তন করেছে- উল্লেখ করে বিজ্ঞপ্তিতে বলা হয়, তাতে দেশের রপ্তানিসহ যে কোনো ব্যবসা-বাণিজ্য সচল রাখা সম্ভব হবে না।
ওই প্রজ্ঞাপনের আওতায় ‘কনটিনিউয়াস’ ও ‘ডিমান্ড লোন’ শ্রেণীকরণের ক্যাটাগরির- যেমন এসএস, ডিএফ ও বিএল- প্রতিটি ক্ষেত্রে শ্রেণীকরণের সময়সীমা ছয় মাস, নয় মাস ও ১২ মাস থেকে প্রতি ক্ষেত্রে তিন মাস করে কমানো হয়েছে।
একইভাবে ৫ বৎসর ও ৫ বৎসরের ঊর্ধ্বসীমার টার্ম লোন এসএস, ডিএফ ও বিএল হিসেবে শ্রেণীকরণের সময়সীমা একই ক্যাটাগরির আওতায় এনে যথাক্রমে ৩ মাস, ৬ মাস ও ৯ মাস নির্ধারণ করা হয় ওই প্রজ্ঞাপনের মাধ্যমে।
বর্তমানে ৫ বৎসর মেয়াদি টার্ম লোনের ক্ষেত্রে এ সময়সীমা যথাক্রমে ৬ মাস, ১২ মাস ও ১৮ মাস; ৫ বৎসরের ঊর্ধ্বমেয়াদি টার্ম লোনের ক্ষেত্রে সময়সীমা যথাক্রমে ১২ মাস, ১৮ মাস ও ২৪ মাস নির্ধারিত আছে।
এফবিসিসিআই’র বিজ্ঞপ্তিতে বলা হয়, ইউরো জোনসহ উন্নত দেশগুলোর ভয়াবহ ঋণ সঙ্কটের কারণে চরম অর্থনৈতিক মন্দায় আক্রান্ত হওয়ায় এ সব দেশে বাংলাদেশের রপ্তানির পরিমাণ ক্রমাগত কমছে।
“ফলে রপ্তানিমুখী শিল্প খাতগুলি সঙ্কটাপন্ন হয়ে পড়ছে। অন্যদিকে তীব্র জ্বালানি সঙ্কট, কঠোর মুদ্রা সঙ্কোচন নীতি, ব্যাংক ব্যবস্থা থেকে সরকারের অতিমাত্রায় ঋণ গ্রহণজনিত তারল্য সঙ্কট এবং ব্যাংক সুদের উচ্চ হার দেশের সমগ্র বিনিয়োগ ব্যবস্থাকে সঙ্কটে নিপতিত করেছে।”
এফবিসিসিআই বলেছে, সঙ্কুচিত মুদ্রানীতির কারণে একদিকে যেমন নতুন শিল্পায়ন বা বিনিয়োগ হচ্ছে না, অন্যদিকে জ্বালানির অপর্যাপ্ততার কারণে বিদ্যমান সক্ষমতা অনুযায়ী উৎপাদনশীল খাত সচল রাখা সম্ভব হচ্ছে না। এতে কর্মসংস্থান সৃষ্টি না হওয়ায় বেকারত্ব বাড়ছে।
“এ অবস্থায় বিদ্যমান মুদ্রা সংকোচন নীতির সঙ্গে সঙ্গে নতুনভাবে বিশেষ নিয়ন্ত্রণ আরোপ করে বাংলাদেশ ব্যাংক ঘোষিত ঋণ শ্রেণীকরণ, পুনঃসূচিকরণ ও ডাউন পেমেন্ট সংক্রান্ত সার্কুলারের কারণে রপ্তানিমুখী শিল্পসহ সব শিল্প ও ব্যবসা-বাণিজ্য স্থবির হয়ে পড়বে এবং দেশের অর্থনীতিতে বিরূপ প্রভাব পড়বে,” আশঙ্কা এফবিসিসিআইয়ের।
এ অবস্থায় বর্তমান আন্তর্জাতিক প্রেক্ষাপট ও দেশের অর্থনৈতিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে কেন্দ্রীয় ব্যাংকের নতুন প্রজ্ঞাপন দুটি প্রত্যাহার করে আগের প্রজ্ঞাপন বহাল রাখার দাবি জানিয়েছে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠনটি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরএইচ/এমআই/২২৩০ ঘ.
bdnews24