২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিশ্ব ব্যাংকের সমালোচনায় মতিয়া চৌধুরী

বিদ্যুৎ খাতে ভর্তুকি না দেওয়াসহ বিভিন্ন বিষয়ে বিশ্ব ব্যাংকের পরামর্শের কঠোর সমালোচনা করেছেন কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jun 2012, 02:09 PM

Updated : 24 Aug 2022, 11:36 AM

ঢাকা, জুন ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিদ্যুৎ খাতে ভর্তুকি না দেওয়াসহ বিভিন্ন বিষয়ে বিশ্ব ব্যাংকের পরামর্শের কঠোর সমালোচনা করেছেন কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী। জাতীয় সংসদের সোমবারের অধিবেশনে ২০১২-১৩ অর্থ বছরের প্রস্তাবিত বাজেটের ওপর আলোচনায় মন্ত্রী বলেন, “বিশ্ব ব্যাংক বলেছে- বিদ্যুতে ভর্তুকি না দিতে। তারা বলছে, এই ভর্তুকির সুবিধা ধনীরা পায়, গরিবরা পায় না। এই ভর্তুকির টাকায় এসি চলে, ফ্রিজ চলে, বিদ্যুৎ শিল্পে ব্যবহার হয়। এতে নাকি গরিবের কোনো লাভ হয় না। বিশ্ব ব্যাংক কী জানে না- ধনী যে শিল্প কলকারখানা চালায় গরিবরা সেখানে কাজ করে।” দুর্নীতির অভিযোগে বিশ্বব্যাংক অর্থায়ন স্থগিত করলেও পদ্মা সেতু নির্মাণে সরকারের অবস্থান বদলাবে না বলে জানান তিনি। মতিয়া বলেন, “পদ্মা সেতু নির্মাণে আমরা বদ্ধ পুরিকর। পদ্মা সেতু নির্মাণ দেশবাসীর আশা, আমাদের নির্বাচনী অঙ্গীকার। কারো চোখ রাঙ্গানীতে আমরা পিছপা হবো না।” বাংলাদেশের প্রথম অর্থমন্ত্রী তাজউদ্দিন আহমেদের কথা উদ্ধৃত করে বলেন, “তাজউদ্দিন ভাই বলতেন, ‘হাসে ডিম পাড়ে, গুই সাপ না না করে। আসলে ডিম খাওয়ার কুয়ারা করে’। বিশ্ব ব্যাংক এখন কুয়ারা করছে।” ক্ষমতায় গেলে বর্তমান সরকারের সব কাজ বাতিল করে দেওয়া হবে বলে খালেদা জিয়া যে বক্তব্য দিয়েছেন- এর জবাবে সাবেক এই বাম নেত্রী বলেন, “কৃষক ভাইয়েরা সাবধান। এরা ক্ষমতায় আসলে, আপনাদের ১০ টাকার অ্যাকাউন্ট বাতিল করে দেবে।” বর্তমান সরকার তৈরি পোশাক শিল্পের শ্রমিকদের জন্য ন্যূনতম মজুরী তিন হাজার টাকা করেছে জানিয়ে মতিয়া বলেন, “এরা (বিএনপি) তা বাতিল করবে। শ্রমিক ভাইয়েরা শোনেন, আপনাদের মানবেতর জীবনযাপন করতে হবে।” বিএনপি ক্ষমতায় গেলে বিনামূল্যে বই দেওয়াও বন্ধ করে দেবে বলেও মন্তব্য করেন তিনি। মতিয়া চৌধুরী বলেন, “তারা এসে বই দেওয়া বন্ধ করে দেবে। ছাত্র-ছাত্রীরা তোমারা ওই মূর্খ মহিলার হাত থেকে বই পাবে না।” ‘এমপিদের সঙ্গে কথা বলেই পলিসি’ এদিকে বাজেট প্রণয়ন প্রক্রিয়ার সমালোচনা করে আওয়ামী লীগের সাংসদ ও সাবেক আইনমন্ত্রী আব্দুল মতিন খসরু বলেন, “বাজেট আলোচনায় এত কথা আমরা বলি, কিন্তু কে শোনে কার কথা। কোথায় অর্থমন্ত্রণালয়ের লোকজন? কে শুনছে আমাদের কথা? কোথায় আমরা বাজেট তৈরি করি।” স্পিকারকে উদ্দেশ করে তিনি আরো বলেন, “এখানে অর্থমন্ত্রী নেই। কাউকে না কাউকে থাকতে হবে। এ বিষয়ে কিছু একটা করতে হবে। প্রয়োজনে আপনি নোট পাঠান।” সরকারি ব্যয় সংক্রান্ত ২০০৯ সালের আইন সংশোধনেরও দাবি জানান এই সাবেক আইনমন্ত্রী। তিনি বলেন, “বাজেটের প্রণয়নের আগে এমপিদের সঙ্গে কথা বলতে হবে। এমপিরাই জনগণের মতের প্রতিনিধিত্ব করেন। এমপিদের সাথে কথা বলেই পলিসি ঠিক করতে হবে। আমরা ভারতের মতো করতে পারি। বাজেট দেওয়ার পরে স্থায়ী কমিটিতে তা নিয়ে আলোচনা করে আবার সংশোধন করা যেতে পারে।” বিডিনিউজ টোয়েনিএফার ডটকম/এসইউএম/এএল/২০০৪ ঘ.